শুভ্রতায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সময়ে িস্নগ্ধতা আসে সাদাতেই। ছবি: নকশা
এই সময়ে িস্নগ্ধতা আসে সাদাতেই। ছবি: নকশা

সাদা রঙের পোশাক, গরমের জন্য আদর্শ। চোখ, মন—দুটোর জন্যই শান্তি। তবে সাদা রং সহজেই ময়লা হয়ে যায়। হলদেটে ভাব চলে আসে। সাদা রঙের সৌন্দর্য ততক্ষণ অটুট, যতক্ষণ তা রংটাকে ধরে রাখতে পারে। শুভ্র সাদা পোশাকের যত্নআত্তি একটু বেশিই দরকার।
রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের বিভাগীয় প্রধান সোনিয়া বেগম জানান, গরমের দিনে সাদা বা হালকা রঙের সুতি, লিনেন, রেয়নের মতো মসৃণ কাপড়ের পোশাক পরাই ভালো। এতে করে শরীর ঠান্ডা এবং পরিবেশে স্নিগ্ধ ভাব বজায় থাকে। তবে এ ধরনের পোশাকের যত্নে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। প্রথমত, সাদা পোশাক ধোয়ার আগে অন্যান্য পোশাক থেকে আলাদা করে নিতে হবে।
বেশি ময়লা ও কম ময়লা পোশাকগুলো আলাদা করতে হয়। ফুটন্ত গরম পানিতে পোশাক না ধোয়াই ভালো। এতে কাপড়ের চমক নষ্ট হয়ে যায়। আপনার সাদা পোশাকটি ধোয়ার আগে ওয়াশিং মেশিন বা কাপড় ধোয়ার পাত্রটি পরিষ্কার করে নিন।
কয়েক দিন ব্যবহারের পর সাদা পোশাকে হলদে ভাব এসে যায়। এটি দূর করতে কাপড় ধোয়ার সময় একটু সাদা ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। সাদা পোশাকটি কড়া রোদে শুকালে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রাকৃতিকভাবে সাদার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
অনেকে সাদা কাপড়ে নীল ব্যবহার করেন। এ ক্ষেত্রে পরিমাণমতো গুঁড়া বা তরল নীল ব্যবহার করতে হবে। কেননা নীলচে ছোপ বা নীলচে ভাব ধরা পোশাক খুব দৃষ্টিকটু।
সাদা পোশাক ইস্তিরি করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত তাপে ইস্তিরি করলে লালচে দাগ পড়ার আশঙ্কা থাকে। কোনো কাপড়ে দাগ থাকা অবস্থায় ইস্তিরি করা উচিত নয়, এতে দাগটি স্থায়ী হয়ে যায়।
আপনার শখের সাদা পোশাকটিতে যদি কোনো দাগ পড়েই যায় তাহলে দাগের জায়গায় বেকিং সোডার পানি দিয়ে পেস্ট করে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
একটু বাড়তি যত্ন আর সাবধানতা অবলম্বন করে কাপড়ের ধরন বুঝে (সুতি, লিনেন, সিল্ক) ব্যবহার করলে এই গরমে আপনার সাদা পোশাকটি থাকবে একেবারে শ্বেত শুভ্র।