শেখার জন্য দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বেড়ানোর মৌসুম। বন্ধুদের ছোট্ট দল হোক কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর, বেড়ানোর সময় এটাই। শিক্ষা সফরের জন্য দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের তথ্য দেওয়া হলো এখানে, যা শিক্ষার্থীদের সহায়ক হতে পারে।সোনারগাঁহাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া—এই গল্প শুনতে শুনতে বারভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর গল্পও আমাদের অনেকের জানা হয়। তাঁর রাজধানী সোনারগাঁ ও পানামনগর নিয়ে কত কাহিনি, যা শুনতে পাই মাঝেমধ্যে। তবে ঢাকা শহর থেকে দুই পা এগোলেই যে ঐতিহাসিক পানামনগর আমাদের হাতছানি দিয়ে ডাকে, নগরজীবনের নানা ব্যস্ততায় সেই কথা সব সময় মনে থাকে না।এটা আসলে ঘর থেকে দুই পা বাড়িয়ে দেখার মতোই ব্যাপার। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী বাসে উঠলে মাত্র দেড় ঘণ্টার পথ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অন্তর্গত এই এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।পানামনগরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক মোগল নিদর্শন। এ ছাড়া অন্যতম দর্শনীয় হচ্ছে লোকশিল্প জাদুঘরও। প্রথমেই চোখে পড়বে প্রায় ৫০০ বছর আগে নির্মিত দালান-কোঠাগুলো, কালের সাক্ষী হয়ে যা এখনো দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্যের স্মারক হিসেবে। এরপর লোকশিল্প জাদুঘরে ঢুঁ মারলে দেখা যাবে পুরো বাংলাদেশের শৌর্যবীর্যের ইতিহাস যেন থরে-বিথরে সাজানো। কোনো ঘরে দেখা যাবে প্রাচীন বাংলার বল্লম ও অস্ত্রশস্ত্র, কোনো ঘরে আছে চাষাবাদের সামগ্রী এবং বাংলার অলংকার—কোমরের বিছা, খাড়ু, বালা, রুলি, কানের দুলসহ নানা রকমের অলংকার। পাশের কক্ষে রয়েছে বিভিন্ন দেবমূর্তি—শিব, মনসা, রাধা-কৃষ্ণ, দুর্গা আরও কত কি বিস্ময়! এককথায়, বাংলার ঐতিহ্য এবং প্রাচীনতার ওপর যেন নিমেষেই নজর বুলিয়ে নিতে পারা যায় লোকশিল্প জাদুঘর দর্শনের মাধ্যমে।এরপর চাইলে দেখে নেওয়া যাবে পানাম সেতু। ১৭ শতকে নির্মিত সেতুটি তিন খিলানবিশিষ্ট এবং এর মধ্যবর্তী খিলানটি অপেক্ষাকৃত প্রশস্ত ও উঁচু। ঠিক এ রকমই আরেকটি সেতুর নাম পানামনগর সেতু। ৭২ ফুট দৈর্ঘ্য এবং ১৫ দশমিক ৫ ফুট প্রস্থের সেতুটি বৃত্তাকার ইটের তৈরি, যা সহজেই মোগল স্থাপত্যের আভিজাত্যকে স্পষ্ট করে।অন্যদিকে পানামনগরে সুনিবিড় প্রকৃতি যেন এ স্থানটিকে আরও দর্শনীয় করে তুলেছে। ফলে যানজটময় ঢাকার নগরজীবনের ক্লান্তি কাটাতে, নিজেকে চাঙা করতে বারবার ছুটে যেতে পারেন বাড়ির পাশে থাকা আরশিনগরের মতো প্রাচীন বাংলার পানামনগরে।—আলতাফ শাহনেওয়াজবিরিশিরিঢাকা বা ময়মনসিংহ থেকে রওনা হয়ে নেত্রকোনায় পৌঁছানোর আগেই বাঁ দিকে চলে গেছে যে সড়কটি, সেটি দিয়েই যেতে হবে বিরিশিরি বা সুসং দুর্গাপুর। সোমেশ্বরী নদীর পাড়ে পৌঁছালেই মনে হবে, এ এক ভিন্ন জগতে এলাম। প্রতিদিনের যান্ত্রিক জীবনের বাইরে এ এক অন্য রকম জায়গা।সোমেশ্বরী পার হয়ে রিকশায় বা ভাড়া করা মোটরসাইকেলে করে চলে যান সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে। দেখবেন সেখানে কত রঙের জল আর মাটির সন্ধান পেয়ে যাচ্ছেন। চীনামাটির তৈজসপত্র বলে আমরা যা জানি, তা তৈরি হয় এ ধরনের মাটি থেকে। এবার এখান থেকে যাওয়া যেতে পারে গুচ্ছগ্রামে। পাহাড়ের ওপর গারো (মান্দি) আদিবাসীদের তৈরি ঝকঝকে তকতকে মাটির বাড়িগুলো দেখে মন ভরে যাবে। তারপর বিজয়পুর সীমান্ত ফাঁড়ির কাছে গিয়ে পাহাড়ের ওপরের চার্চটি দেখে আসতে পারেন। এখান থেকে ভারত সীমান্ত শুধু নদীর এপার-ওপার। পাহাড়ের ওপর থেকে নদীর ছলছল জল দেখতে দেখতে একসময় মনে হবে, এ রকম পরিবেশে এসে জীবনের জটিলতাগুলোকে কিছুদিনের জন্যও রেহাই দেওয়া যায়। গারো আর হাজং আদিবাসীদের সঙ্গে কথা বলুন, দেখবেন, জীবনের কাছ থেকে তাদের চাহিদা কত কম। কত কম জিনিস পেলেই তাদের মন ভরে ওঠে আনন্দে। জীবনে শিক্ষা নেওয়ার জন্য তো শুধু তা-বড় তা-বড় অধ্যাপকদের কাছে যেতে হয় না, সাধারণ মানুষই হয়ে উঠতে পারে বড় শিক্ষক, এ কথা আপনি বুঝতে পারবেন এ ধরনের সফরে গেলে।দুই দিন থেকে আসুন সোমেশ্বরীর তীরে। ফিরে এসে বুঝবেন, যে আপনি গিয়েছিলেন আর যে আপনি ফিরে এলেন, তারা দুজন এক মানুষ নয়। যে পরিবর্তনটি এসেছে, তা আপনাকে ভাবনার দিক থেকে আরও অনেক বেশি ঋদ্ধ করেছে, এ কথা দিব্যি দিয়ে বলতে পারি।—জাহীদ রেজা নূরশিলাইদহবর্তমান বাংলাদেশ ভূখণ্ডের চারটি স্থানের সঙ্গে (শিলাইদহ, শাহজাদপুর, পতিসর ও ডিঙ্গিদহ) রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পৃক্ততা থাকলেও গভীর-গভীরতর প্রণয় ছিল শিলাইদহের সঙ্গে। পদ্মাচুম্বিত এই জনপদের মানুষ এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্যে জমিদার রবীন্দ্রনাথ হয়ে ওঠেন কবি রবীন্দ্রনাথ। সার্ধশত বর্ষে তাঁর সৃষ্ট চরিত্রের উত্তরসূরি দেখা মিলবে শিলাইদহ দর্শনে। এখানে রয়েছে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের ভিটা। গগণ হরকরার স্মৃতিচিহ্ন, যাঁর গানের সুরে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ শিলাইদহের অনতিদূরে রয়েছে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙ্গাল হরিনাথের ভিটা ও গ্রামবার্ত্তা প্রকাশিকার এমএন প্রেস। বিপ্লবী বাঘা যতীনের বাস্তুভিটা। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার বিখ্যাত সব ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত স্থান দেখা যাবে শিলাইদহ ভ্রমণে। বিশেষভাবে উল্লেখ করতে হয় বাউলসম্রাট লালনের ছেঁউড়িয়া, আর বিষাদ-সিন্ধুখ্যাত মীর মশাররফ হোসেনের লাহিনীপাড়ার কথা। লালনের আখড়া আর মীর মশাররফ হোসেনের বসতভিটা রয়েছে এই দুই স্থানে। কুষ্টিয়া শহরেই দেখা যাবে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান ‘টেগোর লজ’। রবীন্দ্র সম্পৃক্ততায় ধন্য শিল্পপ্রতিষ্ঠান রেন উইক অ্যান্ড যজ্ঞেশ্বর। একসময়ের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান মোহিনী মিল। এ রকম ইত্যাকার দর্শনীয় স্থানের দেখা মিলবে রবীন্দ্রনাথের শিলাইদহ ভ্রমণে। ঢাকা থেকে কুষ্টিয়া ২৭০ কিলোমিটার। কুষ্টিয়া থেকে শিলাইদহ পাঁচ কিলোমিটার। শিলাইদহের যোগাযোগ বেশ ভালো, অবশ্য তার চেয়েও অধিক ভালো ভ্রমণ স্থানবিচারে এর দর্শনসৌন্দর্য।—কাজল রশীদপাহাড়পুরপাহাড়পুর বৌদ্ধবিহারের আদি নাম সোমপুর বৌদ্ধবিহার। এটি আসলে নামেই পাহাড়, তা ছাড়া আর কোনো পাহাড়ি লক্ষণ নেই। পার্শ্ববর্তী ভূমি থেকে মাত্র ২৪ মিটার উঁচু। পাহাড়পুরের অবস্থান নওগাঁর বদলগাছী থানায়। ১৮০৭ সালে খননকাজের মাধ্যমে এই বিহার আবিষ্কার করেন বুকানন হ্যামিলটন নামের একজন প্রত্নতত্ত্ববিদ। স্থানীয় লোকজন এটাকে পাহাড় বলে ডাকে। ধারণা করা হয়, এই ‘পাহাড়’ নাম থেকেই এলাকার নাম হয়েছে পাহাড়পুর।পাহাড়পুর বৌদ্ধবিহারের ১৭৭টি কক্ষ, প্রশস্ত প্রবেশপথ, ছোট ছোট মন্দির, ছড়ানো-ছিটানো পুকুর, মন্দিরের দেয়ালজুড়ে পোড়ামাটির ফলকচিত্র—এ সবকিছুই দর্শনার্থীদের বোধ ও বোধিতে আলোড়ন তোলে। ৭৩ ও ৭৪ নম্বর কক্ষের সামনে রয়েছে পাঁচটি মন্দির।এ অঞ্চলটি একসময় বৌদ্ধ ভিক্ষুদের অভয়াশ্রম ছিল। বিহারের উন্মুক্ত অঙ্গনজুড়ে রন্ধনশালা, ভোজশালা, পাকা নর্দমা, কূপ ও ক্ষুদ্রাকার অনেক ইমারতের ধ্বংসাবশেষও নজর এড়াবে না। আরও আছে প্রস্তর ভাস্কর্য, পোড়ামাটির তৈজস, তাম্রশাসন, মুদ্রা, চুনাবালির মূর্তি, ধাতব মূর্তি, মৃৎপাত্রের টুকরোসহ অসংখ্য প্রাচীন নিদর্শন।মূল বিহার থেকে ৪৮ মিটার দূরে রয়েছে স্নানঘাট, যার শেষ সোপানটি কংক্রিটের তৈরি। স্নানঘাটের দক্ষিণ-পশ্চিমে দেখা মিলবে গঞ্জেশ্বরী মন্দিরের। পাহাড়পুরে যেতে চাইলে ঢাকা থেকে সড়কপথে নওগাঁ অথবা বগুড়া হয়ে যেতে হবে। এ ছাড়া রেলপথেও যাওয়া সম্ভব।মাটি খুঁড়ে বের করা সেই সভ্যতা যেকোনো দর্শনার্থীর বিস্ময়ের খোরাক জোগাবে। — মারুফ আহমেদসুন্দরবনপৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের সুন্দরবন। অনেকেই সুন্দরবনে যেতে চান। বনরহস্য, অজানা-অচেনাকে চেনা, বাঘ, হরিণ, শূকর, সাপের রাজত্বে ঘুরে আসতে অনেকেই চান। কিন্তু সুন্দরবন ঘোরা সহজসাধ্য নয়। দেশের প্যাকেজ ট্যুর প্রতিষ্ঠানগুলো সুন্দরবন ঘোরার মানসম্পন্ন ব্যবস্থা করেছে। কিন্তু জনপ্রতি চার দিনের প্যাকেজ মূল্য ১০ হাজার টাকা করে (ঢাকা থেকে) হওয়ায় ব্যয়সংকুলান সবার জন্য, বিশেষত ছাত্রদের জন্য সহজ নয়। মংলা থেকে জালিবোটে করমজল গিয়ে কিছু পশুপাখি, সামান্য গাছপালা দেখা যায় কম খরচায়। তাতে অধিকাংশের মন ভরবে না। পূর্ব সুন্দরবনে জঙ্গলের ধারে-কাছে কোথাও থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। পশ্চিম সুন্দরবনের মুন্সিগঞ্জের বনের প্রান্তে একটি বন বিভাগের রেস্ট হাউস আছে। সেখানে পিকনিক চলে, রাতে থাকা চলে না! ছাত্রদের জন্য আমি একটি পথ বাতলে দিতে পারি। সেটা অ্যাডভেঞ্চারাস। খুলনা লঞ্চঘাট থেকে প্রতিদিন ভোর ও সন্ধ্যায় একটি লঞ্চ ছাড়ে আংটিহারার উদ্দেশে। তিন-চারজন সহযোদ্ধাসহ এমনই একটি লঞ্চে বিকেলবেলা উঠে স্লিপিং ব্যাগ বিছিয়ে লঞ্চের কেরানির সঙ্গে বন্দোবস্ত করে নিতে হবে। কিছু টাকার বিনিময়ে কেরানি তাঁর ছোট্ট ক্যাবিনটিও আপনাদের দলকে ছেড়ে দিতে পারেন। আঁটসাঁট জায়গা হলেও উষ্ণতা পাবেন। লঞ্চটি ভোরবেলা জঙ্গলের ধারে নলিয়ান থামবে। তারপর শিবশা নদী পার হয়ে সারা দিন জঙ্গলের ধার দিয়ে নানা স্টেশন ধরে সন্ধ্যার মুখে আংটিহারা পৌঁছাবে। সারা দিনে সুন্দরবন প্রান্তবাসী হরেক লোক ওঠানামা করবে। তাদের কাছে বাদার গল্প শুনুন। রোমাঞ্চকর সেসব গল্প। হাতে যদি সময় না থাকে রাতে আর লঞ্চ থেকে না নেমে ওই লঞ্চেই পরদিন ফিরতে পারেন। সময় থাকলে স্থানীয় ভাঙাচোরা ডাকবাংলো, পুলিশ অথবা কাস্টমসের দ্বারস্থ হবেন। তাঁরা একটা ব্যবস্থা করে দেবেন নিশ্চয়ই। স্থানীয় সুন্দরবন-অভিজ্ঞ মানুষ দেবন্দ্রনাথ মণ্ডল। তিনি বাড়ি থাকলে তাঁকে ধরুন। আপনাদের ব্যবস্থাদি অনেকটা তিনি করে দিতে পারবেন। ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে বাস সরাসরি মুন্সিগঞ্জ যায় প্রায় ১০-১১ ঘণ্টায়। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়িতে যোগাযোগ করলে রেস্ট হাউসে ঘুরতে পারবেন। ওখান থেকে কপালগুণে নৌকা পেলে স্থানীয় একজন অভিজ্ঞ মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গলের ধারে ঘুুরবেন। প্রতি ক্ষেত্রেই অভিজ্ঞদের জন্য কিছু টাকা বরাদ্দ রাখবেন। স্থানীয় জনসাধারণ সব সময়ই সাহায্য করার জন্য প্রস্তুত। আগামী ১ মাঘ বনবিবির পূজা। সুন্দরবনের অসাম্প্রদায়িক অনুষ্ঠান যাঁরা দেখতে চান, তাঁরা চাঁদপাই রেঞ্জের লাউডোরে পূজা অনুষ্ঠান দেখতে যেতে পারেন। মংলা থেকে দিনপ্রতি চার হাজার টাকায় জালিবোট নিয়ে দুই ঘণ্টা জোয়ারে লাউডোর পৌঁছানো যাবে। রাতে থাকতে হলে থাকা-খাওয়ার ব্যবস্থা জালিবোটেই হবে। শীতবস্ত্র সঙ্গে নিতে হবে। তবে পাড়ে ওঠানামার জন্য কাদায় পা দিতে হবে। দলে চার-পাঁচজন হলে বেশ হয়। স্থানীয় মানুষের জীবনাচার, ধর্মবিশ্বাসকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। —খসরু চৌধুরীময়নামতিলালমাটিঘেরা ময়নামতির অবস্থান কুমিল্লা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে। এখানে রয়েছে বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ এবং সেখান থেকে পাওয়া প্রত্নবস্তু। ফলে ঘুরে ঘুরে চোখ বুলিয়ে নেওয়ার মতো করে এখান থেকে যেমন ভ্রমণের আনন্দ পাওয়া যায়, তেমনি বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কেও ধারণা জোটে। এ যেন অনেকটা রথ দেখা এবং কলা বেচার মতো।ময়নামতি যাওয়ার উদ্দেশে কুমিল্লাগামী বাসে চেপে বসলে সেটি আপনাকে নামিয়ে দেবে শাসনগাছায়। এরপর রিকশাযোগে রামঘাটলা, তারপর সেখান থেকে টেম্পোতে একছুটে ময়নামতি। আপনার সামনে উন্মোচিত হয়ে গেল এক বিশাল প্রান্তর—শালবনবিহার, আনন্দবিহার, ভোজবিহার, ময়নামতি প্রাসাদ টিলা।ভ্রমণের প্রথমে যদি শালবন বিহারে ঢুকে পড়েন, তবে খুব কাছ থেকে দেখা হয়ে যাবে বাংলার সুবিশাল একটি বৌদ্ধমঠ। এর কক্ষগুলোতে একে একে সাজানো রয়েছে পোড়ামাটির অসংখ্য ফলক। কোনোটাতে ঝলমল করছে লতাপাতার নকশা, কোনোটাতে আবার ধ্যানী বুদ্ধের বিভিন্ন রূপ। আবার অন্য এক মাটির ফলকে দেখবেন, ঠোঁটে মুক্তার মালাসহ ময়ূরের ছবি। এ ছাড়া পোড়ামাটির ভাস্কর্যগুলোর দিকে তাকালে দেখা যাবে, মূর্তিমান ষাঁড় ও হরিণ। তবে এই বিহারের স্থাপত্য-নকশাটি বেশ দৃষ্টিনন্দন। সারি সারি লাল ইট দিয়ে ভবনগুলো এমন সৌন্দর্যে নির্মিত, সহজেই যেন তাক লেগে যায়। শালবন বিহার থেকে আনন্দবিহারের দূরত্ব বেশ খানিকটা। ভ্যানজাতীয় বাহনই চলাচলের ক্ষেত্রে এখানে ভরসা। শালবন পেরিয়ে আনন্দের ভেতর ঢুকে গেলেন, এই তো আরেক জগৎ। এখানে রয়েছে বেশ কয়েকটি স্তূপ। আর এটি ঘিরে রয়েছে বেশ কয়েকটি উপাসনাকক্ষ। তবে এই বিহারের বৈশিষ্ট্য হলো, স্থাপনাগুলো বিশাল দেয়াল দিয়ে ঘেরা।ভ্রমণের জন্য একটু সাহস আর যানবাহনে চড়ার ঝক্কি পেরিয়ে একবার যদি ময়নামতি পৌঁছে যাওয়া যায়, সভ্যতার একটি পর্বের সঙ্গে যেমন পরিচয় ঘটে, একইভাবে স্মৃতি তো সমৃদ্ধ হয় আরেকটু।—মনিরুল কবিররাঙামাটিরাঙামাটি বাংলাদেশের এমন এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, যেখানে একই সঙ্গে পাহাড় আর জলের যুগলবন্দী চোখ জুড়িয়ে দেয়। শহরটা একদিনেই ঘুরে দেখা সম্ভব। এর মধ্যে উল্লেখযোগ্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবন বিহার, ঝুলন্ত সেতু, আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর প্রভৃতি। জাদুঘরে রয়েছে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির অনেক নিদর্শন এবং পার্বত্য চট্টগ্রামের তিন রাজা—চাকমা, বোমাং ও মং রাজা ও তাঁদের পরিবারবর্গের ব্যবহূত রাজকীয় পোশাক, তলোয়ার, কামান, তৈজষপত্র ও দলিল-দস্তাবেজ।শহর থেকে সুবলং ঝরনায় যাওয়া যায় নৌপথে। দুই উঁচু পাহাড়ের মাঝ দিয়ে নৌযান চলার সময় দূর পাহাড় থেকে আদিবাসী গ্রামগুলোকে ছবির মতো মনে হবে। রাঙামাটির প্রতি পদেই দেখতে পাবেন আদিবাসীদের প্রথাগত জীবনযাত্রা। একই পথে পেদাটিং টিং, চাং পাং ও টুক টুক ইকো ভিলেজে বিশ্রাম নেওয়া যেতে পারে। ‘পেদাটিং টিং’ মানে হচ্ছে পেট ভরে খাওয়া, তো এখানে এলে আদিবাসী খাবার না খেলে কি চলে? রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে তিন দিন সময় নিয়ে আসা প্রয়োজন। রাঙামাটি এলে কাপ্তাই অবশ্যই ঘুরে দেখা উচিত। এখানে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, কর্ণফুলী পেপার মিল ও কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। জাতীয় উদ্যানে প্রবেশে বাধা নেই, তবে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পেপার মিল দেখতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। যাঁরা শিক্ষাসফরে আসতে চান, তাঁদের এ দুটি স্থান পরিদর্শনের জন্য আগাম অনুমতি নিয়ে আসা উচিত। —হরি কিশোর চাকমাসেন্ট মার্টিনসেন্ট মার্টিন—বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। পানির স্বচ্চতা ভেদ করে আপনি এখানে অসংখ্য প্রবাল দেখতে পাবেন। ছোট-বড় রঙিন মাছ ছুঁতেও পারবেন। দ্বীপটিতে নারিকেল গাছের আধিপত্যের কারণে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। পানির স্বচ্ছতা এবং চারপাশের স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। কক্সবাজার এবং টেকনাফ দুই জায়গা থেকেই আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন। কক্সবাজার বেড়াতে গেছেন, সেন্ট মার্টিনটাও ঘুরে আসুন না, বেশ কাছেই কিন্তু। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে প্রতিদিন সকাল নয়টায় লঞ্চ ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশে। দিনটা ওখানে কাটিয়ে আবার তিনটায় ফিরতি লঞ্চে চলে আসতে পারবেন। সেন্ট মার্টিনে থেকে যেতে চাইলে আগে থেকে রিসোর্টে বুকিং দিয়ে রাখা ভালো। সেন্ট মার্টিনের কিছুটা দূরেই আছে ছেঁড়াদ্বীপ। এটি সেন্ট মার্টিনের অংশ তবে বিচ্ছিন্ন। সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে যেতে আপনার আধাঘণ্টা সময় লাগবে। এ আরেক সৌন্দর্য। পানির রং একদিকে নীল, তো কিছুটা পরেই মনে হয় সবুজ। এটি স্নোরকেলিং করার জন্য আদর্শ জায়গা। তবে অভিজ্ঞ না হলে গাইড থাকা অত্যাবশ্যকীয়। না হলে প্রবালের ধারে কেটে যেতে পারে আপনার ত্বক। ছেঁড়াদ্বীপে থাকার জায়গা নেই। দিনে গিয়ে দিনেই ফিরে আসা ভালো। বই পড়ে, টিভিতে দেখে সমুদ্রের এ সৌন্দর্য ঠিক বোঝা যায় না, তাই সেন্ট মার্টিন নিজের চোখে দেখার বিকল্প নেই।—রয়া মুনতাসীরবান্দরবানআর সব বাদ দিয়ে একটি দৃশ্যের কথা বলেই শুরু করা যাক। পূর্ণিমা রাতে চিম্বুক বা অন্য কোনো পাহাড়ে উঠে রাতের আকাশটা দেখেছেন কখনো? প্রথমেই যে দৃশ্য চোখ কেড়ে নেবে, তা হলো আকাশভরা তারা। এত তারা একসঙ্গে দেখার আনন্দই বান্দরবান ভ্রমণটিকে মনে দেবে স্থায়ী আসন। ঠিক আছে মানলাম, সব সময়ই পূর্ণিমা রাতে বান্দরবান যাওয়ার সুযোগ সবার হবে না। তাতে কি ভ্রমণের আনন্দ ম্লান হয়ে যাবে? একেবারেই না। আপনার সামনে আছে সাঙ্গু নদ, যার স্বচ্ছ জলের দিকে তাকালে দেখতে পাবেন মাছের ছোটাছুটি। মাথার ওপর নীল আকাশ, আশপাশে ঘন গাছের সারি, ছোট্ট দোকানঘরে চা খাওয়ার আনন্দ, কী পাওয়া যাবে না সেখানে?শুধু কি তা-ই? আঁকাবাঁকা পথ ধরে যেতে যেতে দেখবেন, একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। সেই খাদের গভীর থেকে উঠে এসেছে নানা ধরনের গাছ। সবুজের এই বিপুল সমারোহ আপনার চোখকে দেবে প্রশান্তি, ভরিয়ে দেবে মন। কক্ষ্যাংঝিড়ি থেকে নৌকা ভাড়া করে চলে যেতে পারেন রামু বাজারে। এরপর আরও পথ পাড়ি দিয়ে কেওক্রাডাং যাওয়াই বা ঠেকাবে কে? কিংবা খোদ বান্দরবান শহরেই বিশাল বৌদ্ধমন্দির দেখে নির্বাণ লাভের সুযোগই বা হারাবেন কেন?আর মানুষ? বিভিন্ন আদিবাসী মানুষের সঙ্গে মিশলে দেখতে পাবেন, মনুষ্যজীবনে কত ধরনের টানাপোড়েন রয়েছে, যার নাগাল আপনি এত দিনেও পাননি।সুতরাং এখনই বাক্স-পেটরা গুছিয়ে ফেলুন। ঢাকা থেকে সরাসরি বান্দরবানের বাস তো আছেই, চট্টগ্রাম থেকে যাওয়া আরও সহজ। কি, এক অসাধারণ অভিজ্ঞতায় নিজেকে রাঙিয়ে নেওয়ার জন্য প্রস্তুত তো আপনি? —জাহীদ রেজা নূর