শুরুটা যেভাবে হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপাচার্য এ আর মল্লিকের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী তানভির আনিস l ছবি: সংগৃহীত
১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপাচার্য এ আর মল্লিকের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী তানভির আনিস l ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে ইতিহাসবিদ ড. আবদুল করিমের পরামর্শে ফিরে এসেছি চট্টগ্রামে। তখন এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্র আমি, যার দ্বারোদ্ঘাটনই হয়নি। শহর থেকে দূরে নতুন বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার সুযোগও জোটেনি কখনো। মনে একধরনের রোমাঞ্চ। নাসিরাবাদ হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের ‘কাকাসান’ ভবন। এই বাড়িতেই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কার্যালয়। ছোট একটা বাড়ি। প্রকল্প পরিচালক (পরে উপাচার্য) অধ্যাপক এ আর মল্লিক বাস করতেন একই বাড়ির দোতলায়।
ঢাকা থেকে ফিরে এসে কাকাসানের কার্যালয়েই ভর্তি ফরম সংগ্রহ করতে গেলাম। বিশ্ববিদ্যালয়ের জন্য ফতেহপুরের জঙ্গল পশ্চিমপট্টি মৌজায় স্থান নির্ধারণ করা হয়েছে। প্রকল্প এলাকায় তখনো একাডেমিক কোনো কার্যক্রম আরম্ভ হয়নি। এ–সংক্রান্ত কোনো কার্যালয়ও নেই। ভর্তি ফরম পূরণ করে জমাও দিলাম ‘কাকাসান’-এ। ফরম পূরণ করায় পেলাম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের সাইক্লোস্টাইলে ছাপা আমন্ত্রণপত্র। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন আমার বাবা সাংবাদিক ও রাজনীতিবিদ সেকান্দার হোসেন। বাবা ও আমি একসঙ্গে গিয়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে। এর আগে হাটহাজারির এই এলাকায় যাওয়ার সুযোগ হয়নি আমার। সেখানে যানবাহন চলাচলের রাস্তাও ছিল না। শুনেছি, আইয়ুব খান হেলিকপ্টারে এসে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই দুর্গম স্থানে। বিশ্ববিদ্যালয় নির্মাণের সুবিধার্থে গ্রাম্য একটি আঁকাবাঁকা পায়ে চলার কাঁচা পথকে তড়িঘড়ি প্রশস্ত করে ট্রাক চলার উপযুক্ত করা হয়েছিল। মনে আছে, ধূলিধূসর কাঁচা রাস্তা, বিল—এসব পার হয়ে আমরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাই। টিলাময় সে স্থানে সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্ম প্রত্যক্ষ করার বিরল সুযোগ হয়েছিল।
১৯৬৬ সালের ২৮ নভেম্বর আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। নতুন ক্যাম্পাসে ইতিহাস বিভাগের জন্য বরাদ্দ ছিল একটি মাত্র ক্লাসরুম। আটজন ছাত্রীসহ ইতিহাস বিভাগে আমরা ভর্তি হয়েছিলাম ৫৪ জন। প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিলেন ৪৭ জন শিক্ষার্থী। মাত্র দুজন শিক্ষক নিয়ে ইতিহাস বিভাগ একাডেমিক কার্যক্রম শুরু করে। তাঁদের একজন ড. আবদুল করিম, অন্যজন ড. জাকিউদ্দিন আহমদ। আমরা শহরের সিনেমা প্যালেসের সামনে হাটহাজারি যাওয়ার বাসস্ট্যান্ড থেকে দুটি বিশেষ বাসে করে প্রতিদিন ভোরে বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিতাম। ড. আবদুল করিম প্রথম ক্লাসটি নিলেন। ক্লাসে শিক্ষার্থীদের পরিচিতি পর্বে বিভাগ থেকে একটি পত্রিকা প্রকাশের প্রস্তাব পেশ করেছিলাম করিম স্যারের কাছে। এ জন্য ক্লাসের পর তিনি অফিসে দেখা করতে বললেন আমাকে। পরে স্যারের সঙ্গে ইতিহাসবিষয়ক একটি গবেষণা পত্রিকা বের করার পরিকল্পনা হয়।
শহরের শিক্ষা-সাংস্কৃতিক জীবনের এক কর্মচঞ্চল গণ্ডি থেকে তখন এসে পড়েছি ফতেহপুরের জঙ্গলের পশ্চিমপট্টির নির্জনতায়। থাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোস্টেলের ১৫ নম্বর কক্ষে। তখনো হলের পত্তন হয়নি। ইতিহাস পত্রিকা বের করার তোড়জোড় আরম্ভ হওয়ায় ক্লাসের চার দেয়ালের বাইরে কিছু করার সুযোগ পাওয়া গেল। স্যারের ছাত্র কাম সহকারীতে পরিণত হলাম আমি। লেখা সংগ্রহ শুরু হলে করিম স্যার ও মল্লিক স্যারের ইংরেজিতে লেখা প্রবন্ধের বিশেষ বিশেষ অংশ বাংলায় অনুবাদের দায়িত্ব বর্তায় আমার ওপর। প্রচ্ছদের ডিজাইন করার জন্য সবিহদার (শিল্পী সবিহ-উল আলম) বাসায় ধরনা দিচ্ছি। এই অবস্থায় স্যার একদিন ডেকে বললেন, ‘তোমারও একটি লেখা যাবে এ সংখ্যায়। জাকি তোমাকে বিস্তারিত জানাবে।’ আমি আকাশ থেকে পড়লাম। মল্লিক স্যার, করিম স্যার, জাকি স্যারের লেখার সঙ্গে আমার লেখাও ছাপা হবে। আমি কি গবেষণা জানি? এই অবস্থায় বিলেত থেকে জাকি স্যারের সংগৃহীত একটি আর্কাইভাল উপাদানকে তারই তত্ত্বাবধানে প্রবন্ধে পরিণত করার কৌশলও কিছু জানা হলো। এখন মনে হয়, এ কাজের উদ্দেশ্য ছিল এক ছাত্রকে প্রণোদনা দেওয়া।
নোয়াখালী (ফেনীর) বিলোনিয়ায় তখন কিছু পুরাকীর্তি আবিষ্কৃত হয়েছিল। ঢাকার পাকিস্তান অবজারভার পত্রিকায় এই সংবাদ ছাপা হওয়ার পর করিম স্যারের নেতৃত্বে আমরা কয়জন ছাত্র এক ছুটির দিনে বিলোনিয়া গিয়েছিলাম। চলতে চলতে দু–একটি স্থাপত্য চোখে পড়ল, যার আদল আগে দেখিনি। মনে পড়ে, ছোট কুমিরার হাম্মাদ্যার মসজিদের বক্রাকৃতির ছাদটি দেখে করিম স্যারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। স্যার বলেছিলেন, আবার আসবেন এই এলাকায়।
১৯৬৭ সালের মে মাসের প্রথমার্ধে তিন দিন আমরা ক্ষেত্র সমীক্ষায় (ফিল্ড ওয়ার্ক) ব্যয় করলাম। চষে বেড়ালাম চট্টগ্রাম থেকে ধুম পর্যন্ত রাস্তার আশপাশের পুরাকীর্তিগুলো খতিয়ে দেখে। জরিপ চলাকালে আমরা বেশ কয়েকবার পরাগলপুর গিয়েছিলাম। ছুটি খাঁ মসজিদের ভগ্নাবশেষ পুরাকীর্তির জগতে আমাদের স্বাগত জানাল। করিম স্যার মেহরাবের খিলান ও কয়েকখানা শিলালিপি ইতিহাস বিভাগে সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আমাদের সঙ্গের গাড়িতে এত ভারী পাথরের পুরাকীর্তি বহনের উপায় ছিল না। পরে একদিন আমার বড়দার (আমার শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে মাবুদ দা নামে পরিচিত, এখন থাকেন কানাডায়) ট্রাকে করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি এই সংগ্রহ। পেট্রলের দাম দিয়েছিলেন করিম স্যার। প্রশাসনিক সহায়তা জুগিয়েছিলেন চট্টগ্রামের তৎকালীন ডেপুটি কমিশনার আবু জাফর ওবায়দুল্লাহ খান।
চারটি বিভাগের শ দু-এক ছাত্রছাত্রী, সাতজন শিক্ষক ও অল্প কয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রাথমিক অবস্থায় ছোট পরিসরের ক্যাম্পাসে আমাদের নিরন্তর ব্যস্ত-সময় কাটত। ১৯৬৭–১৯৬৮ সালের একাডেমিক বর্ষে দম ফেলার ফুরসত পাইনি। ইতিহাস পত্রিকার পরপর পাঁচটি সংখ্যা প্রকাশনার কাজে করিম স্যারের সহযোগী হওয়ার দুর্লভ সুযোগ হয়েছিল আমার। এর মধ্যে আলাওল হল বার্ষিকী, ইউনিভার্সিটি টাইমস এবং একুশের সংকলন সূর্যতোরণ সম্পাদনা করেছি। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবন ছিল সৃষ্টির আনন্দে মুখর।
আলাওল হল ইউনিয়ন প্রথমবারের মতো গঠিত হলে দায়িত্ব পেয়েছিলাম বার্ষিকী সম্পাদকের। ইতিহাস বিভাগের ছাত্রদের তৎকালীন পশ্চিম পাকিস্তানে শিক্ষা সফর এবং কুমিল্লা ময়নামতি প্রত্নক্ষেত্র শিক্ষাসফর আয়োজনের সাংগঠনিক কিছু দায়িত্বও পালন করেছি। তখন মৌলিক গণতন্ত্রের যুগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচনও মৌলিক গণতন্ত্রের আদর্শে অনুষ্ঠিত হয়েছিল। প্রত্যেক শ্রেণি থেকে ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় দুজন করে প্রতিনিধি। ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এককভাবে এবং ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ ও ছাত্রলীগ যৌথভাবে ‘সংহতি’ নামের প্যানেলে ভোটযুদ্ধে অংশ নেয়। ইতিহাস বিভাগে আমাদের শ্রেণি থেকে প্রতিনিধি নির্বাচিত হই আমি। এরপর প্রতিনিধিদের ভোটে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছিলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নাটক সিকান্দার আবু জাফরের মহাকবি আলাওল মঞ্চায়ন, রাঙামাটিতে বার্ষিক বনভোজন, বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, নবীনবরণ, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ প্রথম একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের কথা আজও মনে পড়ে।
লেখক: সদস্যসচিব, চিটাগং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ।