শেখ রাসেল ক্রীড়া সংসদের নামে বনভূমি দখলের চেষ্টা
শেখ রাসেল ক্রীড়া সংসদের নামে বনভূমি দখলের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বন বিভাগ। ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে ওই বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। এ ঘটনায় ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. মামুন মিয়া বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ১৮ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের মালুমঘাট বাজার এলাকায় দুই বছর আগে শেখ রাসেল ক্রীড়া সংসদের নামে স্থানীয় ফরিদুল আলম, রহমত উল্লাহ ও নূরুল আমিনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি চক্র ২০ শতক বনভূমি দখল করে। ওই জায়গায় চারটি আধাপাকা দোকান নির্মাণ করে ভাড়া দেয় চক্রটি। সম্প্রতি ওই দোকানগুলোর পাশে বন বিভাগের পরিত্যক্ত আরও ১০ শতক জায়গা দখল করে নতুন দোকান নির্মাণের উদ্যোগ নেয় তারা। ১৮ ডিসেম্বর সকালে ইট-বালু এনে নির্মাণকাজ শুরুর আয়োজন করলে খবর পেয়ে বনকর্মীরা এসে বাধা দেন। পরে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে উপকরণগুলো নিয়ে যান তাঁরা। তবে আগের দখল হওয়া জায়গার ওপর নির্মিত দোকানগুলো বহাল তবিয়তে রয়েছে।
১৯ ডিসেম্বর ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, মালুমঘাট বাজার এলাকায় শেখ রাসেল ক্রীড়া সংসদ নামে কোনো সংগঠনের তৎপরতা নেই। তবে দখলকৃত দোকানের সামনে সংগঠনের নামে একটি সাইনবোর্ড রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, গুটি কয়েক দখলবাজ ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে বন বিভাগের জায়গা দখল করে ফায়দা লুটছে।
যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রহমত উল্লাহ নিজেকে শেখ রাসেল ক্রীড়া সংসদের সভাপতি পরিচয় দিয়ে বলেন, ‘আমাদের সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত। আমরা কোনো বনভূমি দখল করিনি। আওয়ামী লীগের ভেতরের কিছু লোক শত্রুতাবশত ইন্ধন দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন বলেন, শেখ রাসেল ক্রীড়া সংসদ নামে কোনো সংগঠন এখানে নেই। কেউ আওয়ামী লীগের কোনো সংগঠনের নাম ব্যবহার করে দখলবাজি করলে তাদের পুলিশে দেওয়া উচিত।
ডুলাহাজারা বন কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, শেখ রাসেল ক্রীড়া সংসদের নাম ভাঙিয়ে চক্রটি এর আগে বন বিভাগের আরও তিনটি জায়গায় বনভূমি দখল করেছে। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ১৮ ডিসেম্বর ফরিদুল আলম, রহমত উল্লাহ ও নূরুল আমিনের বিরুদ্ধে অবৈধ দখল-চেষ্টার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা বনকর্মীদের হুমকি দিচ্ছেন। বিচারাধীন থাকায় আগের দখলকৃত জায়গায় হাত দেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহ-ই-আলম বলেন, শিগগিরই ওই এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পদক্ষেপ নেওয়া হবে। দখলবাজ যে-ই হোক না কেন, সরকারি সম্পদ উদ্ধারের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।