শুভ্রার আবেগী কণ্ঠে নজরুলের রাক্ষুসী
কাজী নজরুল ইসলামের রাক্ষুসী গল্পের পাঠ অভিনয় হলো বৃহস্পতিবার সন্ধ্যায় বিশদ বাংলার পরম্পরা কক্ষে। অভিনেত্রী শুভ্রা বিশ্বাস তাঁর একক অভিনয় দিয়ে পুরো গল্পের পটভূমিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। নজরুলের বিখ্যাত এ গল্পটির পটভূমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হলেও এতে পুরুষশাসিত সমাজে নারীর চিরকালীন নিগ্রহের কথাই ফুটে উঠেছে। শুভ্রা আবেগমথিত কণ্ঠে ‘বিন্দি’ চরিত্রটি এমনভাবে ফুটিয়ে তুলেছেন, মনে হচ্ছিল যেন এটি কোনো গল্পের কাহিনি নয়, বাংলার কোনো গ্রাম থেকে সদ্য শহরে আসা এক নিপীড়িত মহিলা তার জীবনের করুণ ঘটনার বিবরণ দিচ্ছেন শহরের মানুষের কাছে। বিন্দির সুখের সংসার ছিল, স্বপ্ন ছিল, শান্তি ছিল। কিন্তু স্বামীর ব্যভিচারের কারণে ধীরে ধীরে তার জীবনে নেমে আসে বিপর্যয়। শান্ত গৃহবধূ বিন্দির জীবন অশান্ত হয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদী। কিন্তু তার এই প্রতিবাদ সহ্য করতে পারেনি সমাজ। স্বামী-হত্যার অভিযোগে তার কারাদণ্ড হয়। বহু বছর কারাভোগের পর ঔপনিবেশিক শাসনের শেষে ক্ষমতার হাতবদলের একপর্যায়ে তার মুক্তি ঘটলেও যন্ত্রণা থেকে মুক্তি পায়নি বিন্দি।তার পরিচয় হয় রাক্ষুসী রূপে। পাঠ অভিনয়ে নানা সীমাবদ্ধতা থাকলেও শুভ্রা চরিত্রটির মনের আবেগ, কষ্ট, স্বপ্নকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলে মন্তব্য করেছেন উপস্থিত শ্রোতা-দর্শকেরা। শুভ্রা বিশ্বাস বললেন, ‘আমাদের চট্টগ্রামের নাট্যাঙ্গনে নজরুলের ওপর তেমন কোনো কাজ হয়নি। অথচ বর্তমান সমাজের বাস্তবতায় নজরুলের অনেক সাহিত্যকর্ম এখনো প্রাসঙ্গিক। তাই আমি নজরুলের এই গল্পটি বেছে নিয়েছি। যে পশ্চাৎপদ সমাজের গল্প নজরুল এখানে তুলে ধরেছেন, সেই সমাজ মানসিকতার দিক থেকে এখনো আছে।’ লেখিকা ফেরদৌস আরা আলীম শুভ্রার অভিনয় সম্পর্কে বলেন, ‘শুভ্রা যে একজন শক্তিমান অভিনয়শিল্পী তা আজ আবার প্রমাণ করল। পাঠ অভিনয়ের সময় শুধু কণ্ঠ ব্যবহার করে গল্পের পরিবেশটাকে তিনি চিত্রিত করেছেন। কোনো মঞ্চ ব্যবহার না করে একই সমতলে থেকে শুধু পাঠের মাধ্যমে একটা চরিত্রের গভীরতাকে প্রকাশ করা সত্যিই কঠিন কাজ।’ ফেরদৌস আরা আলীমসহ উপস্থিত দর্শক-শ্রোতারা বললেন, শুভ্রার এই কাজটি আরও বড় আকারে দেশের বিভিন্ন প্রান্তে করার জন্য নজরুল ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে পারে।