
স্ত্রীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি দিয়ে শুরু, শেষ হলো ‘স্ত্রীর পত্র’ দিয়ে। মাঝে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের কবিতা ও রচনা থেকে পাঠ—সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি আবৃত্তিসন্ধ্যা উপহার দিলেন আবৃত্তিশিল্পী শুভ্রা বিশ্বাস।
চিঠি, কবিতা, নাটক ও ছোটগল্প থেকে পাঠ করে শুভ্রা যেন বিচিত্র রবীন্দ্রপ্রতিভার সমগ্রতাকে ছুঁয়ে গেলেন। একই সঙ্গে দর্শককে নতুন করে আবিষ্কারেরও সুযোগ দিলেন। তবে পরিবেশনার বেশির ভাগ অংশ জুড়ে শুভ্রা রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলোর ভেতরেই থেকেছেন। কখনো মৃণালিনী, কখনো কুন্তি আবার কখনো লাবণ্য হয়ে নারীর হৃদয়ও উন্মোচন করতে চেয়েছেন।
নগরের চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক কেন্দ্র হাটখোলার আয়োজন করে ‘শুধু রবীন্দ্রনাথ’ শিরোনামের এই আসরের। হাটখোলার পরিচালক ইউসুফ মুহাম্মদের সঞ্চালনায় আসরে অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আসরের শুরুতে রবীন্দ্রনাথের চিঠি থেকে পাঠ করেন শুভ্রা বিশ্বাস। শিল্পীর দ্বিতীয় পরিবেশনা ছিল ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। তাঁর শ্রুতিমধুর কণ্ঠে আবৃত্তিটি সবার মন ছুঁয়ে যায়। এরপর শিল্পী ‘কর্ণ-কুন্তী-সংবাদ’ থেকে পাঠ করেন। মহাভারতের ট্র্যাজিক চরিত্র ‘সূত পুত্র’ কর্ণ ছিলেন কুরু সেনাপতি। পাণ্ডব ভাইদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ তিনি। কিন্তু ভ্রাতৃঘাতী এই লড়াই মা কুন্তির কাছে অর্থহীন এক বেদনার অধ্যায়। অর্জুনের জন্য যেমন, তেমনি কর্ণের জন্যও তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে।
এরপরের পরিবেশনা ছিল ‘বাঁশিওয়ালা’। বাঁশিওয়ালার পর তিনি রক্তকরবী নাটক থেকে পাঠ করেন। নাটকের নন্দিনী চরিত্রটি তাঁর কণ্ঠে নতুন করে প্রাণ পেল। ভালো লেগেছে শেষের কবিতা থেকে পাঠও। শুভ্রার শেষ পরিবেশনা ছিল ‘স্ত্রীর পত্র’ থেকে পাঠ। নান্দনিক এই আসরে আক্ষরিক অর্থেই দর্শকের মন জয় করেছেন শুভ্রা বিশ্বাস।