
কালজয়ী ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সমাধি থেকে তাঁর মাথার খুলিটি অষ্টাদশ শতকে সম্ভবত চুরি হয়েছিল। যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রত্নবিদ কেভিন কোলস এক গবেষণায় এ উপসংহার টেনেছেন। এতে শেক্সপিয়ারের দেহাবশেষ নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে চাঙা হলো।
ইংল্যান্ডের মধ্যাঞ্চলে শেক্সপিয়ারের নিজ শহর স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনের হলি ট্রিনিট্রি চার্চে অবস্থিত সমাধিটি প্রত্ন গবেষকেরা রাডার স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করেছেন। এ নিয়ে একটি প্রামাণ্যচিত্র ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনে আগামীকাল শনিবার প্রচার করা হবে। শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০তম বর্ষপূর্তিকে (২৩ এপ্রিল) সামনে রেখে এই প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে।
গবেষক দলটির প্রধান কোলস বলেন, সমাধির মাথার দিকের প্রান্তে মেরামতকাজের চিহ্ন মিলেছে। এটি দেখে তাঁর মনে জোরালো ধারণা হচ্ছে, খুলিটা আসল নয়।
১৮৭৯ সালে প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছিল, অষ্টাদশ শতকের শেষ দিকে শেক্সপিয়ারের সমাধি থেকে খুলিটি চুরি গেছে। নতুন গবেষণা অনুযায়ী সমাধিটি ওই গির্জার মাত্র তিন ফুট নিচে অবস্থিত। আর শেক্সপিয়ারের মরদেহ কোনো ধাতব আবরণ ছাড়াই একটি সাধারণ কফিনে রেখেই সমাধিস্থ করা হয়েছিল।
স্ত্রী অ্যান হ্যাথওয়ের সমাধির পাশে শেক্সপিয়ারকে কবর দেওয়া হয়। স্থানটি এখন পর্যটনকেন্দ্রে রূপ নিয়েছে। স্থানীয় গির্জার প্রতিনিধি প্যাট্রিক টেইলর খুলি চুরি যাওয়ার তত্ত্বটি ‘বিশ্বাসযোগ্য নয়’ বললেও সমাধি খুলে দেখার অনুমতি দেননি। তিনি বলেন, ‘আমরা এই সমাধির পবিত্রতার প্রতি সম্মান অটুট রাখতে চাই। শেক্সপিয়ারের এমন ইচ্ছেই ছিল। এখানে গোলযোগের সুযোগ নেই।’