মৌসুমের শুরুতেই হোঁচট খেলেন কক্মবাজারের মহেশখালীর লবণচাষিরা। ১৫ দিনের মধ্যে দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে পানি জমে ব্যাঘাত হয়েছে লবণ উৎপাদন। এ নিয়ে হতাশ চাষিরা।
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌর এলাকা, কুতুবজোম, মাতারবাড়ি ও হোয়ানকের বিভিন্ন স্থানে লবণ মাঠ থেকে বৃষ্টির পানি সরাতে ব্যস্ত চাষিরা। বৃষ্টির মিঠা পানি সরিয়ে লবণাক্ত পানি দিচ্ছেন মাঠে।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার লবণচাষি মোজাম্মেল হক জানান, একবার বৃষ্টি হলে মাঠ লবণ উৎপাদনের উপযোগী করতে ছয় থেকে সাত দিন লেগে যায়। অথচ এই সময়ে একরপ্রতি ৭০ থেকে ৮০ মণ লবণ উৎপাদন সম্ভব হয়। এবার শুরুতেই বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়বেন চাষিরা।
লবণচাষি ও জমির মালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মহেশখালীতে লবণচাষির সংখ্যা প্রায় ১০ হাজার। গত বছরের ২৫ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর ও ১৬ জানুয়ারি বৃষ্টিতে অন্তত পাঁচ হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হয়েছে। ফলে এবার লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার লবণচাষি রিয়াজ উদ্দিন বলেন, ‘এবার লবণের ন্যায্যমূল্যের আশায় তিন একর জমিতে লবণ চাষ করছি। কিন্তু শুরুতেই ধাক্কা খেলাম। জানি না এই ক্ষতি পুষিয়ে উঠতে পারব কি না।’
জানতে চাইলে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহেশখালীতে অন্তত পাঁচ হাজার একর জমিতে পুরোদমে লবণ চাষ চলছে। কিন্তু ১৫ দিনের মধ্যে দুই দফা বৃষ্টিতে মাঠ পর্যায়ে লবণ উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে। এর পরও আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কারণ, আগামী ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদন করা যাবে।