শূন্যস্থানে কে আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প সময়ের ব্যবধানে মারা গেছেন আওয়ামী লীগের দুই নেতা—সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং উত্তর জেলা শাখার সহসভাপতি ও সাবেক সাংসদ রফিকুল আনোয়ার। তাঁদের অনুপস্থিতিতে কে আসছেন নেতৃত্বে, চলছে নানা আলোচনা। এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন একরামুল হকআনোয়ারায় জাবেদই ধরছেন হাল?আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শূন্য হয়েছে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসন। তাঁর শূন্য স্থানে কে আসছেন এ নিয়ে চলছে আলোচনা, হিসাব-নিকাশ। বড় ছেলে ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ নাকি মেজো ছেলে আনিসুজ্জামান চৌধুরী হচ্ছেন বাবার উত্তরসূরি—নেতা-কর্মীরা আছেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে। তবে পারিবারিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বড় ছেলে জাবেদই ধরবেন হাল।জানা যায়, আনোয়ারা-কর্ণফুলী আসনে বাবুর মৃত্যুর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করে শূন্য আসন পূরণ করতে হবে। ৪ নভেম্বর সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরারা কেন্দ্রের দিকে চেয়ে থাকলেও আওয়ামী লীগে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। তা ছাড়া নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নিতে পারে বলে জানা গেছে। যদিও এই আসনে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি নেই। সূত্র আরও জানায়, আগামী উপ-নির্বাচনে আনোয়ারা থেকে মনোনয়ন চাইতে পারেন প্রয়াত সাংসদের বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী। এ নিয়ে তাঁদের পরিবারে সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র জানায়। তা ছাড়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপালী ব্যাংকের পরিচালক আবুল কালাম চৌধুরী মনোনয়ন চাইবেন প্রধানমন্ত্রীর কাছে। তবে, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক তপন চক্রবর্ত্তী এককভাবে প্রার্থী হওয়ার কথা জানালেও কেন্দ্রের দিকে চেয়ে আছে বিএনপি।নির্বাচন করার ব্যাপারে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসলে বাবার মৃত্যুর পর বড় ছায়া হারিয়েছি আমরা। এখনো শোক কাটিয়ে উঠতে পারিনি। সময় তো এখনো আছে। দেখি না কি হয়। তবে সবার ইচ্ছার বাইরে যেতে পারি না। আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান।’আনোয়ারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আখতারুজ্জামান বাবুর জীবদ্দশায় তাঁর মেজো ছেলে আনিসুজ্জামান চৌধুরী মাঠে-ময়দানে চষে বেড়িয়েছেন। নানা রকম সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। এতে এলাকাবাসীর কাছে তাঁর পরিচিত ফুটে উঠেছে। এ কারণে এলাকায় তাঁর যেমন গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে, তেমনি দলীয় কর্মীদের ঠিকাদারির কাজ পাইয়ে দেওয়া নিয়ে রয়েছে নানা সমালোচনাও। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে আনিসুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক বলেন, ‘বাবু ভাইয়ের অবর্তমানে জাবেদই দেবেন আনোয়ারার আওয়ামী লীগের নেতৃত্ব। সেক্ষেত্রে তিনিই উপ-নির্বাচনে লড়বেন।’এদিকে, আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’ বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। অবশ্য তিনি বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক তপন চক্রবর্ত্তী বলেন, ‘আমি উপ-নির্বাচনে অংশ নিচ্ছি। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।(প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেন মো. মোরশেদ) ফটিকছড়িতে সনি বনাম পেয়ারু সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল আনোয়ারের মৃত্যুর পর ফটিকছড়িতে দলীয় রাজনীতিতে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। তাঁর পরিবর্তে কে ধরবেন দলের হাল তা নিয়ে এলাকার লোকজনের মনে নানা জল্পনা-কল্পনা চলছে। গত জাতীয় সংসদ নির্বাচনে রফিকুল আনোয়ার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর পরিবর্তে দলের সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম ওরফে পেয়ারু নির্বাচন করে হেরে যান। এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আনোয়ার সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করেছেন। এ কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং কোনো নির্বাচনে হারেননি। তাঁর মাপের জনপ্রিয় নেতা ফটিকছড়ি আওয়ামী লীগে নেই বলে এলাকার লোকজন মনে করছেন। যার প্রমাণ ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। ওই নির্বাচনে পাশের এলাকা রাউজানের বাসিন্দা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম হেরে যান। ফটিকছড়ির একাধিক ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে আলাপে জানা যায়, পেয়ারুল ইসলামের প্রচেষ্টায় এলাকায় ব্যাপকভাবে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। তবে এসব উন্নয়নের পরও নানা কারণে পেয়ারুল ইসলামের ভাবমূর্তি সেভাবে গড়ে ওঠেনি। এ অবস্থায় রফিকুল আনোয়ারের বিকল্প কে? এমন প্রশ্নের জবাবে ফটিকছড়ির রোসাঙ্গীরি ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিউল আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ে রফিকুল আনোয়ারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাঁর মেয়ে খাদিজাতুল আনোয়ার ওরফে সনিকে নির্বাচিত করা গেলে তা ফটিকছড়িবাসীর জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’অন্য একটি ইউনিয়নের চেয়ারম্যান নাম প্রকাশ না করে বলেন, ‘সনির সঙ্গে এলাকার অনেকেই নিয়মিত যোগাযোগ করে তাঁকে রাজনীতিতে আসার পরামর্শ দিয়েছেন। কারণ সনিই রফিকুল আনোয়ারের শূন্যস্থান পূরণ করতে পারেন।’ বাবুনগর গ্রামের বাসিন্দা মো. দৌলত শওকত বলেন, ‘এখানে রফিকুল আনোয়ারের পরিবারের যে কেউ নির্বাচন করলে জেতার সম্ভাবনা রয়েছে। অন্যথায় আসনটি এবারও আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যেতে পারে।’ সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ‘ফটিকছড়িতে রফিকুল আনোয়ারের বিকল্প হিসেবে পেয়ারুল ইসলামের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ তাঁর মতে, সনি রাজনীতি করেননি। তাই রাজনীতির মারপ্যাঁচ বুঝে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করা তাঁর জন্য কঠিন হবে। জানতে চাইলে সনি প্রথম আলোকে বলেন, ‘বাবা ছিলেন ফটিকছড়িবাসীর সুখ-দুঃখের সঙ্গী। পরিবারের চেয়ে তিনি এলাকার লোকজনকে বেশি সময় দিতেন। তাঁর মৃত্যুতে ফটিকছড়ির রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে বলে এলাকার লোকজন আমাকে জানিয়েছেন। অনেকেই আমার কাছে এসে সরাসরি রাজনীতিতে আসার জন্য আমাকে ক্রমাগত চাপ দিচ্ছেন।’ সনি আরও বলেন, ‘রাজনীতিতে আসার ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাব বলে শুভাকাঙ্ক্ষী ও আমার বাবার ঘনিষ্ঠ লোকজনকে জানিয়েছি।’ সনির রাজনীতিতে আসা এবং নির্বাচন করার সম্ভাবনা সম্পর্কে এ টি এম পেয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক সংগঠন। নির্বাচন করতে অনেকের আগ্রহ থাকতেই পারে। রাজনীতিতে আসা কিংবা নির্বাচন করার আগ্রহ যাঁরই থাকুক না কেন দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। কারণ প্রধানমন্ত্রী যাঁকে চাইবেন তিনি মনোনয়ন পাবেন।’পেয়ারুল ইসলাম আরও বলেন, ‘গত সংসদ নির্বাচনের পর থেকে আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এলাকায় ১৮১ কোটি টাকার উন্নয়নকাজ করিয়েছি। এ ছাড়া একটি বিচারিক হাকিম আদালত চালু করা, নতুন পৌরসভা করা, ভুজপুরে নতুন সাবরেজিস্ট্রি কার্যালয় চালু ও রাবার ড্যাম করা, ফটিকছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন ইত্যাদি আমার উদ্যোগেই হয়েছে। আমি যে কাজ করেছি তা আর কোনো আমলে হয়নি।’ জনগণের কাছে তাঁর ভাবমূর্তি সংকটের ব্যাপারে এক প্রশ্নের জবাবে পেয়ারুল ইসলাম বলেন, ‘এই চার বছরে ফটিকছড়িতে কোনো খুনখারাবি, ডাকাতি কিংবা চুরির ঘটনা ঘটেনি। এলাকার লোকজন অনেক শান্তিতে আছে। আমার আশপাশে কোনো সন্ত্রাসী নেই। আমি এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।’ (প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেন এসএম আক্সাছ উদ্দিন)