শূন্যতার যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বেঁচে থাকাটাই যেন গণিতের হিসাব-নিকাশের মতো। জীবনে কতটুকু হিসাবের প্রয়োজন, হিসাবটা কেমন? নাকি সবকিছুতে শূন্যতাই সার। শূন্যেই সৃষ্টি, শূন্যেই শেষ। সবকিছু যেন শূন্যে মিলে যায়। সব শূন্যতা নিয়ে নাটক শূন্য। ৯ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পিকটোরাইম পিকচার্স নিবেদিত শূন্য টিভি নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। নাটকটি রচনা করেন দীপঙ্কর দস্তিদার, চিত্রনাট্য ও পরিচালনায় হিন্দোল রায়, ক্যামেরায় কমলচন্দ্র দাশ, সম্পাদনায় সানী চৌধুরী, শব্দ গ্রহণে রিপননাথ, আবহসংগীতে পিন্টু ঘোষ, শীর্ষ সংগীতে চিরকুট এবং প্রযোজনায় মোরশেদ হিমাদ্রী হিমু। এতে অভিনয় করেন ইন্তেখাব দিনার, জাকিয়া এজাজ মম, জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌফিকুল ইসলাম ইমন, বিধান তপু, দীপঙ্কর দস্তিদার, ইমতিয়াজ বর্মণ ও দেবাশীষ বিশ্বাস রুপম।নাটকটির কাহিনি এমন: গণিতপ্রেমী তন্ময়। গণিতের মহাকাশে যার বিচরণ। ছাদের ওপর ছোট এক নিরালা নীড়ে তার বসবাস, দিনযাপন। নীরবতা খুঁজতে খুঁজতে সে এই নতুন বাড়িতে উঠেছে। এই নীরবতা তন্ময়কে যেন আরও গভীর কোনো তন্ময়তায় নিয়ে যাচ্ছে। এই বিশ্বসংসারে গণিত ছাড়া তার আর আপন কেউ নেই। নতুন এই ভাড়াবাড়িতে প্রথম সন্ধ্যায় তন্ময়ের সঙ্গে অনামিকার পরিচয় হয়। অনামিকা পাশের রুমে থাকে। প্রতি সন্ধ্যায় দুজনের মধ্যে কথাবার্তা হয়। এই আলাপচারিতার মধ্যেই জন্ম হয় নতুন ভাবনার। তন্ময় খুঁজে পায় একজন বন্ধু, যার কাছে জীবনের সহজতর সুন্দর ব্যাখ্যা আছে।তন্ময়ের মনে হয় অনামিকা যেন নিজেরই ভেতরে লুকিয়ে থাকা কোনো সত্তা। যে সত্তা অনামিকারূপে তন্ময়ের জীবনে নতুন আলোর সন্ধান দেয়। কিন্তু হঠাৎ একদিন অনামিকা আর আসে না। তন্ময় খুঁজে ফেরে অনামিকার না-আসার কারণ। খুঁজতে গিয়ে তন্ময় অদ্ভুত এক সত্যের মুখোমুখি হয়।