আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৪টি বিষয়ে ভর্তি-ইচ্ছুকদের আগামী ৬ আগস্টের মধ্যে আবেদন করতে হবে
শুরু হচ্ছে এসএমই ফাউন্ডেশনের ১৪টি প্রশিক্ষণ কোর্স
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৪টি বিষয়ের ওপর প্রশিক্ষণের আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। ভর্তি-ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৬ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয় ও আসন: বিষয়ের মধ্যে আছে নতুন ব্যবসা শুরু, ব্যবসা ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, ব্যাংকেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি, ফ্যাশন ডিজাইন, বহুমুখী পাটজাত দ্রব্য, পণ্য উৎপাদন, ড্রাই ফ্লাওয়ার (কৃত্রিম ফুল) তৈরি, থাই ক্লে দিয়ে শোপিস তৈরি, আর্টিফিশিয়াল জুয়েলারি, চামড়াজাত পণ্য তৈরি, ফাস্ট ফুড তৈরি ও সংরক্ষণ, ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্ট, ন্যাচারাল ডাইং, বিউটিফিকেশন ও পারলার ব্যবস্থাপনা। প্রতিটি কোর্সের আসনসংখ্যা ৩০টি।
আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা: প্রশিক্ষণে যাঁরা অংশ নিতে চান তাঁদের ৬ আগস্টের মধ্যে ফাউন্ডেশনের অফিস থেকে (তৃতীয় তলা) নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে অথবা অনলাইনে hrd.smef.org.bd-এ ঢুকে আবেদন করতে হবে। প্রশিক্ষণের জন্য আবেদনকারীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। প্রাপ্ত আবেদনের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য আগ্রহীদের মধ্য থেকে চূড়ান্ত প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। তবে এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
খরচ: ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা, আর অন্যান্য কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
কোর্সের সময়সীমা: এসএমই ফাউন্ডেশন আয়োজিত প্রতিটি কোর্সের প্রশিক্ষণের মেয়াদ পাঁচ দিন। তবে ফ্যাশন ডিজাইনিং ও হিসাবরক্ষণ কোর্সের প্রশিক্ষণের মেয়াদ যথাক্রমে ছয় দিন ও তিন দিন।
যোগাযোগের ঠিকানা: এসএমই ফাউন্ডেশন, রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা-১২১৫। ফোন: ৮১৪২৯৮৩, ০১৭১৩০৬৬৭১২, ০১৭১১৯৭২৩২৩, ০১৭১৭৫৪৪৯৭৮, ০১৬৭৩৯৬৬৬৭৩। ওয়েবসাইট: www.smef.org.bd