
বাঁশখালীর প্রেমাশিয়া বাজার–সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় বসে আছেন দিনমজুর মো. ফারুক। বিধ্বস্ত চেহারা। চোখের নিজে কালি। হাতে একটি মুড়ির পোঁটলা। শক্ত করে ধরে আছেন সেটি। আরও অনেক দুর্গত মানুষের মতো ফারুকের অপেক্ষা মন্ত্রীর জন্য। টাকা ও ত্রাণ পাবেন এই আশা। ঘূর্ণিঝড়ের কথা তুলতেই চোখের পানি টলমল। অস্ফুট স্বরে বলেন, ‘শেষ, সব শেষ।’
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যায় খানখানাবাদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুকের মা জুলেখা বেগম ও দুই বছর বয়সী মেয়ে মুন্নী আকতার। পানি নামলে উদ্ধার করা হয় তাঁদের মরদেহ। ঝড় তছনছ করে দিয়েছে ফারুকদের পরিবার। মা-মেয়েকে তো হারিয়েছেন, তার সঙ্গে ভেসে গেছে মাথা গোঁজার ঠায়টুকুও। ভিটেয় এখন ঘরের চিহ্নই নেই। ভিটেতে গত সোমবার দুপুর পর্যন্তই ছিল পানি।
সেদিনের কথা মনে করতেই ফারুকের চোখে-মুখে ভর করে আতঙ্ক। বললেন, ‘ঘরে মুহূর্তে কোমরসমান পানি উঠে যায়। আমরা বের হয়ে পড়ি। আমার মেয়ে মুন্নী ছিল তার দাদির কোলে। ছেলেটিকে আমি ধরি। ঘর থেকে বের হয়ে মূল সড়কে ওঠার পথটি আরও নিচু। সেখানে তখন গলা পর্যন্ত পানি। একপর্যায়ে ঝোড়ো বাতাসের সঙ্গে বড় একটি ঢেউ আছড়ে পড়ে আমার মায়ের ওপর। তারপর...’ এটুক বলে থামলেন ফারুক। মুখ দিয়ে আর কথা বেরোয় না।
ফারুকের পাশে থাকা ছোট ভাই তারেক কথা টেনে নিয়ে বললেন, মা যখন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছেন তখন আমি দুজনকে রক্ষার চেষ্টা করি। মুন্নীকে টেনেও ধরেছিলাম। কিন্তু আরেকটি ঢেউয়ের ধাক্কায় সে আমার হাত থেকে ছুটে যায়।
ঘূর্ণিঝড় রোয়ানু শুরু হয় বেলা ১১টা থেকে। এই পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছিল পৌনে ১২টার দিকে। ততক্ষণে দেরি হয়ে গেছে। দ্রুত পানি বেড়ে যায়। তাই ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের সঙ্গে টিকে থাকাই দায় হয়ে পড়ে।
ফারুক বলেন, মা ও মেয়ে পানিতে তলিয়ে যাওয়ার পর আমরা কোনো রকমে বড় রাস্তায় উঠি। আমরা বউ আহাজারি করে কাঁদছিল। আমিও। কিন্তু কোথায় খুঁজে পাব তাঁদের। তখন তো এই রাস্তাটি (বড় রাস্তাটি দেখিয়ে) ছাড়া এখানে আর কোনো শুকনো জায়গা নেই। পানি আর পানি। যেন এটিও একটি সাগর।
ছেলে ওয়াসের (৪) এবং বাকিদের নিয়ে ওই দিন পাশের একটি দোতলা ভবনে আশ্রয় নেন ফারুক। ঝড় থেমে গেলে দুই হারানো স্বজনকে খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। যেখানে তলিয়ে গিয়েছিল তার থেকে অনেক দূরে পাওয়া যায় নাতনি-দাদির মরদেহ।
শুকনো জায়গার অভাব তখন। দাফন করার মতো জায়গা খুঁজে পাওয়াও কষ্টকর হয়ে পড়ে। পরে ভাটা শুরু হলে পানি কিছুটা কমে আসে। তারপর ফারুক মা ও সন্তানকে দাফন করেন। একদিকে স্বজন হারানোর ব্যথা, অন্যদিকে নিজেদের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তাঁদের রোয়ানু।
নিজেদের পেট ততক্ষণে খিদে-তেষ্টায় টনটন করছে। কিন্তু খাবার কোথায়? আশ্রয়কেন্দ্রে গেলে মিলল চিড়া। চোখের জলে তা-ই খেল সবাই।
তারেক বললেন, ‘রোববার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ভাত খেলাম। কিন্তু মা ও মুন্নীর কথা ভুলতে পারি না।’
বলতে বলতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া হাজির হলেন মাদ্রাসায়। একে একে নাম ঘোষণা করে প্রত্যেকে নিহত ব্যক্তির জন্য নগদ ২০ হাজার টাকা করে তুলে দিলেন স্বজনদের হাতে।
মা ও মেয়ের জন্য ৪০ হাজার টাকা নিয়ে বাড়ির পথে পা বাড়ালেন দুই ভাই। নিজেদের বাড়ি নয়, একটু দূরে আত্মীয়ের বাড়িতেই আছেন এখন। হয়তো ওই টাকা দিয়ে শূন্য ভিটেতে আবার ঘর তুলবেন তাঁরা। আবার জীবনসংগ্রামে নামবেন। কিন্তু স্বজন হারানোর ব্যথা পোড়াবে সব সময়ই।