শুষ্ক মৌসুমে মরা বর্ষায় সর্বনাশা মাতামুহুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমত্তা মাতামুহুরীর স্রোতধারা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। জেগেছে চর। কোথাও হাঁটুপানি কোথাও ধু ধু বালুচর। যে মাতমুহুরীর ঘাটে ভিড়ত মিয়ানমার ও ভারতের পণ্যবাহী বড় বড় ট্রলার ও নৌকা, নৌপথে যাতায়াত করা যেত দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। যা এখন শুধুই স্মৃতি। স্থানীয় লোকজন জানান, বান্দরবানের লামা-আলীকদম ও কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার বুক চিরে খরস্রোতা মাতামুহুরী প্রবাহিত হয়েছে। এ নদীকে ঘিরে এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সৃষ্টি হয়েছে। আর নদীর তীর ও চরের পলি পড়া উর্বর জমিতে শুষ্ক মৌসুমে সবজি ও বোরোখেত করে এখানকার কৃষকেরা সোনার ফসল ঘরে তুলত। কিন্তু আজ সেই অবস্থা নেই। এখন পানির অভাবে কৃষকেরা ফসল ফলাতে পারে না।নদীতীরের জেলেরা জানান, মাতামুহুরীর মিঠাপানিতে জাল ফেললেই বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। ঝাঁকে ঝাঁকে ইলিশসহ সামুদ্রিক মাছও ধরা পড়ত। এ নদীতে ছিল কুমিরও। ১৫-১৬ বছর ধরে নদীর দৈন্যদশা শুরু হয়েছে। এখন শুষ্ক মৌসুমে মরা, বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে। অনুসন্ধানে জানা গেছে, মাতামুহুরী নদীর উৎপত্তিস্থলে নির্বিচারে বৃক্ষনিধন, পাথর আহরণ, অপরিকল্পিত জুমচাষ ও নদীতীরের ভরাট চর দখল করে বাঁধ দিয়ে ঘের তৈরির কারণে নদী ক্রমশ ভরাট হয়ে গেছে। বৃক্ষনিধন: লামা, আলীকদম ও চকরিয়ার পাহাড়ি এলাকায় নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পাহাড় ন্যাড়া হয়ে পড়েছে। এতে বর্ষায় বৃষ্টির পানিতে পাহাড় ধুয়ে মাটি ও বালু গড়িয়ে পড়ছে নদীতে। এভাবে দীর্ঘদিন ধরে বৃক্ষনিধন অব্যাহত থাকায় পাহাড়ি ছড়া ও ঝিরি মরে গেছে এবং নদী পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে।পাথর উত্তোলন: লামা ও আলীকদমের পাহাড়গুলোতে দীর্ঘদিন ধরে পাথর আহরণ অব্যাহত রয়েছে। পাহাড়ি ছড়া, ঝিরি ও পাহাড় খুঁড়ে বোল্ডার পাথর আহরণ করা হয়। পরিবেশগত বিবেচনায় পাহাড়ের পাদদেশ থেকে পাথর আহরণের নিয়ম না থাকলেও প্রশাসনে নাকের ডগায় এ কাজ চলে আসছে। এতে ধ্বংস হয়ে পড়ছে পাহাড়ি ছড়া ও ঝিরি। আর এর প্রভাব পড়েছে মাতামুহুরী নদীতে। বর্ষায় পাহাড়স্নাত বালু ও মাটি এসে ভরাট হয়ে যাচ্ছে নদী।তীর দখল করে বাঁধ দিয়ে ঘের তৈরি: মাতামুহুরী নদীর নিচের দিকে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নদীতীরের জেগে ওঠা চরে অবাধে বাঁধ দিয়ে ঘের তৈরি করা হয়েছে। এতে নদী সংকুচিত হয়ে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এ ছাড়া নদীর সংযোগ খালগুলোও দখলে চলে গেছে। ফলে পানি চলাচল বিঘ্নিত হয়ে নদী ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে আলাপে জানা গেছে, মাতামুহুরী নদীর আট জায়গায় ১০-১২ বছরের মধ্যে অন্তত আটটি বড় সেতু নির্মাণ করা হয়েছে। বর্তমানে দুইটি রাবার ড্যাম নির্মাণাধীন রয়েছে। এসব অপরিকল্পিত স্থাপনাও নদী ভরাট হওয়ার অন্যতম কারণ বলে চিহ্নিত করা হচ্ছে।বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী বলেন, মাতামুহুরী নদী শুষ্ক মৌসুমে আশীর্বাদ হলেও বর্ষায় অভিশাপ হয়ে উঠেছে। প্রতিবছর বন্যা ও ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। একই মন্তব্য করে কৈয়ারবিলের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। তিনি বলেন, এ নদী খনন করা না গেলে এ অঞ্চলে আগামী দিনে বর্ষায় বসবাস করা কঠিন হয়ে পড়বে।চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মাতামুহুরী নদীর কয়েকটি অংশে খননের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে তদবির করা হচ্ছে।