
মনে করুন, একটি বাক্সে কিছু টাকা এবং দ্বিগুণ টাকা থাকার সম্ভাবনা আছে—এমন আরেকটি মুখ বন্ধ বাক্স নিয়ে আপনার সামনে কেউ এল। কোনটি গ্রহণ করবেন? বেশির ভাগ মানুষ ঝুঁকির মধ্যে না গিয়ে প্রথম বাক্স নিয়ে ‘কিছু তো পেলাম’ মনে করে খুশি থাকবে। তবে এমন কিছু মানুষ আছে, যারা দ্বিগুণ টাকা পাওয়ার সম্ভাবনার দিকে হাত বাড়াবে, অন্তত পাওয়ার সম্ভাবনাটা ভেবে দেখবে। ঝুঁকি নিতে চায়, এই মানুষগুলোই সমাজের নতুন নতুন সমস্যা চিহ্নিত করে তার সমাধান দিতে উদ্যোগ নিচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠার। তরুণদের মধ্যে যা স্টার্টআপ নামেই বেশি পরিচিত।
স্টার্টআপ প্রতিষ্ঠায় একদিকে যেমন নতুন কিছু করার রোমান্স, অপর দিকে উন্নতির আকাশছোঁয়া সম্ভাবনা। কেউ কেউ আয়ের জন্য, কারও লক্ষ্য কোনো সমস্যা সমাধান, কেউবা আবার শখের বশে, তরুণদের মধ্যে এখন স্টার্টআপ প্রতিষ্ঠায় বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ স্টার্টআপ কাপের সংগঠক মিনহাজ আনোয়ারের সঙ্গে। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণেরা এমন এক পরিবেশ, এমন এক কমিউনিটি তৈরি করেছেন, যার মাধ্যমে নিজের তো বটেই, সৃষ্টি করছেন হাজারো তরুণের কর্মসংস্থান। অর্থনীতির জন্য নিঃসন্দেহে সেটা ভালো দিক!
নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানে
ব্লা ব্লা কারের সহপ্রতিষ্ঠাতা নিকোলাস ব্রুসন এক প্রশ্নের উত্তরে একবার বলেছিলেন, বিনিয়োগকারীরা আপনাকে বাজার দেখে এগোতে বলবেন, কিন্তু বাজারটা তো তৈরি করতে হবে আপনাকেই। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সমস্যার সমাধান দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই সেই বাজার আগে ছিল না। বর্তমান সময়ের তরুণেরাও চাইছেন সমাজের নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান দিয়ে নতুন কোনো বাজার তৈরি করতে। শাহ পরান যেমন প্রতিষ্ঠা করেছেন ‘হ্যান্ডিমামা’ নামের এক প্রতিষ্ঠান। হ্যান্ডিমামা মূলত বৈদ্যুতিক সমস্যা, পাইপ মেরামত, কাঠের কাজ, অফিস বা বাড়ি পরিষ্কার ও রং করার মতো মৌলিক কাজগুলোই করে। তবে প্রয়োজনের সময় একটি ফোনকলেই যেন দোরগোড়ায় সমাধান পাওয়া যায়, তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তরুণেরা যে ব্যবসায় উদ্যোগগুলো নিচ্ছেন, তার সবই কোনো না কোনো সমস্যা সমাধানের জন্য। দেশি-বিদেশি যেকোনো স্টার্টআপের ক্ষেত্রেই এ কথা ঠিক। আমরাও শুরু করেছিলাম এমনই এক সমস্যা সমাধানের জন্য। নিত্যপ্রয়োজনীয় কিছু সেবা একটি ফোনকলেই যেন দোরগোড়ায় পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য।’
সামাজিক কোনো সমস্যা দূর করতে
পেপাল সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েল একরকম ক্ষোভের সঙ্গে একবার বলেছিলেন, বর্তমানের উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবন শব্দটাই যেন নেই। তাঁর কথাটা কিছুটা হলেও সত্যি। তবে সামাজিক ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্ভাবন যেমন দরকার, তেমনই বিদ্যমান সমস্যার সমাধানও দরকার। অনেক তরুণই এমন কোনো সমস্যার সমাধান করতে বেশি আগ্রহী। মোহাম্মাদ সুমন মোল্লার কথাই বলি। তিনি পড়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে। ছাত্রাবস্থায় শুরু করেন বিনা মূল্যে কোডিং শেখানোর সামাজিক ব্যবসা ‘লেটস লার্ন কোডিং’। তিনি বলেন, ‘ভবিষ্যৎটা প্রযুক্তিনির্ভর। আগামী বছরগুলোয় কোডিং বা প্রোগ্রামিংয়ের জ্ঞান সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশকে এগিয়ে নিতে তাই দরকার প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ। মূলত এই চিন্তা থেকেই লেটস লার্ন কোডিংয়ের যাত্রা শুরু। যাতে সব বয়সের সবার কাছে কোডিংয়ের অপার সম্ভাবনার কথা পৌঁছে দিতে পারি।’
শুরুটা হয়তো শখের বশে
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় একরকম শখের বশেই মার্ক জাকারবার্গ তাঁর তিন সহপাঠীকে সঙ্গে নিয়ে শুরু করেন ফেসম্যাশ। সে সময়ের বীজ পরবর্তী সময়ে যে ফেসবুক নামের মহিরুহে পরিণত হবে, তা কে জানত! ব্যবসায়ের উদ্যোগ নেওয়ার সঙ্গে যে শুধু আর্থিক দিকটা জড়িত, তা সব ক্ষেত্রে ঠিক না। কেউ কেউ তো শখের বশেই শুরু করছেন নিজের পছন্দের কোনো ব্যবসা। আর্থিক দিকটা তখন শুধুই সময়ের ব্যাপারমাত্র। তেমনই একজন সারজামিন হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর তখন প্রায় শেষ। একরকম শখের বশেই শুরু করেন ‘আয়োজন’ নামের অনলাইন বুটিক দোকান। তিনি বলেন, ‘শুরুটা শখের জায়গা থেকেই, ছোট আকারে শুধু একটি ফেসবুক পাতা দিয়ে। এটার ওপর নির্ভরশীল হয়ে থাকব, ব্যাপারটা এমন ছিল না। তবে এখন এটা আমি চালিয়ে যেতে চাই।’
তৈরি করতে চান কাজের সুযোগ
জানশের আহমেদ স্নাতক ডিগ্রির জন্য গিয়েছিলেন যুক্তরাজ্যে। সেখানে অনলাইনে কেনাকাটার জনপ্রিয়তা দেখে দেশে ফিরেও শুরু করেন ‘প্রহর’ নামের ই-কমার্স ওয়েবসাইটের। তাঁর লক্ষ্য ছিল ব্যবসায়ে সাফল্যের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির। তিনি বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট বলতে একসময় শুধুই ফেসবুক বুঝলেও বিদেশে নিত্য বাজারসদাইয়ের কাজটাও হতো অনলাইনে। আমাদের দেশেও ঘরে বসে পণ্য বা সেবা পাওয়ার সুবিধা কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে, এটা ভেবেই কাজ শুরু। এতে নিজে তো বটেই, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আরও অনেকের।’
সুযোগটা আকাশছোঁয়া বলেই
লিওনার্দ বোসাক ও তাঁর স্ত্রী স্যান্ডি লার্নার, দুজনেই শুরুতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুটি বিভাগের কম্পিউটারগুলোর সমস্যার সমাধানের দায়িত্বে ছিলেন। পরে তাঁদেরই স্থাপিত প্রতিষ্ঠান সিসকো ডিজিটালের বিস্তৃতি এখন বিশ্বব্যাপী। শুরুটা যেমনই হোক, স্টার্টআপগুলোর আছে আকাশছোঁয়া সম্ভাবনা। প্রযুক্তিভিত্তিক কোনো স্টার্টআপের সে সম্ভাবনাটা যেন আরও বেশি। হয়তো সে জন্যই কয়েকজন বন্ধু মিলে তারিকুল ইসলাম শুরু করেন ‘বাইটফ্লেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান। তারিকুল পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষে। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন তাঁরা। তিনি বললেন, মূলত দুটো কারণে বাইটফ্লেয়ারের শুরু। প্রথমত, প্রথাগত নিয়মের বাইরে এসে নতুন কিছু শুরুর ইচ্ছা ছিল বলেই। দ্বিতীয়ত, প্রযুক্তিভিত্তিক কাজের প্রচুর সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা চলতে থাকবে। এখানে সম্ভাবনটা অসীম।
পড়াশোনার পাট চুকিয়ে কোনো স্টার্টআপে যোগ দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে তরুণদের মধ্যে। তাঁরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরাসরি অংশগ্রহণ করছেন না, তবে নিজের মেধা ও শ্রম দিয়ে কোনো স্টার্টআপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে।