শেফালী নেই, হরিবাড়ির মাঠেও জমে না গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার শ্রেষ্ঠ কবিয়াল রমেশ শীল, উপমহাদেশের বিখ্যাত ঢুলী বিনয়বাঁশী জলদাস ও আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ—এ তিন শিল্পীর জন্মস্থান বোয়ালখালী। সরকার তিনজনকে একুশে পদক দিয়ে সম্মানিত করেছে। তিন কিংবদন্তি শিল্পীর বোয়ালখালী একসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে উঠত। পূজা-পার্বণ, মেলা আর সামাজিক আচার-অনুষ্ঠান ঘিরে হতো নাচ, কবিগান, জারি-সারি, যাত্রা-নাটকের রমরমা আয়োজন। সেই সোনালি দিনগুলো এখন অতীত। বোয়ালখালীর সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল জনপদ ছিল কানুনগোপাড়া। হরিবাড়ির সেই মাঠ—যেখানে সারা বছরই চলত মেলা, পূজা-পার্বণ। চলত নাচ, গান, নাটকসহ নানা আয়োজন। শেফালী ঘোষের গান ছাড়া হরিবাড়ির মাঠে কোনো অনুষ্ঠান হতো না। লোকজন মুগ্ধ হয়ে শুনতেন শেফালীর গান। আজ শেফালী নেই, হরিবাড়ির মাঠেও জমে না মেলা। কানুনগোপাড়া বান্ধব পাঠাগার, নবারুণ সাহিত্য পরিষদ, শিশুসংঘসহ নানা সংগঠন পর্যায়ক্রমে শত বছর ধরে আয়োজন করে আসছে এসব অনুষ্ঠান। এ ছাড়াও কধুরখীলের পথের দাবি, সারোয়াতলী জনকল্যাণ সমিতি, ছনদণ্ডী মিলন সংঘ ও গোমদণ্ডী বহদ্দারপাড়া অনির্বাণ সংস্থা নানা উপলক্ষে আয়োজন করত সামাজিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ সবই যেন অতীতের স্মৃতি। নাট্যজন সুদর্শন চক্রবর্তী জানান, ‘শতাব্দী প্রাচীন বান্ধব পাঠাগার ছিল এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি সংগঠন। ব্রিটিশবিরোধী সংগ্রামী লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, টেগরা বলসহ আরও কয়েকজন বিপ্লবী এ সংগঠনে এসে শরীরচর্চা প্রদর্শন করে যুবকদের বিপ্লবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশে নিযুক্ত প্রথম ভারতীয় হাইকমিশনার সুবিমল দত্ত বান্ধব পাঠাগার পরিদর্শনে এসে অনেক মূল্যবান বই উপহার দিয়েছিলেন। সুদর্শন চক্রবর্তী আরও বলেন, ‘বান্ধব পাঠাগার এখন নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে। এক দশক ধরে কার্যক্রম নেই বললেই চলে। প্রবীণদের রেখে যাওয়া সাংস্কৃতিক সম্পদ ধরে রাখতে পারেননি পরবর্তী প্রজন্ম।’ কানুনগোপাড়া বসন্ত উৎসব কমিটির সচিব রাজীব ঘোষ বলেন, ‘কানুনগোপাড়া কলেজকে ঘিরে এ এলাকায় গড়ে ওঠা সাংস্কৃতিক অঙ্গন মুখ থুবড়ে পড়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ১০-১৫ বছর ধরে যা চলছে তা-ও ঢিমেতালে। তবে বসন্ত উৎসব প্রাচীনতম ঐতিহ্যকে আঁকড়ে রেখেছে। প্রতিবছর চলে সপ্তাহব্যাপী নানা আয়োজন।’ তাঁর মতে, সংস্কৃতিমনা যোগ্য উত্তরসূরির অভাবে সাংস্কৃতিক সংগঠনগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। ৪৭ বছর নাটকের সঙ্গে জড়িত রয়েছেন নাট্যজন হামিদুল হক সিকদার। তিনি জানান, বোয়ালখালীর মাটিতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন, মোস্তফা, কৌতুক অভিনেতা টেলি সামাদ, দানী চৌধুরী, আনোয়ারা বেগমসহ খ্যাতিমান শিল্পীরা। গান গেয়েছেন এম এন আকতার ও আবদুল গফুর হালীসহ বিখ্যাত শিল্পীরা। তিনি হতাশার সুরে বলেন, ‘আশির দশক থেকে আকাশ-সংস্কৃতি ও সামরিক শাসনের প্রভাবে লোকনাটক ও গ্রাম্য-সংস্কৃতি লুপ্ত হতে চলেছে।’এ বিষয়ে কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ বলেন, ‘সংস্কৃতিমনা শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে সব বিদ্যালয়ে। পুঁথিগত শিক্ষা নিয়ে ব্যস্ত সবাই। এর প্রভাব পড়ছে সাংস্কৃতিক অঙ্গনেও।’