শুরু হলো ই-কনটেন্ট প্রতিযোগিতা
যেকোনো তথ্যের প্রয়োজনে এখন প্রথমেই ঢোকা হয় ইন্টারনেটে। এর কল্যাণে সব ধরনের তথ্যই এখন হাতের মুঠোয়। তবে তথ্যের এই বিশাল ভাণ্ডারে বাংলা ভাষায় বিষয়বস্তু (কনটেন্ট) কমই আছে। ই-কনটেন্ট তৈরির জন্যই আয়োজন করা হয়েছে এক প্রতিযোগিতার। ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট) ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১০ নামে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানান, ইন্টারনেটকে যদি সাধারণ মানুষের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে চাই, তাহলে বাংলা ভাষায় তথ্যের প্রয়োজন রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সে অভাবটা দূর করবে বিভিন্ন প্রতিষ্ঠান বা নতুন প্রজন্ম। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।অংশগ্রহণের নিয়মযাঁরা নানা রকম ই-কনটেন্ট তৈরি অথবা তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রকল্প করছেন, এ প্রতিযোগিতা তাঁদের জন্যই। বাংলাদেশে নিবন্ধিত যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এতে অংশ নিতে পারবেন। তবে প্রকল্পগুলোর বয়স এক বছর বা এর বেশি হতে হবে। একই প্রতিষ্ঠান বা ব্যক্তি একটি শ্রেণীতে একাধিক মনোনয়ন জমা দিতে পারবেন না। অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে নিচের যেকোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে—http://naward.dnet.org.bdwww.prothom-alo.comwww.thedailystar.netwww.comjagat.com প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়সীমা ২১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। মানুষের জীবন ও সামাজিক উন্নয়নের ওপর ভিত্তি করেই ১৪টি বিষয় নির্বাচন করা হয়েছে। ই-গভর্নমেন্ট ও প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা, ই-গেমস, বিনোদন, সংস্কৃতি ও ঐতিহ্য, বিজ্ঞান, পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, উদ্যোগ ও জীবিকা, অংশগ্রহণ, স্থানীয়করণ (তৃণমূলের ক্ষমতায়ন), সংবাদ এবং মোবাইল কনটেন্ট। তথ্যের ব্যাপকতা, গুণগতমান, গ্রাফিকস ও শব্দের নান্দনিকতা, কারিগরি উত্কর্ষতা, কৌশলগত গুরুত্ব, মাল্টিমিডিয়ার ব্যবহার ইত্যাদির ওপর নির্ভর করে শ্রেষ্ঠ উদ্যোগ বাছাই করা হবে। মনোনীত উদ্যোগের মেধাস্বত্ব নির্মাতার হতে হবে। তথ্যগুলো বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় হতে পারে। প্রয়োজনীয় সিডি বা মুদ্রিত বিষয় ডাকযোগে পাঠাতে পারবেন। অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার নিয়মকানুন, নীতিমালা ও পুরস্কারের শর্তাবলি মেনে চলতে বাধ্য থাকতে হবে। প্রতিযোগিতার ফলের ভিত্তিতে শ্রেষ্ঠ তিনটি ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক চলমান উদ্যোগকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ আটটি উদ্যোগকে বিশ্ব শীর্ষ সম্মেলন পুরস্কার ২০১১-এর জন্য মনোনয়ন করা হবে।ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি পুরস্কার প্রতিযোগিতার সহআয়োজক হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। আয়োজনের সহযোগী প্রথম আলো ও দি ডেইলি স্টার। মিডিয়া সহযোগী হিসেবে কাজ করবে চ্যানেল আই এবং এবিসি রেডিও।