শুরু হচ্ছে তারুণ্যের জয়োৎসব

তরুণদের দক্ষতা, কর্মোদ্যোগ, সৃজনশীলতা আর কর্মমুখিনতাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে এম আই সিমেন্ট ফ্যাক্টরি (ক্রাউন সিমেন্ট) ও প্রথম আলো।
১১ ফেব্রুয়ারী প্রথম আলো কার্যালয়ে ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ বিষয়ে এক সমঝোতা স্মারকে সই করেন।
‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব’ নামের এ আয়োজন সব বিভাগীয় শহর ও ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। জয়োৎসবে থাকবে ক্যারিয়ার কাউন্সেলিং, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ, ফটোগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিংসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা, সেমিনার, চাকরি মেলা এবং শিল্প-উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ। প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মার্চ মাস থেকে সারা দেশে শুরু হবে এ অনুষ্ঠান।

ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির বলেন, ‘তরুণদের সৃজনশীলতার সঙ্গে ক্রাউন সিমেন্ট সব সময় আছে। আমরা মনে করি, সারা দেশের তরুণেরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্যারিয়ার এবং জীবন সম্পর্কে সঠিক পথ খুঁজে নেওয়ার অনুপ্রেরণা পাবেন।’

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. সরোয়ার আলম চৌধুরী ও উপব্যবস্থাপক মো. ফজলুর রহমান, প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রশিদুর রহমান, যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, অনুষ্ঠান ব্যবস্থাপক কবির বকুল, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান ও ব্র্যান্ড কমিউনিকেশন ব্যবস্থাপক জাবেদ সুলতান।