শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ রস
রুশ রস

ব্যাচেলর জীবনযাপন করতে করতে অতিষ্ঠ হয়ে উঠে শূন্য সিদ্ধান্ত নিল, মাল্টিপ্লাইড হবে। নজর গেল আট-এর দিকে। ভালো করে তাকে দেখল: একেবারে প্রায় শূন্যের মতোই, গোলগাল; তবে কোমরটা সরু।
শূন্য এগিয়ে গেল আটের দিকে, ঘুরে ঘুরে দেখল তাকে। আটও বেজায় খুশি। বয়স হয়েছে তার। মাল্টিপ্লাইড হওয়ার স্বপ্নও তার বহুদিনের।

আটের আত্মীয়রা এল। পুরোনো ও শ্রদ্ধাভাজন সব সংখ্যা: ৮৮, ৮৮৮, এমনকি ৮৮৮৮৮-এর মতো বিশাল সংখ্যারও সাগ্রহ উপস্থিতি দেখা গেল।

মাল্টিপ্লাইড হলো আট আর শূন্য। শূন্য বেজায় খুশি। অবশেষে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হতে লাগল। তার উপস্থিতিতে আটকে কেউ লক্ষই করছে না। শূন্যের দাপটে সে মুছে গেছে। ব্যাপারটা শেষে এমন দাঁড়াল যে আট কোথায় হারিয়ে গেল, কেউই বলতে পারে না। অবশ্য সেটাই তো হওয়ার কথা ছিল। কারণ ০X৮=০।

নতুন বান্ধবী খুঁজতে শুরু করল শূন্য। খুঁজে পেল পাঁচকে। সংখ্যাটা নেহাত মন্দ নয়। তবে এবারে মাল্টিপ্লাইড হতে মন চাইল না। স্থির করল, আধুনিক ধাঁচে লিভ টুগেদার করবে।

যে কথা সেই কাজ। পাঁচ আর শূন্য পাশাপাশি, দারুণ হলো ব্যাপারটা: ৫০। পাঁচ বেড়ে গেল ১০ গুণ, আর শূন্য বাড়ল কত গুণ, তা কি কেউ জানে!
‘কী গো, ভালো লাগছে?’ শূন্য জিজ্ঞেস করল পাঁচকে। ‘ছিলে নগণ্য পাঁচ হয়ে, আর এখন?’
‘আমি কী যে সুখী!’ জানাল পাঁচ।
‘সুখী হবে না মানে!’

এ নিয়ে শূন্য খোঁটাতে থাকল সারাক্ষণ। পাঁচের আর সহ্য হলো না। বলল, ‘এমন সুখের চেয়ে আমি বরং নগণ্য পাঁচ হয়েই থাকব।’
বলে শূন্যকে ছেড়ে গেল সে।

আর শূন্যর তখন বান্ধবীর প্রয়োজন সবচেয়ে বেশি। বুড়ো হয়ে পড়েছে, শরীর-স্বাস্থ্য জীর্ণ। অনেক কষ্টে কোথাকার কোন দুইকে খুঁজে পেল।
‘এমন ছোঁক ছোঁক করো কেন?’ বিরক্তির সঙ্গে দুই বলল। ‘আমার সঙ্গে যোগ হতে চাইলে হও, নইলে ভাগো এখান থেকে।’

এভাবেই দুইয়ের সঙ্গে যোগ হলো শূন্যের: ২+০, এর ফলাফল কী দাঁড়াল?
২+০=২

শূন্যের খেলা সাঙ্গ হলো। বেশি চালাকি করতে গিয়েছিল! এখন তার অস্তিত্ব আর নেই। তার সমাপ্তি ঘটেছে।
তখন খুদে খুদে যে সংখ্যাগুলো শূন্যের চেয়েও নিচে থাকত, তারাও না বলে পারল না, ‘এত বোকা ছিল শূন্যটা! একেবারে গোলাকৃতি গর্দভ!’