শেভরনে চিকিৎসাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
‘অ্যাডভান্সড কার্ডিয়াক আলট্রাসাউন্ড এবং এনজি সিটি’ শীর্ষক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবে। ১১ এপ্রিল শেভরন ক্লিনিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক এ এ গোলাম মূর্তাজা হারুনের সভাপতিত্বে সেমিনারে শেভরনের নতুন রোগ নির্ণয়ের দুটি যন্ত্রের পরিচিতি তুলে ধরেন সিমেন্স কোম্পানির এশিয়া অঞ্চলের প্রতিনিধি বিবেকানন্দ জ্ঞান কুমার ও সিমেন্সের কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন শেভরনের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক এহসান সোবহান চৌধুরী। আলোচনায় অংশ নেন অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, এ কে এম মনজুর মোরশেদ, আবদুল মোত্তালিব ও ডা. রেজাউল করিম। নতুন স্থাপিত রোগ নির্ণয়ের যন্ত্র অ্যাডভান্সড কার্ডিয়াক আলট্রাসাউন্ড সম্পর্কে বিবেকানন্দ জ্ঞান কুমার বলেন, প্রচলিত রোগনির্ণয় ব্যবস্থার চেয়ে এ যন্ত্রের মাধ্যমে দ্রুত ও নিখুঁতভাবে হূৎপিণ্ডের ছবি তোলা সম্ভব। সিমেন্সের এনজিও সিটির সাহায্যে মস্তিষ্ক, হাড় ও হূৎপিণ্ডের নিখুঁত ছবি পাওয়া সম্ভব বলে জানান শাহরিয়ার মাহমুদ। তিনি বলেন, যাঁরা এনজিওগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় করতে চান না, তাঁরা কোনো রকম ঝুঁকি ছাড়াই এনজি সিটির মাধ্যমে হূদ্যন্ত্রের ব্লক শনাক্ত করতে পারবেন।