শুভ্র নদ-কৃষ্ণ নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেইড ড্রাগন স্নো মাউন্টেন দেখা শেষ হয়েছে। বেলা মাত্র সাড়ে ১২টা। সারা দিন ফাঁকা।পরিবেশটাও বেশ মন ভালো করার মতো। আমাদের শরৎকালে যেমন নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি। এখানেও তা-ই। তার সঙ্গে যোগ হয়েছে দিগন্তবরাবর পাহাড়ের সারি।আমাদের বয়ে বেড়ানো গাড়িটি হঠাৎ করে একটা লোকালয়হীন নীরব বাজারের মতো জায়গায় এসে দাঁড়াল। বলা হলো নেমে যেতে। এখানে আমাদের দুপুরের আহার হবে।দূরে জেইড ড্রাগন তুষার পর্বতের বরফি সাদা পটভূমিকে পেছনে রেখে এখানে সারি সারি কতগুলো ঘর বানানো হয়েছে। ঘরগুলো খুব বেশি দিনের পুরোনো নয়, নতুনই। এই ঘরগুলো কি বসবাসের, না দোকানপাটের জন্য বোঝা মুশকিল। লোকজন নেই বললেই চলে। আছে বিশাল একটা পার্কিং লট, ওখানে আরও ছয়-সাতটি গাড়ি রাখা।একটা রেস্টুরেন্টের দিকে যাওয়ার নির্দেশনা দিয়ে প্রায় সবাই চলে গেলেন। আমি আরেকটু দেখার জন্য একটা দোকানের ভেতরে ঢুকে পড়ি। এটা দোকান, না ফার্মেসি সেটাও বুঝতে পারি না। যেসব সওদা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে, তার প্রায় সবই গাছগাছালির ছাল-বাকল, কোনোটি বা গাছের মূল। সব জায়গায়ই জিনিসের নাম লেখা, দাম লেখা। কিন্তু চৈনিক ভাষা কেউ না জানলে তার জন্য ওই জিনিসগুলো শুধু চোখে দেখাই সার।আমরা যে রেস্টুরেন্টটিতে খেতে বসেছি তার নাম ‘বাই সুই’ রেস্টুরেন্ট। ইংরেজি হরফে এই একটি মাত্র নাম এখানে লেখা। রেস্টুরেন্টটির ডিজাইন চমৎকার। এখানে কাঠ আর বাঁশ ছাড়া আর কোনো নির্মাণসামগ্রী চোখে দেখা যায় না। ছাদের ওপর টালি আছে, তার তলাটুকু কাঠের তক্তা দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। পিলারজাতীয় কিছু যদি ইট বা কংক্রিট দিয়ে করেও থাকে, তা বোঝার কোনো সুযোগ নেই। চারদিক কাঠের ফালি দিয়ে মোড়ানো। যেমন আছে ফ্লোর, চেয়ার, টেবিলেও।যেহেতু এটা একটা জংলি এলাকা, পাহাড়-পর্বতে ঢাকা, সুতরাং পাহাড়ে অবারিতভাবে বেড়ে ওঠা গাছপালা দিয়ে ঘরবাড়ি বানানো হবে, এটাই স্বাভাবিক।আমি এর বাইরেরটুকু দেখার জন্য পেছন দিকে বেরিয়ে যাই এবং চমকিত হয়ে আবার ফেরত আসি। সঙ্গী জুংকে বলি, আমরা ভেতরের ঘরে খাব না, বাইরে বসব। ওখানে ব্যবস্থা আছে।বাইরে এসে তো চোখ ছানাবড়া। যে জায়গায় আমাদের রেস্টুরেন্ট, এটা আসলে একটা নদীর ওপরে। নদীতে পানি নেই, পাথরের নুড়ি আছে মাত্র। সামনে একটু দূরেই একটা জলপ্রপাতের মতো। ওখান থেকে সাদা রঙের পানি পড়ছে। পানি পড়ে পড়েই পাথরের ওপর যে পরিমাণ আছাড় খাচ্ছে, তাতে সূর্যের আলো পড়ে একে ঝলসানো রুপার ফুলকির মতো মনে হলো।হঠাৎ করে এ জায়গার সঙ্গে কিঞ্চিৎ মিল আবিষ্কার করলাম আমাদের জাফলংয়ের। জাফলংয়ে এ রকম একটা নদী আছে, পাথর আছে, পাহাড় আছে। এখানেও তা-ই। তফাত হচ্ছে, জাফলংয়ের পাথর তুলে নিয়ে যাওয়া হয়। এ জন্য হাজার হাজার শ্রমিক ওখানে কাজ করেন। পর্যটক আর পাথরশ্রমিকেরা মিলেমিশে একাকার। এখানেও পাথর আছে, কিন্তু নেওয়ার লোক নেই। সবাই শুধু এর সৌন্দর্যটুকু দেখবেন বলেই এসেছেন। খেতে খেতে কথা হয় জুংয়ের সঙ্গে। জুং বলেন, জায়গাটির নাম ‘বাই সুই’। বাই সুই মানে হচ্ছে সাদা নদী। এখানে সামনে যে নদীটি আছে, তার পানি কখনোই তার রং বদলায় না। এ জন্য একে ‘সাদা জলের নদী’ বলা হয়। এ নদীর আরেকটি প্রান্ত আছে চার কিলোমিটার দূরে। ওখানে নদীর জলের রং কালো। কয়লার মতো কালো কালো শিলাখণ্ডের ওপর পানি পড়ে বলে পানির রং কালোই দেখায়। এই ‘হোয়াইট ওয়াটার রিভার’ আর ‘ব্ল্যাক ওয়াটার রিভার’ আবার এক জায়গায় এসে একত্র হয়েছে।আমি বললাম, বাংলাদেশ কিন্তু নদীর দেশ। এ দেশে নদীগুলোর অনেক সুন্দর সুন্দর নাম হয়। জুং নদীর নাম জানতে চাইল।আমি বলি, আর সে মুখের দিকে তাকায়, কিছুই বোঝে না।আমি তাকে বলি, তোমাদের এই ‘বাই সুই’ যদি চীনে না হয়ে বাংলাদেশে হতো, এর নাম হতো ‘শুভ্র নদ’। আর কালো পানির নদীর নাম হতো ‘কৃষ্ণ নদ’। শুভ্র নদ আর কৃষ্ণ নদ গিয়ে মিশত এক মোহনায়। সেখানে দুই ধরনের পানির রং দেখা যেত। আমাদের ওখানে পদ্মা আর যমুনায় যেমন দেখা যায়। জুংয়ের সঙ্গে গল্প করার সময় কায়েস ভাই ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছেন।হারুন ভাই অস্থির হয়ে যান। ওখানে একটা ড্রাগনের ঝরনা আছে, সেটা দেখার জন্য। ড্রাগনের ঝরনার কাছেই নাশিদের একটা গ্রাম। সেখানেও যেতে হবে। সন্ধ্যা হয়ে গেলে ছবি তোলা যাবে না। সন্ধ্যার আগে আগে আমাদের কত কাজ বাকি!