শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল শুরু হচ্ছে পটিয়া শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফুটবলের এই আসর ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ, চলছে প্রস্তুতি ও সাজসজ্জা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান, ১৩ এপ্রিল পটিয়া আর্দশ উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের। এ ছাড়া পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গেছে, ফুটবলকে জনপ্রিয় করা ও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার ১৭ ইউনিয়ন থেকে ১৭টি দল টুর্নামেন্টে অংশ নেবে।টুর্নামেন্ট কমিটির সমম্বয়কারী জসীম উদ্দিন জানান, ইতিমধ্যে উপজেলার ১৭টি ইউনিয়নে দল গঠিত হয়েছে। প্রতিটি দলকে একজন করে কোচ প্রশিক্ষণও দিচ্ছেন। পটিয়া আর্দশ উচ্চবিদ্যালয় ছাড়াও, হুলাইন ছালেহ নুর কলেজ, শোভনদন্ডি আলফা করিম উচ্চবিদ্যালয় ও কর্তলা বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে পটিয়া থেকে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। আমি চাই পটিয়া খেলাধুলার শহরে পরিণত হোক।’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল তিন লাখ এবং রানারআপ দল পাবে এক লাখ টাকা। পর পর তিনবারের চ্যাম্পিয়ন দলকে পুরস্কারের অর্থসহ পাঁচ ভরি স্বর্ণের ট্রফি দেওয়া হবে।