শেরপাদের মহানুভবতায় অন্নপূর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণঅন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে যাওয়ার শুরুর দিকেই পরিকল্পনা করা হয়েছিল যে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) থেকে এবার একই সঙ্গে দুটি দল যাবে। একটি দল অন্নপূর্ণা-৪ পর্বতে আরোহণ করবে, আরেকটি দল যাবে অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং করতে। ট্রেকিং দলের সদস্য ছয় থেকে আটজন রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই সদস্যরা অন্নপূর্ণা-৪ পর্বতারোহী দলের সঙ্গে ট্রেক শুরু করলেও নিজেরাই অন্নপূর্ণা সার্কিট ট্রেক শেষ করবেন। ট্রেকারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই পরিকল্পনা।এই পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়ল যে শেষ পর্যন্ত কে কে এই অভিযানে থাকবেন। কারণ অভিযানের জন্য যথেষ্ট অর্থের জোগাড় হয়নি। এদিকে সময়ও ঘনিয়ে এসেছে। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) সবার সঙ্গে পরামর্শ করে এই অভিযানের জন্য সদস্য ছেঁটে দুজনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। তার মানে হলো, আমি ছাড়া আরেকজন মাত্র এই অভিযানে যেতে পারবেন। এর মধ্যেই রাফেহ উদ্দীন সিরাজী নিজে থেকে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে অন্নপূর্ণা-৪ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় কাজটা সহজ হলো বটে। কিন্তু বাকি দুজন তৌহিদ হোসেন ও ধ্রুব জ্যোতি ঘোষ। এঁদের একজনকে তো এই সিদ্ধান্তের কথা জানাতে হবে। কাকে জানানো যায় সেটা?সবার সিদ্ধান্তে ‘উইনিং টিম কম্বিনেশন’ অটুট রাখার জন্য তৌহিদ হোসেনকেই অন্নপূর্ণা-৪-এর অভিযাত্রী হিসেবে প্রস্তাব দেওয়া হলো। এবার ধ্রুব জ্যোতি ঘোষকে অনুরোধ করা হলো ট্রেকিং দলে থাকার জন্য। পর্বতারোহী দলে থাকার কথা থাকলেও তাঁকে ট্রেকিং দলে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি মেনে নিতে পারছিলেন না। বহু অনুরোধ করার পর তিনি রাজি হলেন ট্রেকিং দলে থাকতে।এর মধ্যেই খবর পেলাম যে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচএমআই) থেকে ইন্দো-বাংলা যৌথ মাকালু অভিযানে এইচএমআই ও বাংলাদেশের একটি যৌথ দল গিয়েছে। তখন ২০০৯ সালের এপ্রিল মাসের প্রায় শেষ। এমন সময় প্রথম আলোর কার্যালয়ে গেলে উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূরকে বেশ শঙ্কিত দেখা গেল। তিনি হন্তদন্ত হয়ে আমাকে বললেন, এই অভিযানে যাওয়া বিএমটিসির এক সদস্যের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না! এটা নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বেশ দুশ্চিন্তায় আছেন। আমি তখনই এইচএমআই ও নেপালের কাঠমান্ডুতে ফোন করে অভিযানের বিস্তারিত জানলাম। এইচএমআই থেকে জানানো হলো, তাঁরা প্রতিনিয়ত মাকালু অভিযানের আপডেট সংগ্রহ করছেন। অভিযানের সব সদস্যই ভালো আছেন। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশের অভিযাত্রীরা ভালো আছেন। পরে জানতে পেরেছিলাম, এইচএমআইয়ের অন্যতম চৌকস প্রশিক্ষক ঝুনা ঠাকুর এই অভিযানে একটা পর্যায়ে বেশ আহত হয়েছেন। তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু শেষরক্ষা হয়নি। মাথায় জোরালো আঘাত তাঁকে আর ফিরতে দেয়নি।পর্বত আসলে কোনো অনিয়ম ক্ষমা করে না এবং পর্বতারোহণের বিপদ বলে-কয়ে আসে না। কিন্তু একজন তুখোড় প্রশিক্ষকের বিদায় আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। বিশেষ করে তাঁর জন্যই ভারতের সিকিম হিমালয়ের ফ্রে পর্বতে আমার আরোহণ সম্ভব হয়েছিল। ঝুনা ঠাকুরের শেষকৃত্য পরে কাঠমান্ডুতেই সম্পন্ন হয়েছিল।এভাবেই ২০০৯ সালের মে মাসের শেষ সপ্তাহে চার দিন আগে-পরে পর্বতারোহী দল ও ট্রেকার দল উড়ে গেলাম কাঠমান্ডুুতে। গিয়ে প্রথমেই সারিন আর কোমলকে লাংসিসা রি অভিযানের জন্য ধার করা অর্থ ফেরত দিলাম। এরপর হিসাব করে দেখা গেল, শুধু অন্নপূর্ণা-৪ অভিযান আয়োজন করতেই প্রায় ১৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সব মিলিয়ে সঙ্গে আছে প্রায় সাড়ে ১২ লাখ। বাকি টাকা কীভাবে জোগাড় করা যায়, সেই চিন্তা করতে থাকলাম আমরা। কিন্তু যখন কোনো উপায়েই তা সংগ্রহ কার গেল না, তখন প্রস্তাব দিলাম যে শেরপাদের বেতনের দুই-তৃতীয়াংশ এই অভিযান শেষে দেশে ফিরে তাঁদের পাঠাব। শেরপা সর্দার সোম বাহাদুরকে প্রথমে বুঝিয়ে রাজি করালাম। এরপর সোম বাকি দুজনকে বিষয়টি বোঝালেন। তাঁরা রাজি হয়ে বাংলাদেশকে সারা জীবনের জন্য তাঁদের কৃতজ্ঞতার বন্ধনে জড়ালেন। এ ছাড়া যে প্রতিষ্ঠান থেকে পর্বতারোহণের সরঞ্জাম ভাড়া করা হলো, সেখানেও কিছু অর্থ বাকি রাখা হলো। সবচেয়ে বড় সাশ্রয় হলো পর্বতারোহণের জন্য নেপাল ট্যুরিজম বোর্ডের কাছে আবেদন করতে গিয়ে। মে মাসের মধ্যে আবেদন করা হলে প্রয়োজন দুই হাজার ৪০০ ডলার। কিন্তু একই কাজ ঠিক জুনের ১ তারিখে করা হলে পর্বতারোহণের বসন্ত মৌসুম পার হয়ে তা বর্ষা মৌসুমে গিয়ে পড়বে। তখন এই ফি হবে মাত্র ৬০০ ডলার।পর্বতারোহণ অভিযানের প্যাকেজ বিক্রি করে—এমন কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অন্নপূর্ণা-৪ অভিযান আয়োজন না করে সবকিছু নিজে করার কারণেই আসলে এটা আয়োজন সম্ভব হয়েছিল। সাশ্রয় হয়—এমন সব ধরনের কাজ অভিযাত্রী থেকে শুরু করে শেরপা সবাই করছিলাম। যে জায়গায় হেঁটে গেলে শ-খানেক নেপালি রুপি ভাড়া বেঁচে যাবে, আমরা তা-ই করছিলাম।এমন সময় জানতে পারলাম, মাকালু অভিযান শেষ করে পুরো দল কাঠমান্ডুর থামেলের একটি হোটেলে অবস্থান করছে। আমি আর সারিন তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়ে দ্রুত সেই হোটেলে গিয়ে হাজির হলাম। সেখানে প্রথমেই দেখা হলো বিএমটিসির নিশাত মজুমদারের সঙ্গে। তিনি জানালেন, এই সংগঠনের আরেক সদস্য মাকালু অভিযানের অ্যাডভান্সড বেসক্যাম্প থেকেই ফেরত এসেছেন তাঁর বাবার অসুস্থতার খবর শুনে। ঝুনা ঠাকুরকে ফিরিয়ে নিয়ে এসেছে যে হেলিকপ্টার, তিনি সেটাতেই ফিরে এসেছেন। মাঝে এইচএমআইয়ের আরেক প্রশিক্ষকের সঙ্গে দেখা হলে তিনি মাকালু অভিযানের বিস্তারিত বিবরণ জানালেন। এটাও বললেন যে এটা যৌথ অভিযান না হলে এইচএমআইয়ের অনেক যোগ্য প্রশিক্ষক এতে অংশ নিতে পারতেন। তাঁর মন্তব্য শুনে মন খারাপ হয়ে গেল।[email protected]বাকি অংশ আগামী পর্বে