শুশুকের বিপদ
নিথর শুয়ে আছে গাঙ্গেয় শুশুক। পেছনে কৌতূহলী একদল মানুষ। আড়াই মণ ওজনের শুশুক শিকারের গর্বে হাসি এ কান-ও কান হয়ে গেছে কারও কারও। কেউ বা আবার কায়দা করে হাত ঠেকিয়েছেন মৃত শুশুকটার গায়ে। হাসিটা খুব চেনা ঠেকে? হ্যাঁ, সেকালের বাহাদুর বাঘশিকারিদের মুখে এ রকম হাসি দেখা যেত বলেই জানি আমরা। মৃত বাঘের গায়ে পা রেখে এভাবেই ছবি তুলতেন ওস্তাদ শিকারিরা। ওসব দিন গেছে কবে! বাঘ শিকার এখন বড়সড় দণ্ডনীয় অপরাধ। প্রায় একই রকম অপরাধ নির্বিচারে শুশুক হত্যাও।মাথা আর চোখের আশপাশে বড়সড় ক্ষতচিহ্নই বলে দিচ্ছে শুশুকটার জীবনাবসান হয়েছে ধারালো কিছুর আঘাতে। তার মানে স্বাভাবিক মৃত্যু নয়। হত্যা করা হয়েছে জল দুনিয়ার ‘ভদ্দরলোক’ হিসেবে খ্যাত এই গাঙ্গেয় শুশুককে। জলের উপকারি আর বুদ্ধিমান প্রাণী হিসেবেই পরিচিত তারা। পেছনের মানুষগুলোকে কি এবার একটু অন্য রকম লাগছে? বেদনাদায়ক হলেও সত্যি, তাদের এ গাল-ও গাল হাসির আড়ালে আসলে লুকিয়ে আছে অজ্ঞানতা। ছবিটা যেন আমাদের অসচেতনতা আর অজ্ঞানতারই প্রতীক হয়ে ধরা দেয়। আর পত্রিকার পাতায় (প্রথম আলো, ৬ জানুয়ারি, ২০১১) প্রকাশিত ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে ‘জেলেদের জালে ধরা পড়া শুশুক’ কথাটিও খুব অসার লাগে। আমাদের বুঝতে হবে, শুশুকটি বুঝে-শুনে এসে জেলেদের জালে ধরা দেয়নি। আর যদি ভুল করেও জালে আটকে থাকে, তারপরও সুযোগ ছিল। শুশুকটিকে অনায়াসে ছেড়ে দেওয়া যেত তার জায়গায়। সেটি হয়নি। কোঁচবিদ্ধ শুশুকটিকে তাই মেনে নিতে হয়েছে অকাল মৃত্যু। —ইকবাল হোসাইন চৌধুরী