নেত্রকোনার গারো পাহাড়ের পাদদেশে সুসং দুর্গাপুর গ্রাম। পাশেই সবুজে ঘেরা সুরেশ্বর নদ। প্রকৃতির এমন লীলাভূমিতে মেতে থাকেন এক ছেলে। নাম তাঁর মাহমুদুল হাসান। পরিবার ও বন্ধুমহলে অবশ্য তাঁর পরিচয় সোহাগ নামে। বনবাদাড়ে, নদীতে হুড়োহুড়ি আর খেলাধুলা নিয়েই কাটে সারা দিন। সাংবাদিক ও আলোকচিত্রী বাবা প্রকৃতি প্রেমে মুগ্ধ ছেলেকে ঘরমুখী করতেই একদিন মাহমুদের হাতে রং-তুলি তুলে দেন। শুরু হলো রঙের খেলা। ছেলের আঁকিবুকিতে স্কুলশিক্ষক মায়েরও উৎসাহের কমতি নেই। স্কুলের পাঠ শেষে ঘরে ফিরেই রংতুলি নিয়ে বারান্দায় বসে আঁকতে থাকেন, যা দেখেন তা-ই। তাঁর আঁকা ছবি দেখে স্কুলশিক্ষকেরাও মুগ্ধ। ছড়িয়ে পড়ল তাঁর ছবি আঁকার গুণের কথা। এভাবে শুরু।এরপর উপজেলা, জেলা, বিভাগে যেখানেই ছবি আঁকা প্রতিযোগিতা, সেখানেই মাহমুদের অংশগ্রহণ এবং সেরা পুরস্কার নিয়ে ফিরে আসা। এসএসসির পাট চুকিয়ে কলেজে উঠেই মাহমুদ দারুণ সাহসী এক কাজ করলেন—দুর্গাপুর মুক্তিযোদ্ধা কাউন্সিলে মুক্তিযুদ্ধভিত্তিক একক চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন। বই পড়ে আর বাবার মুখে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনে মুক্তিযুদ্ধের চেতনায় আঁকা তাঁর ৫০টি ছবি নিয়ে এই প্রদর্শনী। খুদে চিত্রশিল্পী হিসেবে চারদিকে পরিচিত হয়ে ওঠেন মাহমুদ। সবার উৎসাহ আর বাহবা। তার পর থেকেই মাহমুদ স্বপ্ন দেখতে শুরু করেন বড় শিল্পী হওয়ার। এইচএসসি পাস করে চলে আসেন ঢাকায়। ভর্তিযুদ্ধের লড়াইয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে সুযোগ হলো। ভাস্কর হবেন, এমন ভাবনা ছিল না। দেশবরেণ্য ভাস্কর আবদুর রাজ্জাক, শামীম শিকদার প্রমুখের সংস্পর্শে এসে নতুন উদ্যমে কাজ শুরু করলেন। কাঠ, মাটি, লোহা বা ফেলে রাখা যেকোনো জিনিসকেও যে অপূর্ব অবয়ব দিয়ে সবাইকে চমকে দেওয়া যায়, ভাস্কর্যে না পড়লে তা জানাই হতো না। চারুকলার প্রথম সাফল্য এল ২০০০ সালে—বার্ষিক প্রদর্শনীতে সেরা ভাস্কর্যের পুরস্কার। তারপর ২০০২ সালে পেলেন শিল্পকলা একাডেমী আয়োজিত ১৪তম নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর সেরা ভাস্কর্য পুরস্কার। ২০০৫ সালে পেলেন শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬তম জাতীয় শিল্পকর্ম প্রদর্শনীর সেরা ভাস্কর্য পুরস্কার। তার দুই বছর পর ২০০৯ সালে শিল্পকলা একাডেমী আয়োজিত ১৮তম জাতীয় শিল্পকর্ম প্রদর্শনীতে গ্র্যান্ড প্রাইজ পেয়ে নবীন শিল্পীদের মধ্যে হইচই ফেলে দেন সোহাগ।বাইরে এত কাজ আর পুরস্কার পেতে গিয়ে ক্লাসের পড়ায় মোটেও ছাড় দেননি মাহমুদ। সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম (২০০৬) মাস্টার্স পরীক্ষায়ও সর্বোচ্চ ফল প্রথম শ্রেণীতে প্রথম (২০০৯) হয়েছেন। সর্বশেষ জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী ২০১৩ ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার পান মাহমুদ। জাতীয় জাদঘুরে এ প্রদর্শনী ১০ এপ্রিল ২০১৩ পর্যন্ত চলবে। কাজে এত সাফল্য কীভাবে এল? প্রশ্ন করতেই হাস্যমুখে মাহমুদ বলেন, ‘আমার কাজের বৈশিষ্ট্য হলো একাগ্রতা, আমি যখন কোনো থিম নিয়ে কাজ করি, তাতে শতভাগ মন নিবিষ্ট করি, কাজে নতুনত্ব আনতে সর্বোচ্চ চেষ্টা করি।’ নিজস্ব স্টুডিওতে এখন নিজেই কাজ করে চলেছেন মাহমুদ। মেধাবী এই তরুণ ভাস্কর্য স্বপ্ন দেখেন আন্তর্জাতিক মানের আদর্শ ভাস্কর হওয়ার।