শেভনিং বৃত্তি নিয়ে যেভাবে যুক্তরাজ্যে এলাম
ভিনদেশে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে যাঁরা তৈরি হচ্ছিলেন, করোনা তাঁদের জন্যও একটা বড় ধাক্কা হয়ে এসেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বৃত্তির নিয়ম বদলে গেছে, অনেকে ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন। নানা সমস্যা সত্ত্বেও বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাওয়া কিন্তু থেমে নেই। কীভাবে বাধা পেরিয়ে শিক্ষার্থীরা বৃত্তিসহ ভিনদেশে পড়তে যাচ্ছেন?
আমি এখন ব্রিটিশ সরকারের শেভনিং বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পড়ছি। স্নাতকোত্তর করছি ইউনিভার্সিটি অব সাসেক্সে। গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি আমার বিষয়। দেশে বিবিএ–এমবিএ ডিগ্রি নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু বাংলাদেশের উন্নয়ন খাতে কাজ করার অভিজ্ঞতা ছিল, তাই উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ও সুশাসনসংশ্লিষ্ট কোর্সের খোঁজ করছিলাম। ২০১৯ সালের আগস্ট মাস থেকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিই। কাগজপত্র প্রস্তুত করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে থাকি।
কিন্তু ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনার জন্য সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় আবেদন প্রক্রিয়ায় ভাষা দক্ষতার সনদ যুক্ত করতে গিয়ে সমস্যায় পড়লাম। কোভিডের কারণে ২০২০ সালে আইইএলটিএস পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল। তাই আমি ২০২০ সালের মে মাসে ডুয়োলিঙ্গো টেস্ট দিয়েছিলাম। সাময়িকভাবে সে বছর এই টেস্ট গ্রহণ করা হয়। যদিও এখন আবার আইইএলটিএস পরীক্ষার কার্যক্রম চলছে।
বৃত্তির প্রক্রিয়া চলমান থাকতে থাকতে বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্ধারণের বিষয় চলে আসে। করোনার কারণে সামগ্রিকভাবে সব বন্ধ থাকলেও অনলাইনে তথ্য জোগাড় করে আমি আবেদনপ্রক্রিয়া চালিয়ে যাই। পরে ২০২০ সালের জুন মাসে শেভনিং বৃত্তির জন্য নির্বাচিত হই। বৃত্তির জন্য মনোনীত হওয়ার পর জুলাই মাসে যুক্তরাজ্যের ভিসার জন্য অনলাইনে আবেদন করি। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভিসা কর্তৃপক্ষ অনলাইনে আমার সাক্ষাৎকার নেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভিসা পাই, আর সে মাসের শেষ দিকেই চলে আসি যুক্তরাজ্যে।
এখন আমাদের অনলাইনেই বেশি ক্লাস হচ্ছে। পাশাপাশি আমরা ক্লাসরুম সেমিনারে অংশ নিচ্ছি। সামনে দ্রুতই হয়তো যুক্তরাজ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস করার সুযোগ পাব।
অনেকেই এ সময় করোনার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে পারছেন না। বৃত্তি ও ভর্তির প্রক্রিয়া আটকে আছে। ভবিষ্যতের জটিল সমীকরণের সামনে অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
করোনার কারণে আপাতত জটিলতা তৈরি হলেও ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি রাখা জরুরি। আমি মনে করি, এ সময় ভাষা দক্ষতার জন্য আইইএলটিএস বা টোফেলের প্রস্তুতি নিতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাঁরা জিআরইসহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। এ ছাড়া বিভিন্ন বৃত্তির আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রাখতে পারেন। অস্থির এই সময়ে হতাশাগ্রস্ত না হয়ে নিজের কাজ ও পড়াশোনাসংশ্লিষ্ট গবেষণা, নিবন্ধ লেখায় মনোযোগ দিলে লাভবান হবেন নিশ্চয়ই।