শেন্ডেলের বাংলাদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খ্যাতনামা ইতিহাসবিদ আশিস চক্রবর্তীর ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এ ‘টাইডাল সার্জ, ফ্রন্টিয়ার অব এ নেশন’ শিরোনামে একটি লেখা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমে আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ নিয়ে সৃষ্টি হওয়া নতুন দৃষ্টিভঙ্গির রূপকার হিসেবে ভিলেম ফান শেন্ডেলকে তিনি পরিচিত করিয়ে দিয়েছেন। শেন্ডেলের লেখা আ হিস্টরি অব বাংলাদেশ বইটি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে আশিস লিখেছেন, বিশ্বের পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে আলোচনার ক্ষেত্রে সাধারণত দুটি ধারা দেখা যায়। বর্তমান নিয়ে বলার সময় দারিদ্র্য ও রাজনৈতিক সংঘাত। অতীতের আলোচনায় স্থান পায় ইসলামিক ঐতিহ্য আর সোনালি অতীতের অতিকথন। ডাচ ইতিহাসবিদ ও নৃবিজ্ঞানী ভিলেম ফান শেন্ডেল তাঁর সাম্প্রতিক বইয়ে এ এই দুই ধারা থেকে বেরিয়ে এসেছেন। ইতিহাসে বাংলার জনমানুষের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে তুলে ধরেছেন। কোনো ধরনের অতিকথন ছাড়া শুধু তিনি অতীতকে মূল্যায়ন করেছেন। বর্তমান সম্পর্কে বলতে গিয়ে ব্যক্তিগত মূল্যায়ন ও বিচার থেকে দূরে থেকেছেন। বিশ্বপরিসরে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। শেন্ডেলের বাংলার ইতিহাস পাঠ বাংলাদেশকে নতুন পরিচয়ে বিশ্বের দরবারে হাজির করছে। এই ডাচ নৃবিজ্ঞানী বাংলাদেশকে একটি ব-দ্বীপের ভূমি, মানুষ আর সমাজ গঠনের জায়গা থেকে দেখেছেন। তাঁর মতে, বৃষ্টি, নদী আর সাগর মিলেমিশে সৃষ্টি করেছে বাংলাদেশ। পানির এই তিন উৎসের প্রভাব শুধু ভৌগোলিক পরিবেশ সৃষ্টিতে নয়; অর্থনীতি, সংস্কৃতি আর জনসমাজ নির্মাণেরও প্রধান উপাদান। ফি বছর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বন্যা ও জলোচ্ছ্বাসে জীবন ও সম্পদের ক্ষতি হয়।পানির সঙ্গে আসা পলি পৃথিবীর সবচেয়ে উর্বর ভূমি গড়ে দিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজনৈতিক নেতা ও রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাংস্কৃতিক ও গণমাধ্যমের ভূমিকাকে ইতিহাসের অংশ করেছেন শেন্ডেল।বাংলার ইতিহাস লেখার আগে শেন্ডেল বাংলাদেশ নিয়ে যে কটি গবেষণা করেছেন, তাঁর প্রতিটিতে ব-দ্বীপের ভূগোল, প্রকৃতি আর মানুষের সম্মিলিত চেষ্টা বারবার এসেছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে তিন খণ্ডে প্রকাশিত আ হিস্টরি অব বাংলাদেশ-এ শেন্ডেলের দুটি লেখা ‘বাংলার মজুর শ্রেণীর ইতিহাস’ স্থান পেয়েছে। বীরভূম, বাকুরা আর ঝাড়খণ্ড থেকে চা-বাগানের জন্য শ্রমিক সংগ্রহ থেকে শুরু করে পাটকলের বিহারি শ্রমিকের জীবনসংগ্রাম—সবকিছুকে ইতিহাসের অংশ করেছেন তিনি। এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হওয়া বাংলাদেশের সশস্ত্র আন্দোলন বইতে শেন্ডেল লিখেছেন, ব্রিটিশ উপনিবেশ আন্দোলনে বাংলা অঞ্চলের প্রথম সশস্ত্র আন্দোলনের নেতা টিপু পাগলাকে নিয়ে। ময়মনসিংহের পাগলপন্থীদের সংগঠিত করে টিপু ও তাঁর মা কীভাবে ব্রিটিশদের পরাজিত করে কয়েক মাসের জন্য স্বাধীন রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন, তা-ও শেন্ডেল আমাদের জানিয়ে গেছেন।রাজনৈতিকভাবে বিভাজিত রাষ্ট্র বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকার মানুষের আত্মপরিচয় ও তার সংকট শেন্ডেলের গবেষণায় জীবন্ত হয়ে উঠেছে। দুই রাষ্ট্রের মাঝখান থেকে ছিটমহলের মধ্যে কীভাবে আলাদা রাজনীতি ও সমাজ গড়ে উঠছে, তা-ও শেন্ডেলের চোখ এড়ায়নি। লন্ডন থেকে প্রকাশিত দ্য বেঙ্গল বর্ডারল্যান্ড: বিয়ন্ড স্টেট অ্যান্ড নেশন ইন সাউথ এশিয়া বইতে তিনি এগুলো তুলে ধরেছেন।১৭৯৮ সালে দক্ষিণ-পূর্ব বাংলার কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করে যাওয়া পর্যটন ফ্রান্সিস বুখাননের ডায়েরি অনুবাদ করে ১৯৭৮ সালে ঢাকা থেকে শেন্ডেল তা প্রকাশ করেন। সতের শতকের বাংলার গ্রাম-সমাজের এক অনবদ্য দলিলের মধ্য দিয়ে উন্মোচিত হয় তৎকালীন সমাজ ও অর্থনীতির চেহারা। আশির দশকে বাংলার সমাজ, রাজনীতি নিয়ে সংকলন প্রকাশ করেছেন শেন্ডেল। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ নিয়ে গবেষণা শুরু করে আজও সে পথে হেঁটে চলেছেন।