
এবার আরও বড় পরিসরে শুরু হচ্ছে রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতা ২০১৭। এরই মধ্যে নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড। আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৬টার মধ্যে প্রতিযোগীদের ০৯৬১২৭৭৭৮৮৮ নম্বরে ফোনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ৫ নভেম্বর ২০১৬।
১৮ অক্টোবর রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনে জানা যায় প্রতিযোগিতার বিস্তারিত। এবার প্রধান তিন বিচারক হিসেবে থাকছেন অভিনেতা তারিক আনাম খান, টিভি উপস্থাপক শারমীন লাকি ও শেফ ড্যানিয়েল গোমেজ। রূপচাঁদা ব্র্যান্ডের তেল প্রস্তুতকারক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর নির্বাচিতদের তৈরি করতে হবে একটি করে খাবার। এভাবেই প্রাথমিক পর্ব থেকে শুরু হবে রান্নার লড়াই। এরপর বিভিন্ন ধাপে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তাঁরা। সেরা ২০ জনকে নিয়ে শুরু হবে সুপার শেফ কিচেন রাউন্ড। প্রতিযোগিতাটি দেখানো হবে বরাবরের মতো এনটিভিতে।’
সম্মেলনে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আশা প্রকাশ করেন, আমাদের দেশের রন্ধনশিল্পীদের মাধ্যমেই একদিন সারা বিশ্বে বাংলা খাবারের ব্র্যান্ড পরিচিতি পাক। প্রতিযোগিতা নিয়ে ২০১৬ সালের সুপার শেফ বিজয়ী রাফিয়া আহমেদ বলেন, ‘এই প্রতিযোগিতা আমাকে অন্য রকম এক শক্তি দিয়েছে। বেড়েছে রান্নার প্রতি ভালোবাসাও। দেশি-বিদেশি বিখ্যাত মানুষদের কাছ থেকে শিখতে পেরেছি নানা কিছু। এ ছাড়া অর্থিক সচ্ছলতা তো আছেই।’
প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ, ৫ লাখ ও ৩ লাখ টাকা নগদ পুরস্কার। এ ছাড়া সেরা দশে থাকা বাকিরাও পাবেন অর্থ পুরস্কার।
অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো বিচারক হিসেবে যুক্ত হচ্ছেন শারমীন লাকি। তিনি বলেন, ‘রান্নার অনুষ্ঠানের প্রতি একটা আলাদা ভালোবাসা তো আছেই। সেখান থেকে এত বড় একটা প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকতে পেরে আমি আনন্দিত।’