এদিক-ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি, কোথায় গেল আমার বউ? তবে কি আসেনি বউ আমার! আর আমার টোপরই বা কোথায়? বর সেজে আসা মোস্তফা ব্যস্ত বউ শাওন আর নিজের টোপর খুঁজতে। এরই মধ্যে শর্মী হাজির মালিনীবেশে। বাংলা সন ১৪১৭-এর প্রথম প্রভাতে এ রকমই জমজমাট হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রাঙ্গণ। ও মা! আজ যে পয়লা বৈশাখ। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্র-উপাচার্য হারুন উর রশিদ, বাংলা বিভাগের চেয়ারম্যান নুরউর রহমান খান, অনুষ্ঠানের আহ্বায়ক রফিকউল্লাহ খানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে সাতটায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বিভাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয় শোভাযাত্রাটি।আনন্দ শোভাযাত্রায় উঠে আসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত চরিত্রগুলো। কী ছিল না এই আনন্দ শোভাযাত্রায়। রাধা-কৃষ্ণ, বর-বউ, বাউল-সাধক, কৃষক, মালিনী এমনকি সংগ্রামী লাঠিয়াল বাহিনীর দেখা মিলল এতে। ঢাক-ঢোলে আর একতারার শব্দে মুখরিত চারিদিক। এমন দৃষ্টিনন্দন বর্ণিল শোভযাত্রা মুগ্ধ করেছে সবাইকে। আশপাশের উৎসুক জনতার অনেকেই যোগ দেন এই শোভাযাত্রায়। সকাল নয়টা বাজতে না-বাজতেই জমে ওঠে কলাভবনের সবুজ চত্বর। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ। এরই মধ্যে মঞ্চে হাজির শ্রাবণ। এই বৈশাখে শ্রাবণ কেন! ব্যাপারটা কী? খোঁজ নিতেই জানা গেল, মাইক্রোফোন হাতে শ্রাবণ এ অনুষ্ঠানের সঞ্চালক। এরপর কানে ভেসে এল বাউলসংগীত ‘ভুইলো না মন তাহারে নিরিখ বাইন্দো না দুই নয়নে’। একদল তরুণ মঞ্চস্থ করেন মাইকেল মধূসদন দত্তের রচিত নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এরপর একে একে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, নাচ-গান আর নূপুরের রিনঝিন শব্দে মুখরিত হয় অনুষ্ঠান।বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। প্রাক্তন শিক্ষার্থী বিদ্যুৎ বিশ্বাস বলেন, ‘বিশেষ দিনগুলোতে নাড়ির টানেই বিভাগের পানে ছুটে আসি।’ বিভাগের চেয়ারম্যান নুরউর রহমান খান বলেন, ‘বিশ্বায়নের ফলে আমরা সংস্কৃতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এ ধরনের অনুষ্ঠান আমাদের নিয়ে যাবে শেকড়ের সন্ধানে।’অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, বাঙালি সংস্কৃতির শেকড় তো বাংলা নবর্বষের মধ্যে প্রথিত। বাংলা বিভাগের দায়িত্ব হলো এই শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা। নতুন প্রজন্মের মধ্যে বাঙালি চেতনার উন্মেষ ঘটানো। তাই এবারের বর্ষবরণ উদ্যাপনে নতুন মাত্রা যোগ করেছে বাংলা বিভাগের এই বর্ণিল আনন্দ শোভাযাত্রা। এবারের অনুষ্ঠানে স্লোগান ছিল, ‘ঐ নতুনের কেতন ওড়ে কালবৈশেখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’। যার লক্ষই হলো সারা জাতিকে তার মূলে প্রত্যাবর্তন করানো।