
কক্সবাজারের টেকনাফে গ্রামে গ্রামে লবণ তোলার উৎসব শুরু হয়েছে। এবার মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় স্বস্তি নিয়েই লবণ উৎপাদনে নেমেছেন চাষিরা। প্রতিবছর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত লবণ উৎপাদন চলে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা, লেদা, আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, পেন্ডলপাড়া, চৌধুরীপাড়া এবং টেকনাফ সদরের নাজিরপাড়া ও মৌলভীপাড়ায় লবণ মাঠে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। এখানকার চাষিরা পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদন করছেন।
সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও হ্নীলার লেদা গ্রামের চাষিরা জানান, একসময় এখানকার অধিকাংশ জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হতো। তবে চলতি লবণ মৌসুমে ভালো দাম পাওয়ায় এখন লবণ মাঠ তৈরির কাজ চলছে।
হ্নীলার আলীখালী গ্রামের লবণচাষি কেফায়েত উল্লাহ জানান, তিনি প্রতি কানি (৪০ শতক) জমি ১৫ হাজার টাকায় বর্গা নিয়ে লবণ উৎপাদন করছেন। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তিনি প্রায় ৯০ মণ লবণ তুলতে পেরেছেন। তিনি আরও জানান, গত বছর এ সময়ে প্রতি মণ লবণের দাম ছিল ২৪০ থেকে ২৮০ টাকা। এখন মৌসুমের শুরুতে (জানুয়ারিতে) মাঠপর্যায়ে চাষিরা প্রতি মণ লবণ বিক্রি করছেন ৩৪০-৩৭০ টাকায়।
সাবরাং আছারবনিয়া গ্রামের লবণচাষি আজিজুল হক বলেন, লবণের দাম এভাবে থাকলে বিগত কয়েক বছরের লোকসান চলতি মৌসুমে কাটিয়ে ওঠা সম্ভব হবে। সরকার বিদেশ থেকে লবণ আমদানির কোনো ধরনের অনুমতি না দিলে দেশীয় চাষিরা ন্যায্যমূল্য পাওয়ার আশা বুকে ধারণ করছেন। গত পাঁচটি বছর প্রতি মণ লবণের সর্বোচ্চ দাম ছিল ১২০-২২০ টাকা।
টেকনাফ উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শফিক মিয়া বলেন, উপজেলায় প্রায় ২৪ হাজার একর জমিতে লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে ১৪ হাজার পরিবার। গত কয়েক বছর লবণের ন্যায্য দাম না পাওয়ায় ৯০ শতাংশ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিসিকের কক্সবাজার কার্যালয়ের তথ্যমতে, গত মৌসুমে কক্সবাজারের ছয় উপজেলা কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার ৬৪ হাজার ১৫১ একর জমিতে লবণ চাষ হয়। এর মধ্যে ৪ হাজার ১৫১ একর মাঠে চাষ (জোয়ারের পানি প্রবেশ করায়) বন্ধ রাখা হয়। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয়েছিল ১৫ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদনের ঘাটতি থাকায় সরকার বিদেশ থেকে দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমতি দেয়।
এবার জেলায় লবণ চাষ হয়েছে ৬০ হাজার একর জমিতে। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। অন্যদিকে টেকনাফে ২ হাজার ৭০০ একর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ হাজার ২০০ মেট্রিক টন।
এ প্রসঙ্গে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের টেকনাফের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, টেকনাফসহ জেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। প্রতি মণ লবণ উৎপাদন করতে চাষিদের খরচ হচ্ছে ১৬০-১৭৫ টাকা, বিক্রি হচ্ছে ৩৪০-৩৭০ টাকা।