ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু যমুনা সেতুর সৌন্দর্যের রেশ কাটতে না কাটতেই সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশনে নেমে পড়া। সেখান থেকে এনায়েতপুর যাওয়ার পথেই চোখ জুড়াবে সবুজ মাঠের দৃশ্যে। গ্রামের ভেতর দিয়ে এসে একসময় সাধারণ এক ফটক পেরিয়ে ঢুকলাম সেখানে। ঢুকেই অবাক করা দৃশ্য। কোথাও হাসপাতালের নাম চোখে পড়ল না। আগে থেকে জানা না থাকলে বোঝার উপায় নেই এটি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রশস্ত রাস্তা, আধুনিক ইমারতের ছোঁয়া আর সবুজের সমারোহে রোগীর প্রাণভরা নিঃশ্বাসে মনে হবে তার অসুখ নেই। ক্যানসারের আধুনিক চিকিৎসার কল্যাণে দেশে তো বটেই, দেশের বাইরেও এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে হাসপাতালটি। হাসপাতালকে পাশ কাটিয়ে একটি রাস্তা ধরে ভেতরে এগিয়ে গেলে আরেক অনুভূতির পরশ। এবার অবশ্য ছোট্ট করে লেখা নামটা পড়লাম—খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। চিকিৎসক এম এম আমজাদ হোসেনের উদ্যোগে ২০০৩ সালে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল প্রতিষ্ঠার পর ২০০৫ সালে এখানে চালু হয় এই মেডিকেল কলেজ।‘গত বছর আমাদের মেডিকেল কলেজ রাজশাহী বিভাগের মধ্যে ফলাফলে দ্বিতীয় হয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে এর অবস্থান প্রথম। আর সঙ্গে আধুনিক মানের একটি হাসপাতাল থাকায় আমাদের হাতে-কলমে শিক্ষা হয় নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে।’ কথা শুনতে শুনতেই পরিচয় হলো শিক্ষার্থী সাহেদ ইমরানের সঙ্গে। এগিয়ে গিয়ে মিশে গেলাম আড্ডারত একটি দলের সঙ্গে। জানা গেল, শুধু দেশি শিক্ষার্থী নয়, এখানে আছেন বিদেশি শিক্ষার্থীও।মিজানুর রহমান বলেন, ‘আমাদের কলেজটি গ্রামের মধ্যে হওয়ায় এখানে লেখাপড়ার সুবিধা দারুণ। আর সব রকমের ঝুটঝামেলামুক্ত। প্রথম যেদিন আসি, সেদিনই ক্যাম্পাসটি আমার ভালো লেগে যায়।’ ফারজানা তো নিজেকে অনেক সৌভাগ্যবানই মনে করেন। শিক্ষকদের আন্তরিকতা আর পড়ার এমন সুবিধা কয়টি বিশ্ববিদ্যালয়েই বা থাকে! ফারজানা বলেন, ‘ক্যাম্পাসে লাইব্রেরি থাকায় ইচ্ছামতো বইও পড়তে পারি। আর রয়েছে ইন্টারনেট সুবিধা। আর কী চাই!’সবুজ ঘাসের মাথা হাতে পুরে নিতে নিতে রাজু জানালেন, ‘সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে ক্লাস। এরপর বিভিন্ন সময়ে হাসপাতালে চলে ব্যবহারিক ক্লাস। বাকি সময় আমরা আড্ডা অথবা সৃজনশীল কোনো কাজের মধ্যে ডুবে থাকি।’ সৃজনশীলতার কথা উঠতেই জানা গেল, এখানে রয়েছে ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। আছে শিক্ষার্থীদের ম্যাগাজিন প্রকাশনার উদ্যোগ। এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন করা হয় নিয়মিত।এই মেডিকেল কলেজে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে দুটি আলাদা হল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের হলটির নির্মাণ শেষের দিকে। আছে খেলার মাঠ। খেলার মাঠটি প্রশস্ত হওয়ায় জরুরি অবস্থায় রোগী নিয়ে হেলিকপ্টার নামতে পারে অনায়াসে।কলেজের অধ্যক্ষ হোসেন রেজা বলেন, ‘আমাদের কলেজটি গ্রামের মধ্যে গড়ে ওঠায় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে। তাই বলে সুযোগ-সুবিধা কিন্তু কম নয় দেশের যেকোনো মেডিকেল কলেজের তুলনায়। হাসপাতাল অংশের সর্বাধুনিক যন্ত্রপাতি শিক্ষার্থীরা ব্যবহারের মাধ্যমে আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে। আছে উচ্চতর ডিগ্রি অর্জনের সুবিধা। এরই মধ্যে আমাদের প্রতিষ্ঠান অর্জন করেছে আইএসও সনদ।’ তিনি আর বলেন, ‘বর্তমান চিকিৎসা পেশা যেহেতু বেশি মাত্রায় প্রযুক্তিনির্ভর, এ কারণে আমরা উন্নত যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। বিদেশি চিকিৎসকদের সঙ্গে পাল্লা দিয়ে সেবা দিতে পারবে আমাদের শিক্ষার্থীরা। আমাদের ১০০ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা।’অধ্যক্ষ জানান, প্রতিবছর ৬০ জন শিক্ষার্থী ভতি করা হয়। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে।বিকেল গড়িয়ে সন্ধ্যার দৃশ্যটা অপরূপ হয়ে ওঠে যমুনার কোল ঘেঁষে গড়া এই সেবক তৈরির কারখানায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুকুরপাড়ের বটগাছের নিচে গিটারের ঝংকারে কয়েক জোড়া কণ্ঠে সুর ওঠে—‘দূরে কোথাও আছি বসে, হাত দুটি দাও বাড়িয়ে...’।