

জেলা শহরের উত্তর প্রান্তের সড়কের সঙ্গে লাগোয়া প্রধান ফটক। ভেতরে প্রবেশ করলে স্বাগত জানায় অসংখ্য রঙিন গাছ। দুটি গাছের গোড়ায় ইটের পাকা বেষ্টনী। বাঁ দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রশাসনিক ভবনসহ বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ভবন ও গ্রন্থাগার। ডান দিকে বিভিন্ন বিভাগের বহুতল একাডেমিক ভবন। একটু সামনে দাঁড়িয়ে আছে নবনির্মিত শহীদ মিনার। পাশেই সুসজ্জিত মসজিদ। রোভার স্কাউট, বাঁধন, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট ভবন। পূর্ব দিকে বিশাল ফুটবল মাঠ। দক্ষিণে একাডেমিক ভবন ও মিলনায়তন।
১৯৪০ সালের ১৬ জুন তৎকালীন মহকুমা প্রশাসক এ এইচ কোরেশী শহরের রহমতগঞ্জে আয়েশা কোরেশী নামে কলেজ স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তির কারণে সিরাজগঞ্জ মহাবিদ্যালয় নামকরণ করে রহমতগঞ্জ থেকে বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। ১৯৭৯ সালে সরকারীকরণ করার পর থেকেই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ সরকারি কলেজ নামে পরিচিত। এই কলেজের শিক্ষক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
গত ১০ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হলো। শেষ শীতের আমেজে মিষ্টি রোদে শিক্ষার্থীরা তখন গাছের পাকা বেষ্টনীর ওপর বসে রয়েছেন। কেউ খোলা মাঠে গাছের ফাঁক গলে পড়া রোদের আলপনায় গোল হয়ে বসেছেন দল বেঁধে। পড়ালেখা চলছে। অনেকেই বসে গল্প করছেন, কেউ বাদাম খাচ্ছেন।
কথা হলো ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হৃদয় হোসেন, হাসিব উদ্দীন, সাজ্জাদুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। বললেন, ‘ফিন্যান্স বিভাগ গত বছর খোলা হয়েছে। শিক্ষকস্বল্পতা, ক্লাসরুমের অভাব, আরও নানা কারণে ক্লাস ঠিকমতো হচ্ছে না। পড়ালেখায় যাতে পিছিয়ে না পড়ি, তাই কয়েকজন একসঙ্গে বসেছি। একজন আরেকজনকে পড়তে সাহায্য করছি।’
নবনির্মিত তিনতলা একাডেমিক ভবনে একবার ঢুঁ তো মারতেই হয়। দেখলাম, মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান হচ্ছে। এই ভবনের ছয়টি শ্রেণিকক্ষের সব কটিতেই প্রজেক্টর লাগানো হয়েছে। শ্রেণিকক্ষের ভেতর চারপাশের দেয়ালে টানানো হয়েছে বিজ্ঞানভিত্তিক নানা লেখা ও গবেষকদের ছবি। সুন্দর-পরিপাটি করে সাজানো চেয়ার-টেবিল। প্রতিটি ক্লাসের সিঁড়ি ও বারান্দায় বসানো হয়েছে ময়লা ফেলার বাক্স।
পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে এই কলেজে বিশেষ নজর দেওয়া হয়। কলেজের রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট মো. হাসিব উদ্দীন শেখ বললেন, ‘আমরা প্রতি সপ্তাহে সবাই মিলে ক্যাম্পাস পরিষ্কার করি।’
বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়া তাবাচ্ছুম কথায় অপ্রাপ্তি, ‘কলেজে ক্যানটিন নেই। একটি ছাত্রী হোস্টেল থাকলেও সেখানে আসন কম। কলেজ ক্যাম্পাসের পরিবেশ ভালো থাকলেও হোস্টেল থেকে ক্লাসে আসা-যাওয়া করতে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে। ছাত্র–ছাত্রীদের জন্য কলেজের একটা নিজস্ব বাস থাকলে খুব ভালো হতো।’
কলেজের উপাধ্যক্ষ জেসমিন আখতার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সালমা সুলতানা জানালেন, অধ্যক্ষের নির্দেশে এখানে সব ক্লাসে সহশিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। ধূমপানমুক্ত ক্যাম্পাস হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য নির্দেশনা দেওয়া আছে। তাই ক্যাম্পাস সব সময় পরিষ্কার থাকে।
কলেজের মাঠে নিয়মিত ফুটবল, ভলিবল, ক্রিকেট খেলা হয়। এবার সিরাজগঞ্জ সরকারি কলেজ আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এই কলেজের মাঠেই অনুষ্ঠিত হয়েছে। কলেজের ১৭টি বিভাগসহ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কলেজের ফুটবল খেলোয়াড়, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম উচ্ছ্বসিত হয়ে বলছিলেন, ‘আমাদের মাঠে ফুটবল খেলার মজাই অন্য রকম।’
এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস), ১৭টি বিষয়ে স্নাতক, নয়টি বিষয়ে স্নাতকোত্তর প্রথম পর্ব ও ১৪টি বিষয়ে স্নাতকোত্তর শেষ পর্ব মিলিয়ে ১৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন। মোট ১৩০ জন শিক্ষকের পদ থাকলেও ৯৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি পদগুলো শূন্য।

সব লেনদেন অনলাইনে হয়
এস এম মনোয়ার হোসেন
অধ্যক্ষ, িসরাজগঞ্জ সরকারি কলেজ
আমরা আমাদের কলেজকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। যেন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের অনুকরণ করে। শিক্ষার্থীদের ভর্তি, ফরম পূরণ, নিবন্ধন, শিক্ষক ও শিক্ষার্থীদের বেতনসহ সব ধরনের অর্থনৈতিক লেনদেন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। শিক্ষকস্বল্পতা থাকলেও অতিথি শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন। সব শিক্ষককে অফিসের নির্ধারিত সময় পর্যন্ত কলেজে উপস্থিত থাকা নিশ্চিত করা হয়েছে। খেলাধুলার পাশাপাশি শিল্প-সাহিত্যচর্চায় জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে মেয়েদের জন্য সব খেলাধুলার ব্যবস্থাসহ ইনডোর খেলার পরিকল্পনা চলছে। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।