দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য অথবা বিদেশে কাজ করতে যেতে অথবা চাকরির ক্ষেত্রে জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীরা দ্বিতীয় ভাষার পরও অন্যান্য ভাষা শিখতে আগ্রহী হন। নানান জায়গায় বিদেশি ভাষা শিক্ষার সুযোগ থাকলেও ভাষা শিক্ষার সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচিত প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে নানান ভাষার ওপর কোর্স করতে পারেন।জার্মান ভাষা শিখতে আসা মুশফিকার সঙ্গে কথা বলে জানা গেল, বর্তমানে জার্মানিতে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক সুযোগ-সুবিধা, তাই এই ভাষা জানা থাকলে অনেক ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি ফ্রান্সে পড়তে যেতে চাই। এ জন্য ফরাসি ভাষা জানা থাকাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ প্রায় প্রত্যেক শিক্ষার্থীরই ভাষা শিখতে আসার উদ্দেশ্যটা অনেকটা একই রকম। বর্তমানে এখানে আরবি, ফরাসি, চীনা, জার্মান, জাপানি, কোরিয়ান, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, তুির্ক, ইতালিয়ান ইত্যাদি ভাষা শেখানো হয়। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শেখার সুযোগ রয়েছে। সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা নামের বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে এখানে ভাষা শিক্ষা দেওয়া হয়ে থাকে। তবে ইংরেজি ভাষার জন্য শুধু জুনিয়র কোর্স চালু রয়েছে। প্রতিটি কোর্সের মেয়াদ এক বছর। দীর্ঘমেয়াদি কোর্সগুলোর পাশাপাশি কিছু সংক্ষিপ্ত কোর্সও প্রচলিত আছে। স্প্যানিশ, ফরাসি, ইংরেজি ইত্যাদি ভাষার ওপর বর্তমানে এখানে সংক্ষিপ্ত কোর্স করা যায়। উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো শিক্ষার্থী বিদেশি ভাষায় জুনিয়র সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। উল্লেখ্য, সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হলে এর পূর্ববর্তী কোর্স অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সমমানের কোর্সে উত্তীর্ণ হতে হবে। যেকোনো ভাষায় সরাসরি উচ্চতর কোর্সে (জুনিয়র ব্যতীত) ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হয়ে থাকে ।এখানে ভাষা শিখতে হলে খরচটাও মোটামুটি সাধ্যের মধ্যে। সবার মাসিক বেতন ৩০০ টাকা হলেও প্রতিষ্ঠানভেদে অন্যান্য খরচ আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৪৫০ টাকা, যাঁরা নিয়মিত শিক্ষার্থী নন কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর আছে, তাঁদের জন্য খরচ দুই হাজার ৮১৫ টাকা মাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য তিন হাজার ১১৫ টাকা ভর্তি ফি। আর সব শিক্ষার্থীকেই ইনস্টিটিউটের অ্যাকাউন্টে ৯০০ টাকা ফিস প্রদান করতে হবে। প্রতিবছর মে মাসে সেশন শুরু হয়। এ বছর ক্লাস শুরু হবে আগস্ট মাসে।আগ্রহী শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে এবং জনতা ব্যাংক টিএসসি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।