ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫২তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। এ উপলক্ষে ক্যাম্পাসে সকালে কেক কেটে দিনের কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টসের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সার্মেন রড্রিক্স, সাইফুর রহমান ও রিফাত তাসনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইরশাদ কামাল খান বলেন, উইলিয়াম শেক্সপিয়ার সাহিত্যজগতের এক অমূল্য সম্পদ। তাঁকে নিয়ে নিরন্তর গবেষণা চলছে এবং এই প্রচেষ্টা চলতেই থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, শেক্সপিয়ারের বিশেষত্ব ছিল মানুষের জীবন নিয়ে গবেষণা। ব্যক্তির দেশ-গ্রামের পরিচয় তাঁর কাছে বড় ছিল না।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শেক্সপিয়ার এমন এক মনীষী যাঁর মৃত্যুর ৪০০ বছরও আমরা তাঁকে স্মরণ করছি। তাই সংখ্যা নয়, গুণই হোক প্রধান বিবেচ্য বিষয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হাফসা, মুনিয়া, স্টেলা, তৃষা, লয়েড, জেরিন, পারভিন, তাবাসসুম, তাজরিন, সুমাইতাসহ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা শেক্সপিয়ারের বিভিন্ন লেখা থেকে পাঠ করে শোনান। এরপর শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করা হয়। শেষে শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাগাজিন নামে একটি দেয়ালিকার উদ্বোধন করেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।