লিয়েন ইন: ওম্যান, ওয়ার্ক অ্যান্ড উইল টু লিডশেরিল স্যান্ডবার্গনফ পাবলিশার্স, নিউইয়র্কহার্ডকপি ২৪.৯৫ ডলারকবি কাজী নজরুলের কথা দিয়েই এই বইয়ের আলোচনা শুরু হতে পারে—‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,অর্থেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’তবে প্রশ্ন হচ্ছে, যে সত্যটি কবি সহজে দেখতে পেয়েছেন, সেটি এখন কি আমরা সহজে দেখি? বাংলাদেশের মতো দেশে যেখানে নারীদের এখনো অন্তঃপুরে বেঁধে রাখার নানা তরিকা সেখানকার কথা না হয় বাদ দিই। কিন্তু আমেরিকার মতো উন্নত দেশে নারী কি সব ক্ষেত্রে ‘অর্ধেক’ হতেপারছেন?টাইম সাময়িকীর দৃষ্টিতে বর্তমান সময়ের বিশ্বের প্রভাবশালী ৫০ নারীর অন্যতম শেরিল স্যান্ডবার্গও এই প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগোযোগ সাইট ফেসবুকে শীর্ষ পরিচালন কর্মকর্তা ও ধনকুবের শেরিলের পক্ষে আমেরিকার কর্মক্ষেত্রে নারীদের অবস্থান, শীর্ষারোহণ ও কর্মক্ষেত্রের ভোগান্তির চিত্র কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। এ কারণে তার বিশ্লেষণগুলো মেনে নেওয়ার অনেক কারণ রয়েছে। আমেরিকার প্রেক্ষাপটে শেরিলের লেখা আবর্তিত হলেও এর সাধারণীকরণগুলো খুবই প্রাসঙ্গিক বিশ্বের প্রায় দেশের তুলনায়।আমেরিকার কলেজগুলোয় মেয়েদের গ্র্যাজুয়েট হওয়া ছেলেদের সমানসংখ্যক হয়েছে প্রায় ৩০ বছর আগে। কিন্তু এখনো সিদ্ধান্ত নেওয়া, নীতিনির্ধারণ, এমনকি বেসরকারি পর্যায়ে শীর্ষ নেতৃত্বে মেয়েদের সংখ্যা হাতে গোনা যায়। এর কারণ কী? প্রতিযোগিতার সমান সুযোগের অভাব যেমন এর জন্য দায়ী, তেমনি সামাজিক রীতিনীতি ও সংসার-কর্মের মেলবন্ধনের ব্যাপারও এই বিষয়কে সামনে নিয়ে আসে।বইটি শুরু হয়েছে শেরিলের প্রথম মা হওয়ার সময়ের কষ্টের বর্ণনা দিয়ে। ২০০৪ সালে শেরিল গুগলের অনলাইন বেচাবিক্রি দেখতেন। সেই সময়ে গুগলের পার্কিং লটে গর্ভবতী মেয়েদের গাড়ি রাখার জন্য আলাদা কোনো জায়গা বরাদ্দ ছিল না। ফলে, শেরিলকে দীর্ঘ পথ হেঁটে অফিসে আসতে হতো। অথচ একই সময়ে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ইয়াহুতে গর্ভবতী কর্মীদের জন্য প্রতিটি ভবনের সামনেই গাড়ি রাখার জায়গা ছিল। স্বামী ডেভের কাছে এই তথ্য জেনে পরদিন শেরিল গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই বিনকে জানান। সের্গেই সঙ্গে সঙ্গে রাজি হন এবং জানান, এর আগে তিনি বিষয়টি ভাবেননি! মজার কথা হলো, নিজে গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত শেরিল কিন্তু এ বিষয়ে ভাবেননি। এ ঘটনা থেকে শেরিলের উপলব্ধি হচ্ছে, আমাদের সমাজ এখনো স্বাভাবিকভাবে নারীর ভালো-মন্দের বিষয়টি ভাবে না, যদি না কেউ তাঁদের ভাবতে বাধ্য করে।তবে শেরিল দেখেছেন, কেবল পারিপার্শ্বিকতা নয়, ওপরে না যাওয়ার একটি প্রবণতা রয়েছে খোদ নারীদের মধ্যেই।অনেক নারীই একটি পর্যায়ের পর আর যেতে চান না, এমনকি নিজের অবস্থান সম্পর্কেও তাঁরা সচেতন নন। মিটিং কিংবা পার্টিতে মেয়েদের দেখা যায় মূল কেন্দ্র থেকে দূরে থাকতে কিংবা অপ্রাসঙ্গিক বিষয়ে মেতে থাকতে যেন বা টেবিলে বসাতে তাঁদের ঘোরতর আপত্তি।এই বইয়ে শেরিল নারীর নেতৃত্ব বিকাশে পিছিয়ে পড়ার কারণগুলো গভীরভাবে খুঁটিয়ে দেখেছেন। স্বভাবজাত মার্কিনিদের মতো তাঁর প্রতিটি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে উপস্থাপন করেছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও নিজের চারপাশের সঙ্গে তুলে ধরেছেন গবেষণার তথ্য ও ফলাফল এবং ব্যাখ্যা করেছেন নিজের মতো করে।এই বইতে মোট ১১টি অধ্যায় রয়েছে। নাম থেকেই এগুলোর ভেতরকার বিষয়টি সহজে বোঝা যায়, দ্য লিডারশিপ এম্বিশন গ্যাপ, সিট ইন দ্য টেবল, সাসেস অ্যান্ড লাইকাবিলিটি, আর ইউ মাই মেন্টর, সিক অ্যান্ড স্পিক দ্য ট্রুথ...লেটস স্টার্ট টকিং অ্যাবাউট ইট, ওয়ার্কিং টুগেটদার টুওয়ার্ড ইকুয়ালিটি ইত্যাদি ইত্যাদি। সংসার ও কর্মের মধ্যে কেমনভাবে সমন্বয় করে এগিয়ে যেতে হয়, সেটিও এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ অবদান। কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য নিজের নারীত্ব বা মাতৃত্বকে বিসর্জন দেওয়ার কথা শেরিল বলেননি। বলেননি বলে এই বইয়ের প্রতি আমার আকর্ষণ বেড়েছে এবং শেরিলকে মনে হয়েছে ‘অপ্রথাগত নারীবাদী’। ক্যারিয়ারের পেছনে ছুটে অনেকেই ঠিকমতো মাতৃত্বের স্বাদ নিতে পারেন না। এটিরও বিরোধিতা করেছেন শেরিল। বলেছেন, নেতৃত্বের বিকাশে এবং পুরুষ সহকর্মীদের নেতৃত্ব দেওয়ার সঙ্গে এর কোনো বিরোধ নেই; পাশাপাশি সংসারের সঙ্গীকে নিজের ভালো-মন্দ বোঝানোর ব্যাপারটিতেও তিনি জোর দিয়েছেন। তবে সবচেয়ে বেশি জোর দিয়েছেন কর্মক্ষেত্রে নারীদের ভয়েস তুলে ধরার ব্যাপারে। শেরিল মনে করেন, তাঁর আগেও গুগলে তাঁর সহকর্মী কয়েকজন মা হয়েছেন, কিন্তু তাঁরা তাঁদের কষ্টের কথা টপ ম্যানেজমেন্টকে জানাননি বলে ঘটনাটি নিজের বেলায় এসেছে এবং শেরিল উচ্চকণ্ঠ না হলে আরও অনেক দিন সেটি ঘটতে থাকত!পড়াশোনার ক্ষেত্রে এখনো অনেক মেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলো নিতে চান না। কিন্তু, শেরিল তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছেন, ‘যা কিছু পারে নর, তার সবটুকুই পারে নারী’; এমনকি কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা তাঁদের সমগোত্রীয় পুরুষের চেয়ে এগিয়ে থাকেন।তার পরও কেন মেয়েরা কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেন না?কারণ, অনেক ক্ষেত্রে তাঁরা তাঁদের আপন শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নন। নিজেদের অন্তর্নিহিত সত্য ও শক্তিকে তাঁরা উপলব্ধি করতে ব্যর্থ হন। ফলে, পারিপার্শ্বিকতার বাঘ তাঁদের মনের বাঘকে আরও শক্তিশালী করে ফেলে। ফলে, তাঁরা ‘যা পান’ তাতেই খুশি থাকেন।কাজে উচ্চকণ্ঠ হওয়ার পাশাপাশি নিজের শক্তি-সামর্থ্যকে শাণিত করতে না পারলে বিশ্বব্যাপী নারীর এগিয়ে যাওয়া ক্রমাগত হোঁচট খেতেই থাকবে।