শেখার জন্য সুইডেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার বৃহত্তর চলনবিল অঞ্চলের একটি গ্রাম হান্ডিয়াল। এই গ্রামের ১০ জন শিক্ষার্থী দেশের শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের জন্য ঘুরে এলেন সুইডেন। তাঁরা এম এ সামাদ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী। বাংলাদেশ-সুইডেন টেকনিক্যাল এডুকেশন একচেঞ্জ প্রকল্পের আওতায় এবং সুইডেন সরকারের পক্ষে সুইডেনের এবিবি ইন্ডাস্ট্রিয়াল হাইস্কুল আয়োজন করে এই প্রশিক্ষণের। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন সাবিনা পারভীন, পিয়াস আহমেদ, মোক্তার হোসেন, রুনা লায়লা, সুব্রত সরকার, রহিমা খাতুন, তৌহিদুল ইসলাম খন্দকার, আম্বিয়া খাতুন, রুহুল আমীন ও জেসমিন খাতুন। সবাই এইচএসসি (বিএম) কোর্সের শিক্ষার্থী। গত ২২ জানুয়ারি তাঁরা সুইডেন গিয়েছিলেন। ফিরেছেন ১২ ফেব্রুয়ারি। সফর শেষে দেশে ফেরার পর কথা হলো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। পিয়াস আহম্মেদ বলেন, ‘সুইডেনের শিক্ষাব্যবস্থা আমাদের চেয়ে আলাদা। ওরা আট ঘণ্টা স্কুল করে। স্কুলেই সারে পড়ালেখার কাজ। প্রাইভেট পড়া কী, ওরা তা জানে না। স্কুল সময়ের বাইরে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই। অনেকে নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করে।’ রুনা লায়লা ও সাবিনা পারভিনের অভিমত, ‘সুইডেনে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক বন্ধুর মতো। ওদের কলেজে রাজনীতি নেই, নেই দলাদলি, মারামারি।’ রুহুল আমিন বলেন, ‘ওরা খুব আন্তরিক। অতিথিপনায় ওদের জুড়ি নেই।’তৌহিদুল ইসলাম খন্দকার এই সফরে অনেক খুশি। তাঁর উচ্ছ্বসিত অভিব্যক্তি, ‘সুইডেন না গেলে জানতে পারতাম না অনেক কিছু। জীবন চলার পথে এই শিক্ষা আমাদের অনেক কাজে লাগবে।’ শিক্ষার্থীদের সফরসঙ্গী এম এ সামাদ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘ওদের দেশ শিল্পে উন্নত। আমাদের দেশ কৃষিতে। ওরা আমাদের নতুন শিল্প-উদ্যোগ সম্পর্কে জানিয়েছে। আমরা জানিয়েছি আমাদের কৃষিপ্রযুক্তি সম্পর্কে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে আমরাও অনেক ভালো করতে পারব। তাই আমরা চাই, আমাদের শিক্ষাব্যবস্থা হোক প্রযুক্তিনির্ভর ও গবেষণাধর্মী।’