‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শাহনেওয়াজ নামের এক ভাইয়া পথ দেখিয়েছিলেন আমাকে। বলেছিলেন, “প্রতিদিন তিন ঘণ্টা করে পড়তে পারলেই যথেষ্ট। তাহলেই নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারবে।” অবাক হয়ে ভাবলাম, এত কম সময় পড়লেই হবে! আমি তো এমনিতেই এর চেয়ে বেশি পড়ি। তবুও সেই ধারাটা ধরে রাখতে চেষ্টা করেছি।’ এভাবেই নিজের সাফল্যের রহস্য উদ্ঘাটন করলেন আতিক। সর্বশেষ প্রকাশিত ফলাফলে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পর্যায়ে (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শুধু প্রথম শ্রেণীতে প্রথমই নন, পেয়েছেন ৭৬ দশমিক ২৫ শতাংশ নম্বর। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে স্নাতকেও (সম্মান) হয়েছিলেন প্রথম শ্রেণীতে প্রথম; নম্বর ছিল ৭২ দশমিক ২১ শতাংশ।বন্ধুমহলে ছেলেটি সবার কাছে আতিক নামেই পরিচিত। বাড়ি নাটোরের বানুরভাগ গ্রামে। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে রাজশাহীতে আসা। পরীক্ষাও দিয়েছিলেন রুয়েটে, কিন্তু মেলেনি সেখানে পড়ার সুযোগ। তবে আজকের এই অবস্থানে আসার পর সেটা নিয়ে আর মোটেও কোনো খেদ হয় না। শুধু একবার ছাড়া বিভাগের প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার সুখ পেলে দুঃখ আসবে কোন দিক থেকে? নিজের কথা শোনান আতিক, ‘ছোট থেকেই পড়ার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। সবার মা-বাবা সব সময় সন্তানদের বলেন, “আরেকটু পড়ো।” আর আমার মা আমাকে প্রায়ই বলতেন, “আর পড়িস না বাবা, এখন একটু ঘুমা।”’পড়াশোনার ক্ষেত্রে কার অনুপ্রেরণা বেশি? উত্তর আতিকের, ‘আমার পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ-অনুপ্রেরণার কথা বলতে হলে প্রথমেই বলতে হবে বাবা আনিসুর রহমান, মা রাশেদা বেগম আর বোন জেসমিনের কথা। আমার বোন নিজে একটা চাকরি করে আমাকে পড়া চালিয়ে যেতে সাহায্য করেছেন।’অবসর কাটে কীভাবে? আতিকের জবাব, রাজশাহীর পদ্মা নদীর তীরে সময় কাটে বন্ধুদের সঙ্গে নিয়ে। এছাড়া ক্যাম্পাসেও প্রচুর দেওয়া আড্ডা হয়।শিক্ষকদের পড়ানোর প্রক্রিয়া, কিছু বইয়ের সাহায্য, ইন্টারনেট ও বড় ভাইদের সাহায্য নিয়ে নিজের জন্য সব সময় নোট বানাতেন আতিক। সে সবই তাঁর ভালো ফলের সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি।আতিক স্বপ্ন আঁকেন, একসময় শিক্ষকতা করবেন। বলেন, ‘এখন শুধু ভাবি, একটা ধাপ তো পেরোলাম, কিন্তু শেখার এখনো অনেক বাকি।’