
‘কী ঘর বানালাইম আমি শূন্যের মাঝার?’ হাসন রাজার এই গানটিই যেন স্থপতিদের সৃষ্টির প্রেরণা। শূন্যতায় সৃষ্টির মহিমা রেখে যাওয়াতেই তাঁদের সার্থকতা। এই কারণেই বুঝি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য দিবসের স্লোগান ছিল ‘কনসেপ্ট ভয়েড’। তরজমা করলে যার অর্থ দাঁড়ায় শূন্যের ধারণা।
গত ৩০ মার্চ রোববার চুয়েট ক্যাম্পাসে প্রথমবারের মতো উদ্যাপিত হয় এই দিবস। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতেই এই দিবসের আয়োজন। শোভাযাত্রা, স্থাপত্যবিষয়ক প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।
উৎসব উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক রঙিন আল্পনা দিয়ে রাঙানো হয়েছিল। সুদৃশ্য ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা উৎসবের আমেজ সৃষ্টি করেছিল ক্যাম্পাসে।
বেলা সাড়ে ১১টায় মুখোশ ও ব্যানার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। শোভাযাত্রা শেষে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় মিলনায়তনের পাশে স্থাপত্যবিষয়ক প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. হজরত আলী, ইনস্টিটিউট ফর আর্কিটেক্টস অব বাংলাদেশর (আইএবি) সভাপতি আবু সায়েদ মো. আহমদ ও আইএবি চট্টগ্রামের সভাপতি স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর। বেলা সাড়ে বারোটায় কেন্দ্রীয় খেলার মাঠে স্থপতি ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক উৎসব।
স্থাপত্য বিভাগের এই আয়োজন উপভোগ করতে তখন সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সম্পর্কের আড়ালে শিরোনামে নাটক প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরপর চুয়েটের স্থাপত্য বিভাগ নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। ছিল লোকগান, নাচ, পুঁথিপাঠের ছন্দে পুতুল নাচ ও রম্য যাত্রা। রাজা-বাদশাহর আমলে চুয়েট ক্যাম্পাসের কাল্পনিক ছবি তুলে ধরা হয় রম্য যাত্রায়।
শেষে বসে গানের আসর। শিক্ষার্থীদের সঙ্গে সমানতালে গান করেছেন শিক্ষক- শিক্ষিকারাও। এরপর রাত ১১টায় বাউল গানের মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দ আয়োজনের।