শৃঙ্খলা ভঙ্গ: কাপ্তাই পলিটেকনিকের ১২ শিক্ষার্থীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ধরনের অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ১২ ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে বিএসপিআই থেকে বহিষ্কার করে বিভিন্ন জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়। একজনকে বহিষ্কার করা হয়েছে এক বছরের জন্য। এ সময় তিনি অন্য কোথাও ভর্তি হতে পারবেন না। এই শাস্তি আজ (৮ মে) থেকে কার্যকর হবে। বিএসপিআইর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোছাদ্দেকুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যক্ষ ছাত্রদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষ বলেন, ‘শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, ছাত্রাবাসে অবৈধ অবস্থান, শিক্ষার পরিবেশ নষ্ট করা, বিএসপিআইর সুনাম ক্ষুণ্ন করাসহ সার্বিকভাবে শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’উড ডিপার্টমেন্টের শিক্ষক আবদুল মতিন হাওলাদার বলেন, ‘কতিপয় ছাত্র সীমা ছাড়িয়ে গেছে। তারা শিক্ষকদের হুমকি পর্যন্ত দেয়। এ ব্যাপারে অধ্যক্ষ কাপ্তাই থানায় লিখিত অভিযোগও করেছেন।’ অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, লিটন চাকমা (এক বছরের জন্য বহিষ্কার), মো. নাজমুল ইসলাম, প্রীতম চৌধুরী, মো. ইকবাল হোসেন, মো. ইকবাল হাশেম, মো. আবুল হাসান, মো. তানভীর হোসেন, মো. মামুন আল রশিদ, মো. ফজলুল করিম, মো. আবু তৈয়ব, দীপক বড়ুয়া ও মো. নাঈম।এদিকে বদলির বিজ্ঞপ্তি পাওয়া শিক্ষার্থী প্রীতম চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘কোনো অপরাধ না করেও আমি শাস্তি পেয়েছি।’ তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য তিনি অধ্যক্ষের প্রতি আবেদন জানান। শাস্তি পাওয়া এক শিক্ষার্থীর বাবা নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা বিএসপিআইএ সন্তান পাঠিয়েছি শিক্ষা অর্জন করার জন্য। অপরাধ করলে তাদের শাস্তি হোক এটা আমরাও চাই। তবে এত বড় শাস্তি দেওয়ার আগে আমাদের জানানো হলে আমরা সন্তানদের শোধরানোর চেষ্টা করতাম।’ এ প্রসঙ্গে অধ্যক্ষ মো. মোছাদ্দেকুল বারী বলেন, ‘ছাত্রদের অপরাধ সম্পর্কে বরাবরই অভিভাবকদের জানানো হয়েছে। কিন্তু কোনো অভিভাবক এসে যোগাযোগ করেননি। কিছু শিক্ষার্থীর আচরণে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে।’ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ রকম পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।