শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ের অধীনে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দুই পর্বে কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারির কাজ শুরু হচ্ছে। ১৫ থেকে ২৪ এপ্রিল কক্সবাজার এবং ১৫ থেকে ২৪ মে চট্টগ্রামে চলবে এ শুমারি। এর প্রস্তুতি হিসেবে দুই জেলায় ইতিমধ্যে প্রায় চার হাজার গণনাকারী এবং সাড়ে ৭০০ তত্ত্ব্বাবধানকারী (সুপারভাইজার) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে আনুষঙ্গিক আরও কিছু কাজ শেষ করা হয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ওয়াদুির রহমান প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ মাসে আমরা মাঠ পর্যায়ে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ, বিভিন্ন দোকান, ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, অফিস-আদালত, স্কুল-কলেজ, মাদ্রাসার তালিকা, মাঠ পর্যায়ে ডিজিটাল মানচিত্রের হালনাগাদ করার কাজসহ অনেক কাজ করেছি। চলতি এপ্রিল ও আগামী মে মাসে আমরা গণনার কাজ তদারক করব। আমাদের এ কাজে সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তির সহযোগিতা আশা করছি।’পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারি হয়েছে ১৯৮৬ সালে। এরপর প্রায় ১৫ বছর পরে ২০০১ এবং ২০০৩ সালে দুই পর্বে শুমারি অনুষ্ঠিত হয়েছে। এবারে তৃতীয় বারের মতো শুমারির কাজ শুরু হচ্ছে। ১৫ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় অর্থনৈতিক শুমারি চলবে। ২৫ এপ্রিল শুমারি থেকে কোনো প্রতিষ্ঠান বাদ পড়েছে কি না তা যাচাই করা হবে। চট্টগ্রাম জেলায় শুমারি শুরু হবে ১৫ মে। চলবে ২৪ মে পর্যন্ত। কোনো প্রতিষ্ঠান বাদ গেল কি না তা পরীক্ষা করে দেখা হবে ২৫ মে। গত পাঁচ মাসে আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। যাতে গণনাকারীরা সহজেই শুমারির কাজে হাত দিতে পারেন। এর মধ্যে স্থানীয় গণনাকারীদের সহায়তায় সাধারণ খানা, প্রতিষ্ঠান, সংরক্ষিত এলাকা, গ্রোথ সেন্টার, জনবসতিহীন মৌজা, নদীগর্ভে বিলীন মৌজার তালিকা তৈরি, মাঠ পর্যায়ে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ, শুমারি প্রশিক্ষণকেন্দ্রের তালিকা নির্বাচন উল্লেখযোগ্য। এ ছাড়া এসব তথ্য-উপাত্ত ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারির জন্য চট্টগ্রাম জেলায় তিন হাজার ১৭৮ জন গণনাকারী এবং ৬৩৬ জন তত্ত্বাবধানকারী নিয়োগ করা হয়েছে। কক্সবাজার জেলার জন্য ৭২৯ জন গণনাকারী এবং ১৪৬ জন তত্ত্বাবধানকারী নিয়োগ দেওয়া হয়েছে।প্রত্যেক গণনাকারীর শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে এইচএসসি এবং তত্ত্বাবধানকারীর স্নাতক পাস। গণনাকারীদের ১০ দিনের মধ্যে ১৫০টি ইউনিটের (প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কর্মকাণ্ড খানা) গণনার কাজ সারতে হবে। পাঁচজন গণনাকারীর কাজ তদারকি করবেন একজন তত্ত্বাবধানকারী। আর পাঁচ-ছয়জন তত্ত্বাবধানকারীর কাজ দেখাশোনা করবেন পরিসংখ্যান কার্যালয়ে নিয়োজিত একজন আঞ্চলিক কর্মকর্তা (জোনাল অফিসার)। প্রতিজন গণনাকারীর জন্য তিন হাজার এবং তত্ত্বাবধানকারীর জন্য সাড়ে তিন হাজার টাকা করে সম্মানির প্রস্তাব করা হয়েছে। শুমারি কাজের জন্য নিয়োগপ্রাপ্ত জেলা শুমারি সমন্বয়কারী, আঞ্চলিক কর্মকর্তা (জোনাল অফিসার), তত্ত্বাবধানকারী (সুপারভাইজার) এবং গণনাকারীদের গতকাল বুধবার থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।