এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমএয়ারপোর্টে বিদায়ের ক্ষণ এসে গেল। কষ্টে গলা বন্ধ হয়ে আসে। কিন্তু সেটা প্রকাশ করি না। সবাইকে হাসিমুখে বিদায় জানাই। রিমিকে বুকে টেনে নিয়ে বলি, ‘ভালো থেকো।’ উত্তরে সে শূন্যদৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়। দ্রুতই তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিই। যাতে আমার কষ্টে সে ভেঙে না পড়ে। রাইদকে কোলে নিয়ে আদর করে তার হাতে একটা ট্রলি ধরিয়ে দিই গাড়ির মতো চালানোর জন্য। সে খেলায় ব্যস্ত হয়ে পড়লে ঢুকে পড়ি এয়ারপোর্টের ভেতর। যে রাইদের গাড়ি পছন্দ, তাকে নিয়ে গাড়িতে করে বাসায় ফেরাটা বেশ ঝকমারি হয়ে পড়েছিল—পরে মুঠোফোনে রিমি জানাল। একবার মুঠোফোন ধরিয়ে দিয়ে বলল, ‘রাইদকে কথা বলে একটু শান্ত করো।’ তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, এটা সে মানতে পারছে না। গাড়ি তখন তার কাছে প্রধান নয়, বাবাকে কাছে চাই। তাকে বললাম, ‘আব্বু, তুমি মমের কাছে থাকো। আমি চলে আসব।’ তার কান্না তখন থামানো দায়। কাঁদছে আর বলছে, ‘বাবা, তুমি আসো।’ আর এদিকে এয়ারপোর্টে আমি চোখের কোণে কান্না লুকাতে ব্যস্ত।যাত্রার সময় সঙ্গে রইল অসংখ্য মানুষের শুভ কামনা। মুঠোফোনে শুভেচ্ছা জানালেন আনিসুল হক, সুমনা শারমীন, পল্লব মোহাইমেন, ফখরুল আবেদিন মিলন এবং আরও অনেকে। সুমনা শারমীন বললেন, ‘যে কাজে যাচ্ছিস, সেটা করে তবেই ফিরবি।’এদিন সঙ্গী হলেন এনএসিবির নতুন সদস্য নিয়াজ পাটোয়ারী। তিনি নেপাল দিয়ে এভারেস্ট বেসক্যাম্প ট্রেকিং করতে সঙ্গে চললেন।বিকেল তিনটায় প্লেন নামিয়ে দিল কাঠমান্ডুতে। ভাবছিলাম, কোথায় ছিলাম আর এখন কোথায় এলাম। মনে এক ধরনের শূন্যতা। দিনটা কীভাবে যে শুরু হয়েছিল, আর দিন শেষে কোথায় এসে পৌঁছালাম। আর যে উদ্দেশ্যে এসেছি, তা সফলভাবে শেষ করে ফিরতে পারব তো?থামেলে কোমলের অফিসে পৌঁছে দেখি সোম বাহাদুর রাস্তার ওপর সিঁড়িতে বসে আছেন। আমাকে দেখেই হইহই করে উঠলেন। কোমল এগিয়ে এসে অভিবাদন জানালেন। কৈলাস কেমন আছেন, লাকপা কোথায়, যে প্রতিষ্ঠান আমার এভারেস্ট অভিযান আয়োজন করছে, তার লোকজন কোথায়, সেই প্রতিষ্ঠানের অফিসটা কোন দিকে, আজকের দিনের কাজকর্ম কী ইত্যাদি সব প্রশ্নে কোমল অস্থির হয়ে গেলেন। বললেন, ‘ধীরে বন্ধু ধীরে। মাত্র তো এসে পৌঁছালে। একটু জিরিয়ে নাও। তুমি যেহেতু এসে গেছ, সুতরাং শুরু হয়ে গেছে তোমার এভারেস্ট অভিযান। এখন সবকিছুই হবে।’কোমলের অফিস থেকে প্রথম কাজ ছিল রিমিকে ফোন করে জানিয়ে দেওয়া যে আমি ঠিকঠাক পৌঁছেছি। রিমি শুধু বলল, ‘সাবধানে থেকো।’ আমিও তাকে আশ্বস্ত করে বললাম, ‘অবশ্যই।’কোমলকে জিজ্ঞেস করলাম, এই এভারেস্ট আয়োজক প্রতিষ্ঠান হিমালয়ান গাইডসের পরিচিতি কেমন? প্রতিষ্ঠানটির ব্যাপারে শেরপাদের মতামত কী? উত্তরে তিনি বললেন, ‘নেপালের অনেক প্রতিষ্ঠানই তিব্বত দিয়ে এভারেস্ট অভিযান আয়োজন করছে। এতে পুরো বিশ্ব থেকে বহু পর্বতারোহী এসে যোগ দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো চায়না-তিব্বত মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের (সিটিএমএ) সঙ্গে যৌথভাবে এ অভিযান আয়োজন করে। ফলে পুরো আয়োজন অনেকটাই নিরাপদ। এ নিয়ে চিন্তার কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো, পর্বতারোহণ তো পুরোটাই পর্বতারোহীর ওপর নির্ভর করে। এসব প্রতিষ্ঠান বা শেরপা—এদের কেউই তো কোলে করে এভারেস্টে উঠিয়ে দেবে না। যা করার পর্বতারোহীই করবে। সে ক্ষেত্রে শেরপা ও প্রতিষ্ঠান শুধু সহযোগী। তবে এ ক্ষেত্রে হিমালয়ান গাইডসের বেশ সুনাম রয়েছে। কোন প্রতিষ্ঠান থেকে বছরে কতজন পর্বতারোহী এভারেস্ট অভিযানে যাচ্ছে—শুধু এ সংখ্যার দিক থেকেও যদি বিবেচনা করি, তাহলে খোঁজ নিয়ে দেখেছি যে হিমালয়ান গাইডস এই মুহূর্তে তৃতীয় অবস্থানে রয়েছে। আর সুনাম রয়েছে দেখেই না পর্বতারোহীরা তাদের সঙ্গে এভারেস্টে যাচ্ছে।’ তাঁর কাছ থেকে এ কথা শুনে আশ্বস্ত হলাম।কোমল অরিয়াল আসলে নেপালের কাঠমান্ডুুতে বসে আমি যাওয়ার আগ পর্যন্ত সব ঝামেলা সামলেছেন। প্রথমত, অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে শেরপাদের বকেয়া বেতন পরিশোধে দেরি হওয়ায় তাঁদের বুঝিয়ে রাখা এবং সেই অভিযানে ইকুইপমেন্ট শপের মালিককে তাঁর পাওনার ব্যাপারে আশ্বস্ত রাখা; দ্বিতীয়ত, এই এভারেস্ট অভিযানের যাবতীয় আয়োজনের দেখভাল করা, কোন প্রতিষ্ঠান আমার জন্য ভালো হবে, শেরপারা কে কে এভারেস্ট অভিযানে একেবারে সঠিক সহযোগিতার মনোভাব নিয়ে আমার সঙ্গে থাকবেন ইত্যাদি কোমল করেছেন তাঁর ব্যবসার ফাঁকে ফাঁকে। নেপালের এই বন্ধু এভাবে চিরদিনের জন্য তাঁর কৃতজ্ঞতার বন্ধনে জড়িয়েছেন।কথা প্রসঙ্গে তিনি একবার বলেও ফেললেন, ব্যবসা সামলে এ অভিযানের সবকিছু দেখভাল করতে গিয়ে এমনও নাকি বহুদিন গেছে, যেদিন তিনি দুপুরে খাওয়ার কথা ভুলে গেছেন। এ সময় তাঁকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, ‘এ কারণেই আপনি কোমল, আমার বন্ধু। এ অভিযানের অর্থ কীভাবে জোগাড় করেছি, তা তো আপনি জানেনই। কিন্তু কোন কোন প্রতিষ্ঠান এভারেস্ট অভিযানে স্পন্সর করতে পারে, এটা তো আগেভাগে কেউই জানতাম না। তাই গত দেড় থেকে দুই মাস খুব কম দিনই আমি আপনার মতোই দুপুরে খাওয়াদাওয়া করেছি। সকালে নাশতা করে স্পন্সরের খোঁজে বের হতাম। এরপর একেবারে সন্ধ্যায় গিয়ে আবার খেয়েছি।’এ কথা শুনে এবার তাঁর চক্ষু চড়কগাছ। বারবারই কোমল বলতে লাগলেন, ‘মুসা বলে কী! সে নাকি গত দেড় মাস দুপুরে না-খাওয়া! তাহলে এভারেস্ট অভিযানে যেমন শারীরিক সক্ষমতা প্রয়োজন, তা তো মনে হয় মুসার নেই।’ এবার সোম বাহাদুর যখন বললেন, ‘এটা তেমন কোনো সমস্যা নয়, বেসক্যাম্পে গিয়ে অ্যাক্লেম্যাটাইজ করতে পারলেই হলো’, তখন কোমল থামলেন।এদিন সন্ধ্যার ঠিক আগে এভারেস্ট অভিযান আয়োজক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে দেখা হলো। তিনি জানালেন, সবকিছু ঠিকঠাক চললে আগামী ১০ এপ্রিল রওনা দেব এভারেস্টের উদ্দেশে। প্রথম গন্তব্য তিব্বতের সীমান্তের ঝাংমু (উচ্চতা ৯,৮০৭ ফুট)।এরপর গেলাম হোটেলে। সেখানে গিয়ে আমার ব্যক্তিগত পর্বতারোহণ-সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করে এভারেস্ট অভিযানে আর কী কী কিনতে হবে, তার একটা তালিকা তৈরি করা হলো। এরপর পরদিনের কর্মপন্থা নির্দিষ্ট করে বিদায় নিলেন সোম বাহাদুর আর কোমল অরিয়াল। [email protected] [বাকি অংশ আগামী পর্বে]