নারায়ণগঞ্জ হাইস্কুলের শ্রেণীকক্ষে একদল উৎসুক শিক্ষার্থীর ভিড়। সকাল সাড়ে ১০টা। একটু পরই শুরু হবে আই-ক্যাম্পের পাইলট অনুষ্ঠান। শ্রেণীকক্ষের এক কোনায় লাগানো হয়েছে মাল্টিমিডিয়া পর্দা। সেই পর্দায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক। উপস্থিত সব শিক্ষার্থী দারুণ রোমাঞ্চিত। কী হবে সেখানে?গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের দ্বিতীয় বছরের কার্যক্রম এবার শুরু হচ্ছে একটু ভিন্নভাবে। গত বছর সারা দেশ থেকে নির্বাচিত আই-জিনিয়াসরা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে কর্মশালা পরিচালনা করবে। ‘আই-ক্যাম্প’ শিরোনামে এই কর্মশালায় ইন্টারনেটের সুবিধা ও নানাবিধ ব্যবহার হাতে-কলমে শেখানো হবে। গত ৩১ মে নারায়ণগঞ্জ হাইস্কুলে আই-ক্যাম্পের পাইলট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল ২১ জুন থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আই-ক্যাম্প। ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই আই-ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর ইন্টারনেট উৎসবের এবারকার আয়োজন আরও বড় কলেবরে শুরু হবে আগামী আগস্ট মাস থেকে। গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে এ বছর শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতায় সারা দেশে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছর দেশের ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের নানা সুবিধা ও মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে দেখানোর জন্য এবার সারা দেশের ১০১ জন আই-জিনিয়াসকে সঙ্গে নিয়ে আই-ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। এ কর্মশালায় গত বছরের নির্বাচিত আই-জিনিয়াস তার এলাকার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরবেন। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে ইন্টারনেটের নানা বিষয়। থাকবে ইন্টারনেট-বিষয়ক মজার সব গেমস, কুইজ।