শেখার সঙ্গে বাড়তি পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের কার্যকারিতা এক দর্শনার্থীকে অবহিত করছেন রাইসা চাকমা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ছেন। আর কাজ করছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। খণ্ডকালীন। জাপানের ইয়োকা কালেকশনের এই প্যাভিলিয়নে তার সঙ্গে আরও কাজ করছেন তাইরানা মাহমুদা, লুৎফুন নাহার, সাদিয়া জামান প্রমুখ। তাঁদের সবার বেশভূষা, সাজসজ্জা একই রকম। সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। এ রকম চিত্র মেলাজুড়েই।রাইসা বলেন, ‘অভিজ্ঞতা নিতেই কাজ করছি। এই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হবে। তা ছাড়া পরীক্ষা শেষে সময়টা কাজে লাগাতে পারছি, বাড়তি উপার্জনও হচ্ছে।’ পড়াশোনার পাশাপাশি নিজেকে একটু ঝালাই করে নিতেই বাণিজ্য মেলায় কাজ করছেন বলে জানান বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নাজমীন লাবণী। লাবণী জানা, ‘প্রতিনিয়ত বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। নানা রকমের ক্রেতাদের শামাল দিতে হচ্ছে। কাজের পরিবেশ বুঝতে শিখছি। এটা পেশাজীবনে কাজে আসবে।’ঢাকা সিটি কলেজের মার্কেটিংয়ের শিক্ষার্থী আফরোজা পারভীন বলেন, ‘বাণিজ্য মেলায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উপার্জনের সুযোগ মিলছে। এটা আত্মনির্ভরশীল হতে প্রেরণা জোগাচ্ছে। তা ছাড়া কাজের ধরন-ধারণের সঙ্গে পরিচিত হচ্ছি।’বাণিজ্য মেলায় দুই শিফটে হাজার খানেক শিক্ষার্থী কাজের সুযোগ করে নিয়েছেন। সকালের শিফট নয়টা ৩০ থেকে বিকেল চারটা, আবার চারটা থেকে রাত ১০টা। অনেকে আবার পুরো সময় কাজ করছেন। ইউনিলিভারে ৭৫ জন ও সনি-র‌্যাংগসে খণ্ডকালীন কাজ করছেন ২৬ জন শিক্ষার্থী। বিদেশি প্যাভিলিয়নেও বাংলাদেশের শিক্ষার্থীদের অংশ নেওয়া চোখে পড়ার মতো। এর মধ্যে রয়েছে তুর্কি, জাপানি, ভারতীয় ইত্যাদি প্যাভিলিয়ন।শাওন খন্দকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। গেলবারও বাণিজ্য মেলায় কাজ করেছেন তিনি। এবার ইউনিলিভারের প্যাভিলিয়নে অপারেশনাল সুপারভাইজর হিসেবে আছেন। তিনি মনে করেন, এভাবে খণ্ডকালীন কাজের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, যা চাকরি লাভের ক্ষেত্রে কাজে আসে।ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী শোয়াইব সরকার বলেন, ‘পড়াশোনার পাশাপাশি কাজের বাস্তব অভিজ্ঞতা খুবই জরুরি। ফলে এখানে কাজ করা আমার কাছে এক ঢিলে দুই পাখি মারার মতো।’ মেহেদী হাসানের মতে, অলস সময় কাটানোর চেয়ে কাজের মধ্যে থাকলে দক্ষতা বাড়ে। আর কাজ শেখার জন্য বাণিজ্য মেলার খণ্ডকালীন চাকরি উত্তম জায়গা।বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরিরত শিক্ষার্থীদের কাজে সন্তুষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরাও। নতুনেরা ভালো করছেন। তাঁদের উদ্যম আছে, কাজ শেখার প্রবল আগ্রহও আছে। এ কারণে সহজেই সমন্বয় করা যাচ্ছে—এ রকম তথ্যই জানা গেল ইউনিলিভার, সনি-র‌্যাংগস, ব্র্যাক, ইগলু, পারটেক্স, বেঙ্গল, পোলার, সজিব, প্রাণ ইত্যাদি প্যাভিলিয়ন ঘুরে। কে কে এশিয়ান গার্ডেনের ব্যবস্থাপক জানান, সবাই নতুন, শিক্ষার্থী। প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে, এটা আশাব্যঞ্জক।আর সনি-র‌্যাংগসের ন্যাশনাল সেলস ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরী বলেন, ‘বাণিজ্য মেলায় কাজের জন্য আমরা অস্থায়ীভাবে নতুন ছেলেমেয়ে নিয়ে থাকি। সঙ্গে আমাদের স্থায়ী বিক্রয় কর্মকর্তারাও থাকেন। ফলে নতুনেরা বিক্রি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছে। এখান থেকে কাজের প্রতি আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও দক্ষতা বিবেচনায় আমরা অনেককেই স্থায়ী নিয়োগ দিয়ে থাকি। ফলে এটা তাদের জন্য নিজেকে প্রমাণ করার একটা সুযোগও বটে!