শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট ২০১৪

তিন দিনের ‘ঢাকা আর্ট সামিট শুরু হতে যাচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আর্ট সামিটের দ্বিতীয় এই আয়োজনটিকে সহযোগিতা করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ।
দক্ষিণ এশীয় শিল্পকলার জন্য পৃথিবীর বৃহত্তম আয়োজন হচ্ছে ঢাকা আর্ট সামিট আয়োজকেরা এমনই দাবি করেছেন। এ আয়োজনে দক্ষিণ এশিয়ার ২৫০ জনের বেশি শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হবে। এর আগে ২০১২ সালে শুধুমাত্র বাংলাদেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা আর্ট সামিটের প্রথম পর্ব।
এবারের আর্ট সামিটে শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও থাকছে আলোচনা অনুষ্ঠান ও শিল্প সম্মেলন। অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দ্বিতীয় আর্ট সামিটের অন্যান্য সহযোগীরা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রসেস, সুইস প্রো হেলভেশিয়া ও বৃত্ত আর্টস ট্রাস্ট।
সামদানি আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট এই আয়োজন সম্পর্কে জানিয়েছেন, দক্ষিণ এশীয় শিল্পকলার সবচেয়ে বড় একক আয়োজন হচ্ছে ঢাকা আর্ট সামিট। প্রতিভাবান শিল্পীদের জন্য একটি অভিনব প্রতিভা প্রকাশের একটি সুযোগ এই সামিট। এই সামিট সবার জন্যই উন্মুক্ত।
এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী রাজনিশ কওল জানিয়েছেন ‘শিল্পকলার এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পেরে এয়ারটেল গর্বিত। এশীয় দেশগুলোর মধ্যে সম্প্রীতির বাঁধনের প্ল্যাটফর্ম হবে এই সামিট।’