শেখার জন্য কাজের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জাপানি শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। ছবি: জেটরোর সৌজন্যে
এই জাপানি শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। ছবি: জেটরোর সৌজন্যে

চিসাতো ইয়ামাসাকি, উচ্ছল এক জাপানি তরুণী। বাস করেন জাপানের নাগাসাকি শহরে। নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অর্থনীতি নিয়ে। তিন মাস ধরে চিসাতোর ঘুম ভাঙে রিকশার ক্রিং ক্রিং শব্দে। যান্ত্রিক চট্টগ্রামের হইচই আর কর্ণফুলী নদীর ঠান্ডা বাতাসের ডাকে ঘুম ভাঙে তাঁর। জাপান ছেড়ে চিসাতো এখন বাংলাদেশে। শিক্ষানবিশ কর্মী হিসেবে কাজ করেছেন চট্টগ্রাম ওয়াসায়। কাজের ফাঁকে চট্টগ্রাম ঘুরে ঘুরে জায়গাটির মায়ায় জড়িয়ে গেছেন। চিসাতো বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক ভালো। চট্টগ্রাম অনেক সুন্দর জায়গা। আমি আবারও আসতে চাই বাংলাদেশে। এখানে ব্যবসা করার অনেক সুযোগ আছে। আমি আসবই।’
শুধুই চিসাতো নন, তাঁর মতো আরও ২২ জাপানি তরুণ এখন বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিতেই তাঁদের আগমন। প্রতিবছরই জাপান সরকার জাপানি তরুণদের জন্য এমইটিআই গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য এই সুযোগ সৃষ্টি করে।
চিসাতোর মতো মাসামি শিদা, শোগো সেইতো ও কেনেচি ইয়ানাদার গত কয়েক মাস কেটেছে বাংলাদেশে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিদা, সেইতো টোকাইও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকার একটি হোটেলে গত ২৪ ফেব্রুয়ারি জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) ঢাকা অফিস জাপান থেকে শিক্ষানবিশ শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের অভিজ্ঞতা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ভ্রমণের গল্প শোনান জাপানি তরুণেরা।
বাংলাদেশে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মেয়াদে শিক্ষার্থী ও তরুণেরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পান।
বাংলাদেশে কাজের সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা। মাসামি শিদা তিন মাস ধরে ঢাকায়। ঢাকা চেম্বার অব কমার্সে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন তিনি। শিদা বলেন, ‘ঢাকার সবকিছুই রঙিন আর জীবন্ত। এখনকার মানুষ কখনোই ঘুমায় না। আমি সারাক্ষণই তাদের কাজ করতে দেখেছি।’
বাংলাদেশে আবারও আসবেন কি না, তা জিজ্ঞেস করলে শিদা বলেন, ‘গত তিন মাসে সবচেয়ে বেশি খেয়েছি পরোটা।
আমি পরোটা খেতে হলেও আরেকবার বাংলাদেশে আসবই।’ শোগো সেইতোর অবশ্য পছন্দ চা।
শোগো বলেন, ‘আমরা জাপানেও চা খাই। কিন্তু বাংলাদেশের চা আমাদের চেয়ে ভিন্ন এবং মজার।’ বাংলাদেশে কাজের সুযোগের পাশাপাশি বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে জাপানি তরুণদের।