শুরু হলো আমার দ্বিতীয় জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় নিজেকে রূপকথার রাজকন্যা মনে হতো আমার। অনেকটা সেভাবেই বড় হচ্ছিলাম। একসময় ভাবতাম টগবগ টগবগ করে রাজার কুমার এসে পঙ্খিরাজ ঘোড়ায় করে নিয়ে যাবে তেপান্তরের মাঠ পেরিয়ে। আর তারপর শুধুই সুখের দিন।

একটা সময় সেই রূপকথার গল্পে কঠিন বাস্তবতা ঢুকে পড়ল। অনেকটা বিনা মেঘে বাজ পড়ার মতো আমার এক যুগের সাজানো সংসারে দেখা দিল মেঘের ঘনঘটা। আমি আমার একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে আলাদা হয়ে গেলাম।

আব্বু-আম্মুর কাছে চলে এসেছিলাম বলে থাকা-খাওয়া নিয়ে ভাবতে হয়নি। আমার যুদ্ধটা ছিল অন্য রকম। আশপাশের মানুষদের আমার প্রতি ব্যবহার বদলে যেতে থাকল। অনেক কিছু নতুন করে শিখতে শুরু করলাম। বেশি কষ্ট হলো লিভিং স্ট্যান্ডার্ডের সঙ্গে মানিয়ে নিতে। নিজের গ্যারেজে দু-দুটো গাড়ি নিয়ে চলা আমাকে গণপরিবহনে চলাফেরা শিখতে হলো।

স্বামী ও সন্তানের সঙ্গে লেখক

আমি খুব নরম স্বভাবের মানুষ ছিলাম। নিজেই নিজেকে বদলাতে বাধ্য হলাম। শখের বশে একটা বুটিক শুরু করেছিলাম। ডিজাইনার ক্লদিং নিয়েই কাজ করতাম। সেই কাজ আঁকড়ে ধরলাম। ছেলেকে মানুষ করার তীব্র আশা নিয়ে শুরু হলো আমার উদ্যোক্তা জীবন।

এরই মধ্যে বন্ধুর মতো, ছায়ার মতো সর্বক্ষণ সঙ্গে ছিল আরেকজন মানুষ। যখনই হতাশ হয়েছি, ভেঙে পড়েছি, সাহস দিত সে। বুটিকের কাজে কতশত অচেনা, অনিরাপদ জায়গায় যে যেতে হতো। কখনো একা গিয়েছি বলে মনে পড়ে না। কত যে বিরক্ত হয়েছি, কত যে অবহেলা করেছি। কিন্তু সে তার মতে অটল থেকেছে সব সময়। একসময় অবাক হয়ে খেয়াল করলাম, আমার চেয়েও বোধ হয় আমার ছেলের সঙ্গে তার বন্ধুত্ব গাঢ়।

খুব কাছের বন্ধুরা জীবন নিয়ে নতুন করে ভাবতে বলল। কিন্তু আমি তো ঘর পোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। এরই মধ্যে হারিয়েছি বাবাকে। ছোট বোন পিএইচডি করতে উড়াল দিল অস্ট্রেলিয়া। আম্মু আর ছেলেকে নিয়েই ব্যস্ত জীবন।

আমার খুব ইচ্ছা ছেলেকে দেশের বাইরে পড়ানোর। হয়তো একসময় খুব একা হয়ে যাব। এসব সাতপাঁচ ভাবতে ভাবতে সময় কেটে যাচ্ছিল। পাছে লোকে কিছু বলে—এই চিন্তা থেকে বহু আগেই আমি নিজেকে মুক্ত করতে পেরেছিলাম। ভেবেছিলাম দ্বিতীয় জীবন যদি কখনো শুরু করি সম্পূর্ণ নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে হবে তা। আর প্রাধান্য পাবে আমার সন্তান।

আমরা সমাজের ভয়ে প্রায়ই নানা কিছু থেকে নিজেদের বঞ্চিত করি। অথচ সেই তথাকথিত সমাজ কোনো কাজে আসে না, শুধু সমালোচনা করা ছাড়া। অনেক ভেবেচিন্তে দীর্ঘ পাঁচ বছর পর একা থেকে আবার দোকা হলাম দুই পরিবারের সম্মতিতে। আমার ছোট্ট লাল-নীল সংসারে খুব সহজ সাবলীলভাবে জায়গা করে নিল আমার বর। খুব সাধারণভাবে শুরু করলাম আমার অসাধারণ দ্বিতীয় জীবন।

খুব অল্পতেই সন্তুষ্ট এই আমি যেন শান্তিতে কাটাতে পারি বাকি জীবন—এই একটাই চাওয়া।