শুভাশিস সিনহা ছাইচাপা আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা-পাতলা শরীরের এই লাজুক তরুণকে দেখলে আপনার কখনোই মনে হবে না ওর ভেতরে কী আগুন লুকিয়ে আছে। ওর উদ্ভাবনী শক্তি দিয়ে, মেধা দিয়ে ও মঞ্চে মায়াজাল সৃষ্টি করে, কিন্তু নিজেকে লুকিয়ে রাখে আড়ালে। শুভাশিসের নির্দেশিত কোনো নাটক দেখে দর্শকেরা যখন মুগ্ধ হয়ে নির্দেশককে খোঁজেন, তখন আড়াল থেকে ভাবলেশহীন মুখ নিয়ে বেরিয়ে আসে ও। অবনত মস্তকে দর্শকের প্রশংসা শোনে, কিন্তু একেবারেই উদ্বেলিত হয় না; বরং পরিচিতজনকে জিজ্ঞেস করে, প্রযোজনাটির কী কী ত্রুটি আছে। কীভাবে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা যায়। এই হচ্ছে শুভাশিস। সত্যিকার অর্থে গুণী, নিরহংকার ও প্রচারবিমুখ।চার-পাঁচ বছর আগে একবার শুভাশিসদের মণিপুরী থিয়েটারের আমন্ত্রণে আমি নববর্ষের বিষু উৎসবে মণিপুরি-অধ্যুষিত কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে গিয়েছিলাম। পাকা সড়ক থেকে নেমে ধানখেতের মাঝ দিয়ে শুভাশিসদের বাড়ি পৌঁছালাম। সম্পন্ন গৃহস্থ বাড়ি। ওর বাবা লালমোহন সিংহ অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা ফাজাতন্বী সিন্হা গৃহিণী। শুভাশিসদের সব কর্মকাণ্ডে ওর মা-বাবার অকুণ্ঠ সমর্থন দেখে খুব ভালো লাগল। শুভাশিসদের বাবা তাঁর একখণ্ড জমি মণিপুরী থিয়েটারকে দান করেছেন। সেখানে ওরা নাটমণ্ডপ বানিয়েছে। ওখানেই মহড়া দেয়, প্রদর্শনী করে। প্রদর্শনীর সময় সামনের খোলা মাঠে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়। আমি যেবার গিয়েছিলাম, সেবার অনুষ্ঠানের মাঝপথে ঝড়-বৃষ্টি এসে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। তাতে ওদের কী মন খারাপ!শুভাশিসের জন্ম কমলগঞ্জে, ১৯৭৮ সালে। দুই ভাই এক বোনের মধ্যে শুভাশিস সবচেয়ে ছোট। বড় ভাই চিকিৎসক ও মণিপুরী থিয়েটারের কর্মী। বড় বোন কলেজের প্রভাষক এবং দলের প্রধান নেপথ্য সংগীতশিল্পী। শুভাশিস সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। ২০০৪ সালে ওখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে।নাটকের জগতে ঢোকার আগেই শুভাশিস কবিতা লেখা শুরু করে। মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও বাংলা—দুই ভাষাতেই লেখালেখি করে শুভাশিস। এ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় কবিতার বই বেরিয়েছে তিনটি—ছেয়াঠইগির যাদু, নুয়া করে চিনুরি মেয়েক ও সেনাতন্বীর আমুনিগৎত সেম্পাকহান পরিল অদিন। আর বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে চারটি—১০টি দীর্ঘশ্বাস, ডেকেছিলাম জল, বেলা দ্বিপ্রহর ও হওয়া না-হওয়ার গান। মণিপুরি ভাষায় একটি গল্পগ্রন্থ এবং বাংলায় একটি নাটক, একটি উপন্যাসও রয়েছে। দুই খণ্ডে মণিপুরি সাহিত্য সংগ্রহ অনুবাদ ও সম্পাদনা করেছে। সম্পাদনা করে চলেছে মণিপুরী থিয়েটারের পত্রিকা ও রৌদ্রজলের পঙিক্তমালা।১৯৯৬ সালে শুভাশিস তার বন্ধুদের নিয়ে ওদের গ্রামে গড়ে তোলে আধুনিক নাট্যগোষ্ঠী, যা পরে নাম বদলে এখন হয়েছে মণিপুরী থিয়েটার। এ দলের ২৭টি নাটকের প্রায় সব কটিরই নির্দেশক সুভাশিস। এর মধ্যে কয়েকটি ওর নিজেরই লেখা। শুভাশিস বিশ্বাস করে, মণিপুরিদের নাট্যাঙ্গিকে সমৃদ্ধ যেসব পালা, রাস এবং অন্যান্য ফর্ম রয়েছে, সেগুলো কাজে না লাগিয়ে ওরা শিল্পের যে জায়গায় পৌঁছাতে চেষ্টা করছে, সেখানে পৌঁছানো সম্ভব নয়। ওর স্বপ্ন কেবল নৃত্য নয়, নাটকের মধ্য দিয়েও মণিপুরি সংস্কৃতি দেশে-বিদেশে খ্যাতি অর্জন করবে।সম্প্রতি শুভাশিসের নির্দেশনায় মণিপুরী থিয়েটারের দুটি প্রযোজনা—কহে বীরাঙ্গনা ও দেবতার গ্রাস ঢাকায় একাধিকবার মঞ্চস্থ হয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কহে বীরাঙ্গনায় ওর দলের প্রধান অভিনেত্রী জ্যোতি সিনহার একক অভিনয় সবাইকে চমকে দিয়েছে। কী ওর অভিনয়ের জোর! শুভাশিসের ডাক নাম সমীর। ওর সম্পর্কে জ্যোতির মূল্যায়ন, ‘সমীরদার ডিরেকশনে কিছু বিষয়ের প্রাধান্য বরাবরই পায় তা হলো, পুরো নাটকের ডিজাইনের চাইতে অ্যাকটিং-ডিজাইনকে তিনি গুরুত্ব দেন, একজন অভিনেতার সর্বোত্তম জায়গাটিকে তিনি বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এ ছাড়া ডায়লগের দিকেও তাঁর প্রচণ্ড মনোযোগ থাকে। নিজে লেখক হওয়ায় তাঁর জন্য এটি সুবিধা হয়েছে। এমন একটি ডায়লগও তিনি রাখতে চান না, যা অর্থহীন বা অপ্রয়োজনীয়। পরিমিতি বোধের ছাপ সবখানেই পাওয়া যায়।...থিয়েটার তাঁর জীবনের সঙ্গে এতটাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে কোনটা তাঁর থিয়েটার-জীবন আর কোনটা তাঁর ব্যক্তিগত জীবন—তার পার্থক্য করার কোনো উপায় নেই। আর সঙ্গী হিসেবে রয়ে গেছে আজীবনের দোসর কবিতা। কবিতা ও থিয়েটার ছাড়া তিনি অন্য কোনো চিন্তাভাবনা করেন না। মনপ্রাণ সঁপে দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আর আমাদের শেখান, “বাহবা পাওয়ার জন্য কখনোই কোনো কাজ করা উচিত নয়, কেবল নিজের আনন্দেই কর্ম করে যাও। যে কাজটি তোমাকে আনন্দ দেবে, সেই কাজটি দর্শকদেরও আনন্দ দেবে, কারণ তুমি নিজেই তোমার চরিত্রের একজন দর্শক।” সমীরদাকে তাই আমরা কখনোই শুধু থিয়েটার-পাঠের পথপ্রদর্শক হিসেবে দেখি না, দেখি জীবন-পাঠের একজন উত্তম পথপ্রদর্শক হিসেবেও।’শুভাশিসের বড় গুণ তার সমবয়সী অনেককে ও অনুপ্রাণিত করতে পেরেছে। নিজের গ্রামে থেকে প্রধানত নিজের সম্প্রদায়ের মানুষের জন্য নাট্যচর্চায় এমন নিবেদিত থাকার দৃষ্টান্ত আমরা কমই পাব। শুভাশিসের প্রতিভার স্বীকৃতিও মিলেছে। বাংলাদেশ ও ভারতের মণিপুরি সম্প্রদায়ের কয়েকটি পুরস্কার ছাড়াও ও লাভ করেছে থিয়েটার প্রবর্তিত মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক ও নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক।সর্বশেষ আনন্দ সংবাদ: এ বছর শুভাশিস কালি ও কলম প্রবর্তিত কবিতায় তরুণ লেখক পুরস্কার পেয়েছে। অভিনন্দন শুভাশিস! আরও অনেক সম্মান তোমার জন্য অপেক্ষা করছে আগামী দিনের চলার পথে। তোমার সৃষ্টিশীলতায় বাংলাদেশের নাটকের মুখ আরও উজ্জ্বল হয়ে উঠুক।