শুরু হলো আই-জেনের চূড়ান্ত পর্ব

চূড়ান্ত অর্থাৎ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আই-জেন আসছে নতুন রূপে। ‘পাওয়ার অফ ইন্টারনেট’, এই কথাতেই যেন মেলে ব্যাখ্যা। জীবনের নানান ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের দ্যুতি। আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের এই শক্তির নানা রূপের দেখা মিলবে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের চূড়ান্ত পর্বে। সারা দেশ থেকে আসা ৯টি আঞ্চলিক বিজয়ী দল অংশ নেবে এই পর্যায়ে। আই-জেনের এই পর্ব নিয়ে তৈরি হচ্ছে টিভি অনুষ্ঠান। থাকবে দর্শকদের ভোট দেওয়ার সুযোগও। গ্রামীণফোন প্রথম আলো আইজেন-২০১৫–এর জাতীয় পর্যায়ের টিভি অনুষ্ঠান প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। আই-জেন নিয়ে অনুষ্ঠানটি দেখানো হবে প্রতি সোমবার রাত ৯টা ৩৫মিনিটে। আগামীকাল ২৮ ডিসেম্বর এই অনুষ্ঠানের প্রথম পর্ব দেখানো হবে।
ইতিমধ্যে গাজীপুরের গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের আই-ক্যাম্প ও প্রতিযোগিতা। ৯টি আঞ্চলিক সেরা স্কুল দলের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এতে। প্রতিদিন তাঁদের জন্য থাকছে নতুন কোনো ‘টাস্ক’। দৈনন্দিন জীবনের পরিচিত নানান ঘটনা বা সমস্যার মোকাবিলা করবে তারা। আর সেটার সমাধান করতে হবে ইন্টারনেটের সহায়তা নিয়ে। এই নিয়েই প্রতিযোগিতা। বিভিন্ন ভাগে নম্বর পাবে প্রতিটি দল। আর নম্বরের ভিত্তিতেই ধীরে ধীরে কমতে থাকবে অংশগ্রহণকারী দলের সংখ্যা। সেই সঙ্গে প্রতিযোগীদের জন্য থাকছে নানান চমক। নতুন সংযোজন হলো, আই-জেনের আঞ্চলিক দলগুলোকে এবার দর্শককেরা ভোট দিতে পারবেন।
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের প্রথম ধাপে সারা দেশে দুই হাজার স্কুলের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আট লাখ ৭০ হাজার শিক্ষার্থী। ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে ৯টি আঞ্চলিক সেরা দল। এই দলগুলোর প্রতিটি কোনো না কোনো স্কুলের প্রতিনিধিত্ব করছে। প্রতিটি স্কুলে আছে ৫ জনের একটি দল। স্কুলগুলো হলো সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ; সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া; সিলভার বেলস কিন্ডার গার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল, চট্টগ্রাম; হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ; বরিশাল জিলা স্কুল, বরিশাল; ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও; খুলনা জিলা স্কুল ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, গাজীপুর।
আই-জেনের স্কুল, জেলা ও আঞ্চলিক পর্যায়গুলোতে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল প্রতিযোগিতাও। তবে জাতীয় পর্যায়েও প্রতিযোগিতার বিষয়বস্তু একেবারে ভিন্ন ধরনের। এখানে কোনো পর্বে হয়তো ইন্টারনেটের সহায়তায় নতুন ধরনের কোনো রান্না করতে দেওয়া হবে। কিংবা বলা হবে নিজেদেরই একটি খুদে চলচ্চিত্র তৈরি করতে। থাকবে খেলাধুলা বা ট্রেজার হান্টের মতো মজার আয়োজনও। আই-জেনের এই ভিন্নরকম প্রতিযোগিতা টিভিতে দেখে নিজের স্কুল ও নিজের জেলাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে আই-জেনের স্কুলদলগুলো৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের বিস্তারিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুক পেজ (www.fb.com/IGEN) ও প্রথম আলোর বিশেষ ওয়েবপেইজে:
www.prothom-alo.com/igen।