শেখার সুখ
কী কারণে সেদিন একটুখানি খুশি ভর করেছিল ছোট্ট মেয়েটার মনে? কী কারণে সব ভুলে অমন খিলখিলিয়ে হেসে উঠেছিল সে? বোকা মেয়েটা বুঝি জানত না, এই নির্দোষ হাসি কারও চোখে হয়ে উঠতে পারে মহা অপরাধ! জানত না, এই সামান্য হাসিই বয়ে আনবে ওর ছোট্ট জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। আর জানত না বলেই, মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থী সাদিয়া একদিন খবরের শিরোনাম হয়, ‘বেতের আঘাতে স্কুলছাত্রীর শরীর ক্ষত-বিক্ষত’ (প্রথম আলো, ৮ আগস্ট, ২০১০)।রাজধানীর ডেমরায় সাদিয়াদের বাড়ি। প্রতিদিন স্কুল শেষে ঠিকঠাক বাড়ি ফিরলেও সেদিন আর বাড়ি ফেরেনি মেয়ে। মায়ের জানার কথা নয়, শিক্ষকের বেতের আঘাতে অচেতন হয়ে পড়ে আছে মেয়ে। স্থানীয় চিকিৎসকের চিকিৎসাতেও জ্ঞান ফেরে না তার। গুরুতর অসুস্থ সাদিয়াকে শেষমেশ বাসায় পৌঁছে দেয় তার স্কুলের আয়া এবং সহপাঠীরা। সারা শরীরে বেতের আঘাত নিয়ে সাদিয়াকে পরে ভর্তি হতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবশ্যই শ্রেণীকক্ষের কিছু আদবকেতা আছে। ছাত্রছাত্রীদের সেই আদবকেতা শেখানো শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করে এই আদবকেতা শেখানোর চেষ্টা নিশ্চয়ই একধরনের অপরাধের পর্যায়ে পড়ে। অনেকটা জেনেবুঝেও, এত কাল এই অপরাধ মুখ বুজে সয়ে গিয়েছি আমরা। আনন্দময় ব্যাপার এই, সাদিয়ার আহত হওয়ার খবরটি ছাপা হওয়ার দুই দিন পরই ছাপা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ হওয়ার খবর।শিক্ষকদের বেত কিংবা মারের ভয়ে নয়, একবুক আনন্দ আর কৌতূহল নিয়ে আমাদের খুদে পড়ুয়ারা সব দলবেঁধে স্কুলে যাচ্ছে, ওদের চোখেমুখে লেগে আছে দেশের জন্য অনেক বড় কিছু করার সংকল্প— এমন একটা স্বপ্ন দেখতেও তো ভালো লাগে।—ইকবাল হোসাইন চৌধুরী