শূন্য থেকে শিখরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলবয় থেকে গলফ চ্যাম্পিয়ন। প্রায় শূন্য থেকে উঠে এসে প্রথম বাংলাদেশি গলফার হিসেবে জিতেছেন এশিয়ান ট্যুর। সিদ্দিকুর রহমান এবার মালয়েশিয়ায় গেলেন পিজিএ ট্যুর স্বীকৃত টুর্নামেন্ট খেলতে। দেশের অন্যতম সফল এই ক্রীড়াবিদকে নিয়ে এবারের মূল রচনা।খাঁ খাঁ রোদ্দুর। কুর্মিটোলা গলফ ক্লাবে ইতস্তত দাঁড়িয়ে থাকা গাছগুলো সে রোদ্দুরের তাপ ঠেকাতে পারছে না। হাতের গলফ ক্লাবে ভর করে রোদ্দুরে দাঁড়িয়ে আছেন তিনি।তাঁকে ঘিরে আছে একগাদা ক্যামেরা। দূর থেকে শোনা যাচ্ছে অনুরোধ—আরেকটু আলোয় এসে দাঁড়ান ভাই, একটু জোরে শট মারার ভঙ্গি করুন। কোনো প্রতিবাদ করেন না তিনি। বিনয়ী হেসে অনুরোধ রাখেন।অনুরোধের পর্ব শেষ করে ক্লান্ত মানুষটি এসে বসেন ছায়ায়। নিজেই বলে ওঠেন, ‘পাঁচ দিন হলো ঢাকায় এসেছি। এখন পর্যন্ত একবেলা মাত্র বাসায় ভাত খেতে পেরেছি।’ পাশ থেকে এক সাংবাদিক বলে ওঠেন, ‘হবে না কেন? আপনি এখন দেশের অন্যতম বড় তারকা।’অন্যতম বড় বললে কি ঠিক বোঝা গেল? তিনি এ দেশের অন্তত একটি ক্ষেত্রের ইতিহাস-রচয়িতা, পথপ্রদর্শক ও সফলতম মানুষ। তিনি গলফ তারকা সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান একজন গলফ তারকা।সিদ্দিকুর এমন কিছু টাইগার উডস, গ্রেগ নরম্যান হয়ে যাননি। এমনকি এই বাড়ির পাশের জীব মিলখা সিংয়ের সাফল্য এখনো তাঁর ধরাছোঁয়ার অনেক ওপরে। তার পরও সিদ্দিকুরের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। কেন এই গুরুত্ব, তা বুঝতে বার্তা সংস্থা এএফপির একটি কথা শোনাই যথেষ্ট, ‘এই একজন সিদ্দিকুর রহমানের কারণে গলফ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামটি অন্তর্ভুক্ত হয়েছে।’এরপর আর ব্যাখ্যার দরকার আছে?ধামালকোট থেকে কুর্মিটোলাসংগ্রামটা শুরু করেছিলেন সিদ্দিকুরের বাবা আফজাল হোসেন। ১৯৮৪ সালের ২০ নভেম্বর আফজাল সাহেবের মেজো ছেলে সিদ্দিকুরের জন্ম। জন্ম থেকেই অভাব তাঁর নিত্যসঙ্গী।মাদারীপুরের নিতান্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ আফজাল হোসেন তাঁর দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছিলেন সেই স্বাধীনতার পরপর; স্রেফ পেটের দায়ে। কখনো ট্যাক্সি, কখনো অটোরিকশা চালাতেন। ঢাকা শহরের খানিকটা বাইরে ধামালকোট বলে একটা জায়গায় বস্তিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওখানেই সংসারে এল আরও দুই ছেলে।সে এক নিদারুণ দুঃসময়। ঘরের বাইরে সেই দুঃসময়টা টের পেতেন আফজাল সাহেব। আর ঘরে সময়ের সঙ্গে লড়তে হতো আফজাল সাহেবের স্ত্রী, সিদ্দিকের মা মনোয়ারা বেগমকে। সেই দিনগুলোর কথা মনে করে এখনো আঁচলে মুখ ঢাকেন মনোয়ারা বেগম, ‘কত কষ্টের কথা, বাবা! ছেলেগুলা তিনবেলা ঠিকমতো খাইতেও পাইত না। একটা ভালো পোশাক পরতে পাইত না।’সিদ্দিকুর নিজেও সেই সময়ের কথা মনে করে কোথায় যেন হারিয়ে যান, ‘সত্যিই খুব কষ্ট গেছে। শুধু আমার না। পরিবারের সবাই খুব কষ্ট করত। তার মধ্যেও আব্বা-আম্মা কিন্তু আমাদের ভালোর জন্য তাঁদের সর্বোচ্চ করার চেষ্টা করেছেন।’তা তো করেছেনই। আফজাল সাহেব চেষ্টা করেছেন, এই দারিদ্র্যের মধ্যেও ছেলেগুলো যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে। তবে ছেলেদের মানুষ করার পথে আফজাল সাহেবকে ঘিরে ধরেছিল অন্য এক দুশ্চিন্তা।ধামালকোট জায়গাটার ‘সুনাম’ ছিল সন্ত্রাস আর নেশার আড্ডা হিসেবে। আফজাল সাহেবের দুশ্চিন্তা শুধু, ছেলেগুলো অসৎ সঙ্গে বখে না যায়! শ্মশ্রুমণ্ডিত মুখটাতে হাত বোলাতে বোলাতে আফজাল হোসেন বলছিলেন, ‘ভয় হইত, ছেলেগুলান এলাকার ছেলেপিলের মতো বখাটে হয়ে না যায়। আল্লাহর অশেষ রহমত যে তা হয় নাই। কিন্তু তখন আমার মাথায় একদিকে সংসারের চিন্তা, আরেক দিকে ছেলেগুলোরে নিয়ে দুশ্চিন্তা।’সংসারের দুশ্চিন্তা তো যায় না। তবে ছেলেদের ‘বখে যাওয়া’বিষয়ক দুশ্চিন্তা গেল পাশের বাড়ির একটি ছেলের কল্যাণে। ছেলেটি একদিন এসে বলল, ‘চাচা, ওদের গলফ ক্লাবে নিয়ে যাই। বল কুড়িয়ে কিছু টাকা পাবে।’ সেই শুরু, তার পর থেকে দ্রুত কেমন আফজাল সাহেবের দুনিয়াটা বদলে গেল। কী কী হয়, সবকিছু টেরও পান না। তবে টের পান ছেলেগুলো, বিশেষ করে, মেজো ছেলে সিদ্দিক নতুন কী এক খেলা নিয়ে মেতে উঠেছে। বাধা দেন না আফজাল সাহেব—অন্তত সেনাবাহিনীর স্যারদের সঙ্গে ভালো তো থাকছে ওরা।ধামালকোট থেকে কুর্মিটোলা, মাইল খানেক দূরত্বের অন্য এক দুনিয়ায় চলে আসেন সিদ্দিকুর।লোহার গলফ ক্লাবকুর্মিটোলায় গলফের দুনিয়াটা তখনো বাংলাদেশের শৌখিন খেলোয়াড়দের হাতে। দেশের উচ্চবিত্ত অংশের মানুষেরা, বিশেষ করে, সেনাবাহিনীর কর্মকর্তারা শখে এবং সময় কাটাতে গলফ খেলেন। চোখ বড় বড় করে ভাইদের সঙ্গে মিলে সেই খেলা দেখেন সিদ্দিকুর।শুধু খেলা দেখলে তো পেট ভরে না। কাজ করতে হয়—স্যারদের শট করা বল কুড়িয়ে আনতে হয় দূর-দূরান্ত থেকে। সারাটা বিকেল ওরকম বল কুড়িয়ে কুড়িয়ে দিনশেষে গোটা তিরিশেক টাকা মেলে। টাকা দিয়ে সিদ্দিকুরের প্রাপ্তি তো বোঝা যাবে না।এই বল কুড়ানোর ছলে শুরু হয়ে যায় আসলে সিদ্দিকুরের স্বপ্ন কুড়ানো। কুর্মিটোলা গলফ ক্লাবে বসে আজকের সফল সিদ্দিকুর রহমান হাসতে হাসতে বলছিলেন, ‘আসলে ওই সময় স্যারদের খেলা দেখে দেখেই খেলাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মনে হতো, একদিন এই খেলাটা খেলতে পারলে মন্দ হতো না।’স্বপ্নটা আরও দৃঢ় হলো একটা ‘পদোন্নতি’তে। বলবয় থেকে ‘ক্যাডি’ হয়ে গেলেন সিদ্দিকুর। মানে, খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে তাঁর ক্লাবভর্তি ব্যাগ নিয়ে নিয়ে হাঁটতে হবে, প্রয়োজনে টুকটাক সহযোগিতা করতে হবে। এবার গলফকে আরও কাছ থেকে, আরও খুঁটিয়ে দেখেন সিদ্দিকুর। গলফার হওয়ার স্বপ্নটা আরও শক্ত হয়।বাড়িতে এসে ভাবতে শুরু করেন, কীভাবে গলফার হওয়া যায়! তার তো দামি জুতা নেই; বাবার তো হাজার টাকা দিয়ে গলফ ক্লাব কিনে দেওয়ার সামর্থ্য নেই। কীভাবে হবে? যুগে যুগে এই প্রশ্নের সমাধান কীভাবে যেন করে ফেলেন এই মোহাম্মদ রফিক, সিদ্দিকুর রহমানরা।একটা ঝালাইয়ের দোকানে গিয়ে লোহার রড দিয়ে গলফ ক্লাবের মতো একটা জিনিস বানিয়ে নেন। হাওয়ায় ঘুরিয়ে দেখেন, বেশ তো! এতেই চলবে। শুরু হয় সিদ্দিকুরের গলফ খেলা।একদিকে পড়াশোনা, আরেক দিকে টাকার জন্য ক্যাডি হিসেবে কাজ করা, এর ফাঁকে রড দিয়ে বানানো ক্লাব দিয়ে খেলা—সিদ্দিকুরের কী দারুণ ব্যস্ত সময়। সময়টা মনে করতে পারেন ওঁর মা, ‘স্কুল থেকে আইসাই আবার ক্লাবে ছুটত। আমি বলতাম, “বাবা, ঘরে তো খাওয়ার কিছু নাই।” সিদ্দিক একটুও মুখ কালা করত না। বলত, ‘‘সমস্যা নাই, আম্মা”।’সমস্যা থাকলে চলবে কী করে? সিদ্দিকুরকে গলফার হতে হবে না?সোনালি পথএই দশকের শুরুর দিকে গলফ ফেডারেশনের কর্মকর্তারা উদ্যোগ নিলেন দেশে প্রতিযোগিতামূলক গলফ শুরু করার। সে জন্য বিবেচনাপ্রসূতভাবেই তাঁরা বেছে নিলেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো থেকে আসা এই বলবয়-ক্যাডি হয়ে খেলা শুরু করা গলফারদের। সেই গলফারদের মধ্যে ছিলেন সিদ্দিকুরও।সিদ্দিকুরের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর একসময়ের কোচ বাবু আহমেদ বলছিলেন, ‘সে সময় অনেকে ভেবেছিল, ও খুব বেশি দূর যেতে পারবে না। আকারে একটু ছোট, গায়ে তুলনামূলক শক্তি কম। কিন্তু ওর অনুশীলনে একাগ্রতা দেখে আমি নিশ্চিত ছিলাম, ভালো করলে ওর পক্ষেই সম্ভব।’অনুশীলনে কেমন একাগ্রতা? আবার বাবু আহমেদের কথা শোনা যাক, ‘সবাইকে বলা হতো, সকাল আটটা থেকে অনুশীলন শুরু হবে। কেউ নয়টায় আসত, কেউ ১০টায়; ও সাড়ে সাতটায় এসে হাজির হতো।’এ যেন রমাকান্ত আচরেকার বলছেন শচীন টেন্ডুলকার সম্পর্কে! আমাদের ‘টেন্ডুলকার’ও এই কঠোর অনুশীলনের পুরস্কার পেতে শুরু করলেন। একে একে ১২টি অপেশাদার গলফ টুর্নামেন্টের শিরোপা জিতে ফেললেন সিদ্দিকুর। বাংলাদেশে জিতলেন পাঁচটি শিরোপা, দুটি করে জিতলেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে; একটি ভারতে।এশিয়ার অপেশাদার গলফে হু হু করে আসতে থাকা এই সাফল্য সিদ্দিককে উৎসাহিত করল গলফের সত্যিকারের জগৎ পেশাদার দুনিয়ায় চলে যেতে। ২০০৮ সালে শুরু হলো সিদ্দিকুরের পেশাদার গলফ-জগৎ। তখন ভরসা ছিল ভারতীয় সার্কিটের বিভিন্ন টুর্নামেন্ট। ২০০৮ ও ২০০৯ সালে ভারত ও বাংলাদেশ সার্কিটের চারটি পেশাদার শিরোপা জিতলেন সিদ্দিকুর। কিন্তু আসল সোনালি সময়টা ধরা দিল এসে ২০১০ সালে। প্রথম বাংলাদেশি গলফার হিসেবে সুযোগ পেলেন এশিয়ান ট্যুরে অংশ নেওয়ার। কয়েকটা ট্যুর গেল। তারপর এল সেই ব্রুনাই ওপেন। আগস্টের ১ তারিখ ব্রুনাইতে ইতিহাস রচনা করলেন সিদ্দিকুর। দক্ষিণ আফ্রিকার জেবি ক্রুগারকে হারিয়ে জিতে ফেললেন ক্যারিয়ারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা। আন্তর্জাতিক গলফ অঙ্গনে পর্যন্ত পরিচিত হয়ে গেল সিদ্দিকুরের নাম।এই একটি শিরোপাই সিদ্দিকুরের জীবনটা বদলে দিল। কতটা বদলে দিল, তা টের পেয়েছিলেন কদিন পর সুইজারল্যান্ডে ওমেগা ওপেন খেলতে গিয়ে। ভারতের গলফ গ্রেট জীব মিলখা সিং কাছে এসে অভিনন্দন জানালেন। অভিনন্দন জানালেন সর্বকালের সেরা গলফারদের একজন গ্রেগ নরম্যান পর্যন্ত।এর পর তো আকাশে উড়তেই থাকার কথা। তাই উড়ছেন সিদ্দিকুর। এই সেদিন তাইওয়ানের মারকিউরিস মাস্টার্স ওপেনে শেষ দিন পর্যন্ত শীর্ষে থেকেও টাইব্রেকারে হেরে গিয়েছেন; জেতা হয়নি আরেকটি এশিয়ান ট্যুর শিরোপা। তাতে কিচ্ছু যায় আসে না। ওই পারফরম্যান্স দিয়ে সিদ্দিকুর উঠে এসেছেন এশিয়ান গলফারদের র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। সেই সুবাদে সিদ্দিকুর এখন পিজিএ স্বীকৃত টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়ায়।কদিন পর মেজর টুর্নামেন্টের বাছাই। খুব কঠিন বাছাই, দুনিয়ার হাজার হাজার গলফার জীবনজুড়ে এই বাছাইপর্ব পার হওয়ার চেষ্টা করেন। সিদ্দিকুর হেসে বলেন, ‘দু-এক বছরের মধ্যেই বাছাইপর্ব পার হয়ে মেজর খেলব।’এখন সিদ্দিকুরের প্রতিটি কথায়, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চাহনিতে ফুটে ওঠে এই অসম্ভব আত্মবিশ্বাস। এখন সিদ্দিকুরের সুবাদে সংসারে সচ্ছলতা। সিদ্দিকুরের সুবাদে আমাদের মুখে গর্বের হাসি। আর সিদ্দিকুর?তিনি হেসে বলেন, ‘আরও অনেক কিছু জেতার বাকি।’