সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে নগর আওয়ামী লীগের কোন্দল মেটাতে কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন মেয়র প্রার্থী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির নগর ও জেলা কমিটির নেতাদের ডেকে কোন্দল মিটিয়ে দেবেন বলে আশা করছেন তিনি। ইতিপূর্বে একাধিকবার মহিউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘বড় দলে কোন্দল থাকে। কিন্তু নির্বাচন শুরু হলে সব ঠিক হয়ে যায়। এবারও অতীতের মতো সবাই একসঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ শুরু করবেন।’ কিন্তু গত শুক্রবার চশমা হিলের বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘দলে কিছু লোকজন এখনো আমার বিরোধিতা করছেন। তবে দলের বড় অংশটি আমার সঙ্গেই আছেন। তাই দু-একজনের বিরোধিতার ফলে আমার কোনো ক্ষতি হবে না।’ তিনি বলেন, ‘দলের কোন্দল নিরসনে সভানেত্রী উদ্যোগ নেবেন। আশা করি, এরপর দলে আর কোনো কোন্দল থাকবে না।’ এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই দলের কোন্দল নিরসন হোক। কিন্তু মহিউদ্দিন চৌধুরী তো সেটা চান না। কায়সার ভাই (প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার) একবার আমাকে কোন্দল নিরসন করার কথা বললেন। আমি বলেছি, আমার তো সমস্যা নেই। আগে মহিউদ্দিন চৌধুরী কী বলেন তা দেখেন। এরপর আর কোনো কথা নেই।’ তিনি বলেন, ‘কেন্দ্র যদি কোন্দল নিরসনের উদ্যোগ নেয় তবে খুব ভালো হয়। তবে অতীত কর্মকাণ্ডের কারণে ভোটারদের হূদয়ে ঢোকা মহিউদ্দিনের জন্য কঠিন হয়ে পড়বে।’ ২০০৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী ছিলেন নুরুল ইসলাম।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রার্থী একজন হলেও আওয়ামী লীগে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছাড়া আরও দুজন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হচ্ছেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে মনোনয়নপত্র নিলেও শেষ মুহূর্তে তা জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মহিউদ্দিন ভাই নির্বাচন করতে বেশি আগ্রহী। দল তাঁকে কিছুতেই থামাতে পারছেন না। তাই নীতিগতভাবে তাঁকেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। আর আমাকে দলের উচ্চপর্যায় থেকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে। আমি তা মেনে নিয়েছি।’ তিনি বলেন, ‘যেহেতু দল মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে তাই আমাকে তো দলের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।’ তবে দলের প্রবীণ নেতা ইসহাক মিয়া বলেছেন, ‘দল এখনো কাউকে মনোনয়ন দেয়নি। সে কারণে আমিও একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। সভানেত্রী যদি কাউকে চূড়ান্ত মনোনয়ন দেন, বাকিটা তখন দেখা যাবে।’মহিউদ্দিন চৌধুরী ইতিমধ্যে কোন্দল প্রশমিত করার লক্ষ্যে ১৫ মে সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী এবং ১৭ মে মোশাররফ হোসেনের বাসভবনে গিয়ে দেখা করেছেন। তাঁরা দলের উচ্চপর্যায়ের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এ প্রসঙ্গে আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘দল তাঁকে (মহিউদ্দিন) মনোনয়ন দিয়েছে। এখন আর বিরোধিতা করার কথা আসে না। আমরা চাই তিনি জিতে আসুক।’ দলীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন চৌধুরী দলের নেতাদের এসব কথা বিশ্বাস করতে পারছেন না। তাই মাঝখানে কারও ওপর ভরসা না করে দলীয় নেত্রীর দিকেই তাকিয়ে আছেন। বর্তমানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী ও খোরশেদ আলম ছাড়া বেশির ভাগ শীর্ষনেতাই মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নেই। জানা যায়, এবারের সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে বিকল্প কাউকে মনোনয়ন দিতে দলীয় নেতাদের একাংশ শুরু থেকেই সরব হন। তাঁরা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি দেন। এমনকি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকাও পাঠান কেন্দ্রে। এ অংশের কোনো কোনো নেতা ইতিমধ্যে চুপচাপ হয়ে গেলেও দলীয় কোন্দল থেমে গেছে—এমনটি কেউ দাবি করছেন না। এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের রণনীতিতে হয়তো ভিন্নতা আছে, তবে মনে করি না বড় কোনো বিভেদ আছে।’ তিনি বলেন, ‘আমাদের নগর সভাপতি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই আমাদের উচিত বিভেদ ভুলে কাজ করা। অতীতে একজন অধম হয়েছিলেন বলে এখন আর কেউ উত্তম হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন না, এমন তো নয়।’